অমাবস্যার ময়রা

পাঠক-সতর্কীকরণ
Dark, macabre, transgressive horror - এই গল্পটি সকলের পাঠের উপযোগী নয়। এর বিষয়বস্তুতে রয়েছে মনস্তাত্ত্বিক আতঙ্ক, নরখাদকতার ইঙ্গিত, মৃতদেহের অবমাননা এবং কিছু গভীরভাবে অস্বস্তিকর ও বীভৎস কল্পনা। এখানে ভয়ের উৎস অতিপ্রাকৃতের চেয়ে অনেক বেশি মানুষের মনস্তত্ত্ব, অপরাধবোধ ও নৈতিক অন্ধকার। উপরন্তু, এই কাহিনীতে মৌলিকতার দাবি নেই। এরকম গল্প থাকলেও থাকতে পারে।
যাঁরা এ ধরনের বিষয়বস্তুতে অস্বস্তি বোধ করেন, তাঁদের গল্পটি এড়িয়ে যাওয়ার পরামর্শ রইল। এটি নিছক বিনোদনের জন্য লেখা কোনো ভৌতিক গল্প নয়, এর অন্ধকার ও অস্বস্তিকর আবহ পাঠকের মনে দীর্ঘক্ষণ আপত্তিজনক রেশ রেখে যেতে পারে।
অমাবস্যার ময়রা
গলির শেষ মাথায় হরিপদ ময়রার দোকানটি খোলে কেবল অমাবস্যার রাত্রে। ইহা পাড়ার সকলেই জানে, কিন্তু সন্ধ্যার পর কেহ সেদিকে যায় না। শ্রীপতিবাবু যান। আজ আট বৎসর হইল, তিনি প্রতি অমাবস্যায় যান।
আজও গেলেন। ফাল্গুনের শেষ, তবু বাতাসে কেমন একটা স্যাঁতসেঁতে ঠান্ডা। গ্যাসবাতিটা কবেই নিভিয়া গিয়াছে, গলিতে কেবল দোকানের ভিতরের একটি মিটমিটে প্রদীপ। শ্রীপতিবাবুর বাঁ হাতে একটি কাপড়ের থলি। থলিটি ভারী, কিন্তু কেন ভারী, তাহা তিনি ভাবিলেন না। ভাবিবার অভ্যাস তাঁহার অনেকদিন হইল গিয়াছে।
তাঁহার স্মৃতিতে একটা অদ্ভুত ফাঁক আছে। প্রতি অমাবস্যার সকালে তিনি ঘুম ভাঙিয়া দেখেন, পায়ে কাদা, কাঁধে ব্যথা, আর উঠানের কোণে ধোয়া কোদালটি ভিজা। কেন, তাহা জিজ্ঞাসা করিবার কেহ নাই। ছেলে নিখিল অফিসে যায়, ফিরিয়া চুপচাপ খায়, চুপচাপ শোয়। পুত্রবধূ মালতী যে আট বৎসর আগে হঠাৎ কোথায় গেলেন, সে প্রশ্ন এ বাড়িতে, এ পাড়ায়, কেহ কোনোদিন তোলে নাই। সকলেই যেন এক নীরব চুক্তিতে আবদ্ধ।
দোকানে ঢুকিতেই হরিপদ শালপাতায় একটি সন্দেশ আগাইয়া দিল। শ্রীপতিবাবু মুখে দিলেন। জিভের উপর সন্দেশ গলিয়া গেল, আর বুকের ভিতর ছড়াইয়া পড়িল একটি পুরাতন, চেনা ঘ্রাণ। ঠিক যেন সন্ধ্যায় তুলসীতলায় কেহ ধূপ জ্বালিয়া গিয়াছে।
আজ তিনি আর চুপ করিয়া থাকিতে পারিলেন না।
‘হরিপদ, সত্য করিয়া বলো তো, কী দাও ইহাতে? ছানা তো নিশ্চয়ই নয়। আট বছর ধরিয়া খাইতেছি, তবু মনে হয় এ স্বাদ আমি আগে কোথায় যেন ...’
হরিপদ হাসিল। হাসিতে দাঁতের ফাঁকে প্রদীপের আলো কাঁপিতে থাকিল।
‘কর্তা, জিনিস তো আপনিই জোগান দিয়া যান। আজ বুঝি থলিটা আনেন নাই?’
শ্রীপতিবাবু নিজের বাঁ হাতের দিকে চাহিলেন। থলিটি সেখানেই ছিল। ভিতরে কিছু একটা ধীরে ধীরে নড়িয়া উঠিল। তিনি চমকাইলেন না। এই নড়াচড়া তিনি যেন বহুবার দেখিয়াছেন।
‘আমি... জোগান দিই?’
‘ওই তো, প্রতি অমাবস্যায়। কখনো ফেরিওয়ালা, কখনো ভিনপাড়ার গোয়ালা। তবে যাই বলুন কর্তা, প্রথম মাসের মতো জিনিস আর হয় নাই। কী মিষ্টি, কী নরম! আপনিই তো সেদিন বলিয়াছিলেন, ওর হাতের মতো মিষ্টি আর কিছুতে হইবে না।’
ঘর নিস্তব্ধ হইল। বাহিরে কোথায় একটা পেঁচা ডাকিল।
‘প্রথম অমাবস্যায় আপনি নিজেই আসিয়াছিলেন, কর্তা। ভিজা কাপড়, হাত কাঁপিতেছে, কাঁধে ওই থলি। বলিলেন, “ইহার একটা ব্যবস্থা করিয়া দাও।” আমি ময়রা, ব্যবস্থা তো একটাই জানি।’
হরিপদ থামিল। তারপর যেন আবহাওয়ার কথা বলিতেছে, এমন স্বরে যোগ করিল, ‘সেই মাসের মাংস আপনার ঘরেরই ছিল, কর্তা, বউমার। তাহার মাংসেই আমি প্রথম সন্দেশ গড়িয়াছিলাম। তারপর হইতে প্রতি অমাবস্যায় আপনি থলি রাখিয়া যান। কাহার, তাহা আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই।’
শ্রীপতিবাবুর ভিতরে কী যেন একটা নড়িয়া উঠিল। তিনি চোখ বুজিলেন। একটি সুটকেস। দরজার চৌকাঠ। ভেজা লালপাড় শাড়ি। কে যেন বলিতেছে, “আমি আর পারিতেছি না, বাবা। আমি আর পারিতেছি না, থামুন...” তাহার পরেই কেবল ধূপের ঘ্রাণ, আর কিছু নাই, যেন মাঝখানে একটা পর্দা পড়িয়া গেল।
হরিপদ নিচুগলায় বলিল, ‘ভয় পাইবেন না, কর্তা। সন্দেশ শেষ হইলেই সব আবার ঢাকা পড়িয়া যাইবে। প্রতিবারই তো যায়।’
শ্রীপতিবাবু বুঝিলেন জিভের উপর কী যেন গলিতেছে। তবু সন্দেশের শেষ টুকরাটি তিনি জিভে ঠেকাইলেন। অনেকক্ষণ চোখ বুজিয়াই রহিলেন।
তারপর চোখ খুলিয়া শান্তস্বরে বলিলেন, ‘তাই বলো। সেই জন্যই এত চেনা চেনা লাগে।’
থলিটি কাউন্টারে নামাইয়া রাখিলেন। ভিতরে কেহ একবার মৃদু কাশিল। শ্রীপতিবাবু ফিরিয়াও চাহিলেন না, শালপাতাটি আবার বাড়াইয়া দিলেন।
‘আরেকটা দাও, হরিপদ। বউমা বরাবরই বড় মিষ্টি মেয়ে ছিল।’



ঝর্না 6 দিন 7 ঘন্টা আগে
আরিব্বাস! দারুন ভূতের গল্প।
খুব ভালো লাগলো পড়তে। ভয় নয়, তবু একটা ভয় ভয় ভাব। মস্ত
কিম্ভুত 6 দিন 5 ঘন্টা আগে
আপনার ইন্টারপ্রিটেশানটা পেলে ভাল লাগবে, নিজের কাছে এটি যথেষ্ট macabre আর ডিসটার্বিং এবং পোস্ট করবনা-ই ভাবছিলাম
অবশ্য, কবিতা ও কবিতা আলোচনা আরো বেশি ইন্টারেস্টিং হতে পারে
ঝর্না 6 দিন 5 ঘন্টা আগে
এরকম মিষ্টি ভূত, দুষ্টু ভূতের গল্পগুলো খুব ভালো লাগে পড়তে। মানে গল্পে ভূত আছে কিন্তু সাঙ্ঘাতিক ভয় পাচ্ছি না
তবে সতর্কীকরণ দিলেন কেন? ওটা না দিলেও চলতো।
গল্পে সন্দেশ ভেবে যা খাওয়া হচ্ছিল , মানে যেভাবে গল্পে আপনি পোর্ট্রেট করলেন তা অসম্ভব ভালো হয়েছে।
কিম্ভুত 6 দিন 4 ঘন্টা আগে
কৃতজ্ঞতা
গল্পের ‘বিষয়’টি পুরোপুরি ভিন্ন, তা যদি না পৌঁছে থাকে একদিক থেকে ভালই
রুকু 5 দিন 22 ঘন্টা আগে
সত্যিই dark আর macabre
মনে হয় গা পাকিয়ে উঠছে
আপাত calm-এর নীচে কি ভয়ংকর
রেবতী 5 দিন 22 ঘন্টা আগে
বীভৎসই বটে!
এ সন্দেশ হজম করা মুশকিল!
সৈয়দ মুনসিফ আলী 5 দিন 3 ঘন্টা আগে
ভয়াবহ আর ভয়াল - ডার্ক স্টোরি
নতুন মন্তব্য পাঠান