ভূত নামচা (প্রথম পর্ব: মাচার ভূত)
বুধ, ২০২৬-১১-০৪ ০৪:০৬ প্রথম পর্ব: মাচার ভূত
---------------------------------------------------------------------------
আমাদের ছোটবেলায় যেটা কালীপূজো ছিল, একটু বড় হয়ে জানলাম তার একটা ভালো নামও আছে—‘দীপাবলি’। আজকাল তো আবার ‘দিওয়ালী’ না বললে কেমন যেন প্রেস্টিজ থাকে না! তা যাই হোক, আমার কাছে ওই কালীপূজোটাই ঠিক আছে। নাম পালটালেই তো আর ভূতেদের ঠিকানা পাল্টায় না!
পুজো যত এগিয়ে আসে, আশপাশে কেমন যেন ভূত-ভূত গন্ধ পেতে শুরু করি। এমনিতে বাংলা সাহিত্যে ভূতের গল্পের অভাব নেই। হাড় হিম করা গল্প থেকে শুরু করে কমেডি টাইপ—একেবারে বুফে সিস্টেম! তার ওপর পুজোর আগে আগে আনন্দবাজারের পাতায় চোখ রাখলে তো কথাই নেই। একেবারে আঁখোদেখি কাহিনী! কে কখন কোন গাছের ডালে কাকে দেখেছে, কে আবার মাঝরাতে কার ঘাড়ে চেপেছে—সবই প্রায় প্রত্যক্ষদর্শীর জবানবন্দি।
যাকগে যাক, আমি বরং আমার কথাই বলি।
ভূতেদের সঙ্গে পরিচয় সেই কোন ছেলেবেলায়, দাদুর কাছে শোনা গল্পে। ও ভালো কথা, আমার দাদুর নাম ছিল ‘ওঁ ভূতনাথ জানা’। নাম শুনেই বুঝতে পারছেন, ভূতেদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্কটা নেহাতই দূরের নয়! প্রায় আশি বছর বয়সে দাদু যখন মারা যান, আমি তখন তৃতীয় শ্রেণির ছাত্র। বুঝতেই পারছেন, ওইটুকু বয়সে ভূতনাথ দাদুর মুখে শোনা ভূতের গল্পগুলো আমার কোমল শিশুমনে কতটা গভীর প্রভাব ফেলেছিল! তখন ভূত দেখিনি ঠিকই, কিন্তু ভূতের ভয়টা বেশ উত্তরাধিকার সূত্রে পেয়ে গিয়েছিলাম।
ও ভালো কথা, দাদুর বাবার নাকি পাল্কির ব্যবসা ছিল। আমি দেখিনি। তিনি নাকি হোমিওপ্যাথি ডাক্তারিও করতেন। তাও দেখিনি। দেখেছি শুধু একটা ছোট্ট কাঠের বাক্স, তার মধ্যে কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের শিশি। ও হ্যাঁ, গোয়ালঘরের ছাদে একটা ভাঙা পাল্কির কাঠামোও রাখা ছিল।
না না, ছাদ বলতে আপনারা যেমন পাকা ছাদ ভাবছেন, তেমন কিছু নয়। একেবারে ব্রিটিশ আমলের গোয়ালঘর। কুড়ি-বাইশটা গরু তো থাকতই, বেশিও হতে পারে। আমার ছেলেবেলায়ও আট-দশটা গরু ছিল। মাটির তৈরি লম্বা গোয়ালঘর, খুব একটা উঁচু নয়। তার ওপর কড়ি-বরগা, বাঁশের বাতা, মাটি দিয়ে তৈরি ছাদ। সেই ছাদের ওপর রাখা থাকত কলাইয়ের ভুষি, জ্বালানি কাঠ, খড়ের পালা আর আরও কত কি! সব মিলিয়ে একেবারে গ্রামীণ স্টোররুম। শুধু দরজায় তালা দেওয়ার ব্যবস্থা ছিল না, কারণ চোরের উপদ্রব থাকলেও চুরি যাওয়ার মতো কিছুই থাকতো না সেখানে!
দাদুর কাছে শুনেছি, ভারত ছাড়ো আন্দোলনের সময় গ্রেফতারি এড়াতে অনেকেই দিনের পর দিন ওই গোয়ালের ছাদে লুকিয়ে থাকতেন। সত্যি-মিথ্যা জানি না। তবে মায়ের হাতের কানমলা এড়াতে ছেলেবেলায় আমিও বহুবার সেখানে আশ্রয় নিয়েছি। স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে আমার পার্থক্য শুধু এই যে, তাঁরা ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে লুকতেন, আর আমি বাঁচতাম মায়ের হাত থেকে। উদ্দেশ্য অবশ্য একই—গ্রেফতারি এড়ানো!
একবার তো স্কুলে না যাওয়ার ফন্দি করে ওই মাচায় লুকিয়েছি। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, চাপা ভ্যাপসা গন্ধ, গরমে হাঁসফাঁস অবস্থা। কিছুক্ষণ পরেই কেমন যেন ঝিম ধরে এলো। ব্যস, তারপর দেদার ঘুম! স্কুল পালানোর জন্য এমন আরামদায়ক জায়গা পেয়ে গেছি, ভাবলাম জীবনে আর কোনোদিন বিছানার দরকার হবে না।
কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি, পায়ের কাছে জ্বলজ্বলে দুটো চোখ!
ওরে বাবা! এ যে একেবারে সাক্ষাৎ ভূত! তাও আবার চোখ দুটো একেবারে আমার দিকেই তাকিয়ে আছে! তখন আর দাদুর শেখানো রামনাম নেবার সময় নেই। বাবাগো, মাগো বলে এক লাফে মাচা থেকে নামতে গেলাম। আর সেই চোখ দুটোও আমার চিৎকারে ভয় পেয়ে ‘মিয়াও’ করে আমার ওপর দিয়ে দে দৌড়!
কে যে কাকে ভয় পেয়েছিল, আর কে যে কার ঘাড়ে পড়েছিল, আজও ঠিক বুঝে উঠতে পারিনি। শুধু এটুকু মনে আছে, সেই মুহূর্তে আমি, আমার আত্মারাম আর ওই তিনি—তিন জনেই স্বাধীনতা ঘোষণা করেছিলাম!
তবে, আর যাই হোক স্বাধীনতা বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ এক লাফেই সটান ভূমি-প্রপাত, আর নিচেই অপেক্ষা করছিলেন মা। ভূততো পালিয়েছে, বিড়ালও পালিয়েছে, কিন্তু মায়ের হাত থেকে আমার আর নিস্তার নেই… সেদিন খেজুর ছড়ির এমনই উৎপাত হল যে, বেশ কয়েকদিন বসার সময়ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মনে পড়ছিল!
অভিজিৎ
- অভিজিৎ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 259





m.c. 6 দিন 20 ঘন্টা আগে
Hilarious
এনা 6 দিন 14 ঘন্টা আগে
রিভা 6 দিন 13 ঘন্টা আগে
কি কান্ড
কিম্ভুত 6 দিন 13 ঘন্টা আগে
দিব্য কাহিনী
ভাল লাগল
সরো 6 দিন 4 ঘন্টা আগে
বাঃ
যাবো 6 দিন 3 ঘন্টা আগে
সরস
যাবো 6 দিন 3 ঘন্টা আগে
আপনার কবিতা মিস করছি
রহিত 5 দিন 23 ঘন্টা আগে
‘সবই প্রায় প্রত্যক্ষদর্শীর জবানবন্দি’
সে যুগে এটাই দস্তুর ছিল
তারপর সব কেমন যেন হারিয়ে গেল
ডার্কবিন 5 দিন 23 ঘন্টা আগে
লেখার ধরণটি সুস্বাদু ও উপভোগ্য, বড় ভাল লাগল
সুহাসিনী 5 দিন 23 ঘন্টা আগে
প্রথম পর্বটি এইমাত্র পড়লাম
শেষ অব্দি যাকে বলে টানটান
এবং শেষটা টেনশান মুক্তি
গ্রে স্কেল 5 দিন 22 ঘন্টা আগে
আজ তবে একটি ভৌতিক কবিতা হোক
অভিজিৎ 5 দিন 12 ঘন্টা আগে
ভৌতিক কবিতা তো খুব একটা লিখিনি ...
একটু রম্য আবার tongue twisters ধরনের একটা কবিতা লিখেছিলাম- "অদ্ভুত! অদ্ভুত!" তাও অনেকদিন আগে, যেটা আজকের পাতায় শেয়ার করলাম...
আরও একটি কবিতা লিখেছিলাম "অলৌকিক" শিরনামে নিচে লিঙ্ক দিলাম; পড়ে দেখতে পারেন...
https://www.kobita.org/e-baroari/node/32109
নতুন মন্তব্য পাঠান