তাজপুর ফ্লপ

ঝিনুকের মাংস খাই
ঝাউগাছেদের লবণ মাংস খাই
চারপাশে মাংসল মানুষদের দেখে
মনে হয় সারি সারি ফিতাকৃমি এসেছে আজ
সী বিচের মনোলোভা পেটে
হাওয়ার মাংস খেতে খেতে দেখি চারপাশে ভিড় হয়ে
ভিজে আছে প্রশ্ন এক, সমারূঢ় ফেনার গন্ধের বুকে
এলোমেলো কেলোময় আমারেই দেখে শুধাতেছে
এ কোন মাংসাশী জন্তু আজ সাগরবেলার
দিকে আছে ঝুঁকে, কারা যেন ফার্স্ট লুকে স্ক্রিন টেস্ট
পাশ করে গিয়ে, পরিচালকের সাথে সটান
ঢেউয়ের ডিভানে গিয়ে, মাংস-জন্তু আমাকেই
ব্লক করে, সৈকতে সহসা ঝড়ের হাউইয়ে
উড়িয়ে দিয়েছে এতদিন একসাথে থাকা, দুপুরের
আহারের যৌথ স্বাদ যত, যত স্বপ্নের মধ্যমা জুড়ে আঁকা
স্বপ্নের অঙ্গুরীয়, অবর্ণনীয়!
ক্ষতের মাংস খাই, স্মৃতির শ্লথ মাংস খাই আজ
সাগরকিনারে এসে, লাল রঙা লাইটহাউস
তাজপুর সমীপে এসে স্থানুবৎ হয়ে আছে দেখে
আমার ভিতরে এক তুমুল মাংসাশী প্রাণী
মানুষের মতো কেঁদেছে কেঁদেছে
যারা আজীব হারিয়েছে এ জীবন থেকে হারাবেই বলে
তাদের মাংস আজ কি বেরহিম তুলতুলে হয়ে আছে
ফেনার ফুল হয়ে ফুটে আছে সাগরের কূলছাড়া দু কূলে দু কূলে



ঝর্না 6 দিন 8 ঘন্টা আগে
অন্যরকম এবং ভালো।
কবিতায় নামটিও আকর্ষণীয়
রেবতী 5 দিন 22 ঘন্টা আগে
আলাদারকম অ্যাঙ্গেল, লেখায় আলাদা টান
লেখাটি নিঃসন্দেহে ফ্লপ নয়
হিয়া রাজা 5 দিন 3 ঘন্টা আগে
চেনা কলম। খুব চেনা।
যথারীতি ব্যতিক্রমী ও খুব ভাল লাগলো।
রন্তু 3 দিন 14 ঘন্টা আগে
আদ্যন্ত বেশ অন্য স্বাদের
নতুন মন্তব্য পাঠান