মাধ্যাকর্ষণ (পুরানো লেখা আবার পোষ্ট করা হল)

নীল's picture
নীল রবি, ২০২৬-১১-০১ ১৭:০২

কিছুদিন আগে আমি একটা গল্প মানে সত্য ঘটনা লিখে একটি কাগজের সম্পাদক মশায় কে পাঠিয়েছিলাম। কিন্তু তিনি নেহাত আষাড়ে গুল ভেবে সে পান্ডুলিপির প্রাপ্তি স্বীকার অবধি করেন নি। এমতাবস্থায় আমি স্থির করেছি, এই সংক্ষিপ্ত জীবনকালে যে সব আশ্চর্য্য ঘটনা সমূহের আমি সাক্ষী তার একটা প্রামান্য দলিল রেখে যাব অনাগত কালের জন্য। এই প্রসঙ্গে আরো দু একটা তথ্য যা না বললেই নয়, তা হল আমি আশৈশব অত্যন্ত অনুসন্ধিতসু প্রকৃতির হওয়ায় প্রথাগত বিদ্যাশিক্ষা আমার উচ্চ মাধ্যমিক ছাড়িয়ে এগোবার সুযোগ পায় নি।

অমোঘ মাধ্যাকর্ষন শক্তি ও নিউটন স্যার সম্পর্কে জানবার পর, আমি আমাদের ক্লাসের সুবল কে স্কুল পার্শ্বস্থ আম গাছে কাঁচা আম পাড়ার লোভ দেখিয়ে তুলে দিই। যে তত্ত্ব আপেলের ক্ষেত্রে একদা সত্য বলে প্রমানিত, তা আমের উপর একই ভাবে প্রযোজ্য কি না নিরীক্ষা করতে এর পর আমি সুবলকে কয়েকটি আম নিচে ফেলতে অনুরোধ করি। কিন্তু আম গুলি বেহাত হবার ভয়ে, সুবল আমার প্রস্তাব প্রত্যাক্ষান করে। সুবলের দোষ ছিল না, আমার প্রকৃত অনুসন্ধিতসার বিষয়ে অজ্ঞতাই মূলত ওকে প্ররোচিত করে থাকবে। সে যাই হোক, এর প’র আমায় নেহাত গাছে চড়ে, আম গুলি মাটিতে ফেলার ব্যবস্থা করতে হয়। সুবল নিজের প্রান অপেক্ষা আম গুলিকে বেশী মূল্য দেবার কারনে আম সমেত ওর উপর মাধ্যাকর্ষনের প্রভাব পরীক্ষার সুযোগ আমি হাত ছাড়া করি নি। ফলত সুবলের হাত ও পায়ের হাড় ভাঙে। আমার পিতৃদেব তখনো গত হন নি, সুবলের মা এসে আমার নামে নালিশ করে যাওয়ায় আমার পিতা শ্রী বাদল চক্রবর্তী একটি কে সি পালের বাঁকানো হ্যান্ডেল ওয়ালা ছাতা ও আমার অপক্ক করোটির মধ্যে প্রযুক্ত বল ও ঘাত জনিত প্রভাব পরীক্ষা করেন। ছাতা টি যথার্থ স্থিতিস্থাপক না হওয়ায় ভেঙে পড়ে এবং করোটি অনুপাতে অধিক সহনশীলতা দেখিয়ে সে যাত্রায় রক্ষা পায় কিন্তু আমার নাকি এর পরে বেশ কিছুদিন বিনা রজ্জুতে সর্পভ্রম, জলে কুমীর ডাঙায় বাঘ ইত্যাদি দর্শন হতে থাকে। সে বছর অ্যানুয়াল পরীক্ষায় বসার সুযোগ থেকে আমি বঞ্চিত হই।

ধান ভানতে শিবের গীত গাওয়া আমার স্বাভাবে নেই। কাজেই সরাসরি এবার গল্পে আসা যাক। আমার বয়স তখন বাইশ কি তেইশ। বাবা বছর দুই গত হয়েছেন। আগে বলা হয়নি, আমাদের পরিবার বলতে ওই আমি আর বাবা। কারন আমার মা, আমি হবার বছর তিনেকের মধ্যেই স্বেচ্ছা মৃত্যু বরণ করে পরপারে যাত্রা করেন । লোকমুখে শুনেছি, বাবার অত্যাচার ও মদ্যপান মা কে সংসারবিমূখ করে তুলেছিল একেবারে। এমন কি সন্তান স্নেহ ও তাকে ধরে রাখতে পারেনি। বাবা মারা যাওয়ার প’র আমার যে খুব অসুবিধা হয়েছে এমন নয়। কারন আমার ক্ষেত্রে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি এসবের সুযোগই আসেনি কখনো।

যে কথা হচ্ছিল, আমার বয়স তখন বাইশ কি তেইশ। দেশে জমি জায়গা যতোটুকু ছিল, তাতে সারা বছরের ভাত টা হয়ে যেত, আর আমি চোদ্দ বছর বয়েস থেকে উপার্জন শুরু করি। পাড়ার মুদির দোকানে, চায়ের দোকানে, রাজ মিস্ত্রী ও রঙ মিস্ত্রীর জোগাড়ে হয়ে, সাইকেল সারাই, কল ও পাম্প সারাই, ইলেক্ট্রিক মিস্ত্রীর কাজ, তালা চাবি বানানোর কাজ এই সব নানা রকম কাজে হাত পাকিয়ে তখন আমি নিজের একটা ছোট দোকান খুলেছি, জগন্নাথ স্টোর । কোলকাতায় সেই সময় মধ্যবিত্তরাও থাকতো। নিজের জমি বাড়ি বেচে ফ্ল্যাট বাড়ি তে গিয়ে ওঠার চল তখন শুরু হয়েছে সবে। আমি বাড়ির নানা রকম জিনিস সাপ্লাই করতাম। ফ্লোর টাইলস্‌ থেকে জানলা দরজার লক, ইলেক্ট্রিক সরঞ্জাম, , বেসিন, পাইপ, জলের পাম্প মানে এই সব আর কি, আর আমার নিজের লেবার , ফলে কাজের অভাব ছিল না বরং কাজ করে ফুরসত পেতাম না একেবারেই। রোজগার পাতিও ভালই হচ্ছিল । একদিন এক চেনা প্রোমোটার এসে বলল, বড় কাজ আছে। খালপাড় হয়ে যে রাস্তা টা সোজা বারুইপুরের দিকে চলে গেছে ওই রাস্তার উপরে আবাসনের কাজ। মোট আটত্রিশ টা ফ্ল্যাটের কাজ করতে হবে। ওই দিকটা এখনো বড় নির্জন, রাতের দিকে যাতায়ত করতে ভয় ভয় লাগে। মানুষ প্রোমোটার হলে কিছু কিছু সময় কালা হয়ে যায়। কাজেই উনি কিছুই শুনতে পেলেন না, বললেন -
“ পরশু থেকে কাজ শুরু হবে। কাল একবার বিকেলের দিকে এসে ঘুরে যাস সাইটে। “
বিকেল বেলায় সাইকেল নিয়ে হাজির হলাম সাইটে। কর্মযজ্ঞ চলছে পুরো। প্রোমোটার আগেই এসে গিয়েছিল। সন্ধ্যে সাড়ে সাতটা অবধি চলল সাইট ঘুরে কাজের একটা আগাম ছক তৈরী করা। তারপর আমার পকেটে হাজার ত্রিশ টাকা গুঁজে দিয়ে প্রোমোটার বলল,
“পরশু থেকে কাজ শুরু করে দে। আমার কিন্তু ডেড লাইনের নড়চড় হয় না । টাকার জন্য কাজ আটকাবে না, কিন্তু কথার নড়চড় যেন না হয় ।”
বলে তিনি তার বিশাল সাইজের পেট ও গাড়ি হাঁকিয়ে বেরিয়ে গেলেন। আমি ও সাইকেলে বাড়ির পথ ধরলাম। আগেই বলেছি, শহরের এই দিকটায় জনবসতি এখনো নেই বললেই চলে। বড় বড় পেয়ারা বাগান, এবড়ো খেবড়ো রাস্তা আর ঘুটঘুট্টি অন্ধকার, লাইটপোষ্ট আছে কিন্তু তাতে আলো নেই বা থাকলেও জ্বলছে না আপাতত । খানিক এগোনোর পর মনে হল কে যেন পিছন পিছন আসছে। একই সঙ্গে মনে ভয় এবং ভরসা লুকোচুরি খেলতে শুরু করল। জোরে জোরে সাইকেল প্যাডেল করছি কিন্তু আশঙ্কা বস্তুটা এমনই, একবার মনের মধ্যে উঁকি দিলে ক্রমে জাঁকিয়ে বসে। এখন মনে হচ্ছে ঠিক যেন মাথার পিছনেই……সাইকেল এর ওজন যেন বেড়ে দ্বিগুন হয়ে গেছে। প্যাডেল করতে গিয়ে টের পাচ্ছি সে কথা। ভয় পেলে ভয় আরো চেপে ধরবে, আর তাছাড়া যদি সত্যিকারের বিপদও এসে থাকে, সাইকেল চালিয়ে তার থেকে নিস্তার পাওয়া অসম্ভব এই প্রত্যন্ত নিরালা নিকষ প্রান্তরে। যা থাকে কপালে ভেবে দাঁড়িয়ে পড়লাম। চূড়ান্ত বিপদের সামনে পড়ে মানুষ যে কি রকম দুঃসাহসী হয়ে উঠতে পারে তা নিজেকে দিয়ে সেদিন উপলব্ধি করেছি। মনের ভুল কি না বোঝার জন্য আমি একটু কেশে স্বগতক্তির মত জিজ্ঞাসা করলাম, “কে? কি চাই?” প্রথমে একটা হালকা বাতাস আমার গাল ছুঁয়ে কপালের চুল গুলো এলোমেলো করে দিল। তারপর কানের কাছে ফিস্‌ফিস্‌ আওয়াজে কে যেন বলল,
“আমি।“
ছেলে না মেয়ে র গলা ঠাওর করতে পারি নি তাই আবার জিজ্ঞাসা করলাম,
“ কে আমি ? নাম কি ? ”
আবার বাতাস্‌! এবার কেমন যেন শরীর বেয়ে পাকিয়ে উঠে আমার মুখ খানা কে উঁচু করে ধরতে চায়। আমি কেমন যেন লজ্জা পেয়ে বললাম,
“ এই এসব কি, রাস্তা ঘাটে এসব করা ঠিক নাকি! তুমি কে, আর আমায় নিয়ে পড়লে কেন বাবা! “
কে যেন কানের লতি টা টেনে ধরে কানে ফুঁ দিচ্ছে! আমি কান চুলকাতে যাবার আগেই শুনতে পেলাম,
“ আমি টুনি ।“
যাক বাবা, মহিলা ! আমি যা ভয় পেয়ে গিয়েছিলাম। পকেটে টাকা পয়সা আছে, বলা তো যায় না কার কি মতলব তাই গলায় জোর এনে বললাম,
“তা টুনি তুমি কি মিস ইন্ডিয়া ?”
কোন সাড়া শব্দ নেই দেখে আবার জিজ্ঞাসা করলাম,
“তুমি মিস্টার ইন্ডিয়া সিনেমাটা দেখোনি ? সেই যে অনিল কাপুর, থেকে থেকে অদৃশ্য হয়ে যেত!”
বাতাসে খিলখিল হাসির শব্দ মিলিয়ে যাবার আগে লাইটপোষ্টে দপ করে একটা আলো জ্বলে উঠে আবার নিভে গেল। সেই সামান্য সময় টুকুর মধ্যে আমার চোখের সামনে এক কৌতুহলী কিশোরীর হাসিমাখা উজ্জ্বল দুটো চোখ শুধু দেখতে পেলাম। খুব চেনা সেই চোখ। মহিত স্যারের মেয়ের মত অনেকটা। মহিত স্যার আমাদের ক্লাস নাইনে ইংরেজী পড়াতেন। আর উনি পড়ানো শুরুই করতেন আমায় ক্লাসের বাইরে বার করে দিয়ে। মহিত স্যারের বাড়িটা ছিল স্কুলের ঠিক পাশেই। আর আমি দেখতাম মহিত স্যারের মেয়ে আমি ক্লাসের বাইরে বের হওয়া মাত্র ছুটে ঘর থেকে বেরিয়ে আসত। আমার দিকে তাকিয়ে হাসত। আমার রাগ ও হত আবার কিছু বলাও যেত না, স্যারের মেয়ে বলে কথা। মর্নিং স্কুলে পড়ত বলেই বোধহয় সারা টা দুপুর বাড়িতেই থাকত মেয়েটা। টানা একটা বছর এই চূড়ান্ত হেনস্থা আমায় সহ্য করতে হয়েছিল। তারপর ক্লাস টেনে ইংরেজীর স্যার বদলে যাওয়ায় আমার মুক্তি ঘটে। কিন্তু এত বছর পরে, মহিত স্যারের মেয়ে এই জলা জঙ্গলে আমার সাইকেলে অদৃশ্য আরোহী হয়ে উঠল কি করে তাও আবার এত রাতে! জিজ্ঞাসা করতে যাব কিন্তু তার আগেই টের পেলাম সাইকেল হালকা হয়ে গেছে।

সে রাত্রে আর ঘুম এলো না চোখে। যতোবার ঘুমবার চেষ্টা করি, টুনির মুখ টা ভেসে ওঠে। শরীর টাও সুবিধার লাগছে না, কেমন যেন জ্বর জ্বর ভাব। সকাল হতেই বেরিয়ে পড়লাম সুবলের বাড়ি। সুবল রা থাকত মহিতবাবুর বাড়ির থেকে তিন চারটে বাড়ি পরে। সুবলের মা কোন কালেই আমায় সহ্য করতে পারতেন না বিশেষ। আমায় দেখেই বললেন,
সুবল ঘুমোচ্ছে এখন ওকে ডাকা যাবে না বাছা।
কে শোনে মাসিমার কথা, সুবলের ঘরে ঢুকে ধাক্কা দিয়ে ওকে জাগালাম। সরাসরি তো আর জিজ্ঞাসা করা যায় না, তাই একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম
হ্যা রে সুবল, মহিত বাবুদের খবর কি কিছু জানিস?
সুবল যা বলল, আগামি মাসে মহিতবাবুর ছোট মেয়ে টুনির বিয়ে। পাত্র নাকি কাঁথিতে, মাছের ব্যাবসা করে। কথা না বাড়িয়ে সোজা মহিতবাবুর বাড়ির দিকে এগোলাম।
প্রথমে তো রাজী হতেই চান নি মহিতবাবু, কারন আমার পারিবারিক আর স্কুল জীবনের ইতিবৃত্ত সবটাই ওনার জানা, কোন মেয়ের বাপ আর এমন পাত্রের সাথে সম্বন্ধ করে! আমার সাথে বিয়ে হলে মেয়ে বাড়ির কাছেই থাকবে এবং আমার বর্তমান আয় ও ভবিষ্যতের সম্ভবনার কথা শুনে উনি বললেন, মেয়ের উপর জোর খাটাতে পারবেন না, তবে মেয়ে রাজী হলে অন্য কথা। মন বলছিল রাজী হবে, নিশ্চয় রাজী হবে। টুনি ঘরে ঢুকলে মহিত বাবু জিজ্ঞাসা করলেন, একে চিনতে পারছিস?

টুনি বলল, কই না তো!

বিয়ে হল শেষ অবধি। আমি অপেক্ষা করছি কখন লোকজন খালি হবে আর আমার মনে নিরন্তর যে প্রশ্ন গুলো গত একমাস ধরে পাক খাচ্ছে, তার একটা সদুত্তর পাব। রাত দেড়টার পরে ঘরে ঢুকলাম। টুনি র চারপাশে ওর বন্ধুরা বসে আছে, আজ নাকি ঘুমতে দেবে না আমাদের কাউকে। আমার নিঃশব্দ কাতর প্রার্থনা টুনি কে স্পর্শ করেছে কিনা জানি না কিন্তু দেখলাম ওর বন্ধুরা রাত আর একটু গাঢ় হতেই একে একে গাত্রত্থান করতে শুরু করল। প্রায় তিনটে বাজে, ঘরে জেগে থাকা প্রানী বলতে আমি আর টুনি। একটু ঘন হয়ে বসে জিজ্ঞাসা করলাম,
সত্যি করে বলত, সেদিন রাতে বিষয়টা ঠিক কি হয়েছিল ? তুমি কি ম্যাজিক ট্যাজিক বা ডাইনি বিদ্যা জানো ? আমায় নিঃসঙ্কোচে বলতে পারো, আর এখন তো আমরা স্বামী স্ত্রী! ও টুনি বল না, কি করে করলে সেদিন ব্যাপারটা ?
হঠাত ঘরের আলো নিভে গেল, লোড শেডিং, একটা দমকা বাতাস এসে জানলার পর্দা উড়িয়ে দিল, একফালি চাঁদ উঠেছে আকাশে আজ। সেই চাঁদের দিকে চেয়ে টুনি মুচকি হেসে বলল,
“ খুব সোজা, মাধ্যাকর্ষণ !”

__________________

নিরক্ষর

রুকু's picture
একেবারে সোজা আর কি দুর্দান্ত

রুকু 1 সপ্তাহ 2 দিন আগে

একেবারে সোজা আর কি Smile
দুর্দান্ত লিখেছেন গল্পটি

kalyan's picture
এই গল্পটি আপনার পাতায় আগেও

kalyan 1 সপ্তাহ 2 দিন আগে

এই গল্পটি আপনার পাতায় আগেও পড়েছিলাম - এখানে
আগের আর এই সংস্করণে কিছু অদলবদল আছে মনে হয়, তবে শেষটা সেই একই - চমকপ্রদ

নীল's picture
@Kalyan

নীল 1 সপ্তাহ 1 দিন আগে

Bhuter ekta abaho cholchhe dekhe lekha ta repost kore chhilam. Repost kotha ta lekha uchit chhilo. Dosh bachhor ager lekha apni porechhen eta amay pray bhoutik uttejona ar alhad diyechhe! Thank you !

kalyan's picture
গল্পের ঐ শেষটি বোধহয় সবারই

kalyan 1 সপ্তাহ 23 ঘন্টা আগে

গল্পের ঐ শেষটি বোধহয় সবারই মনে থাকবে
এখানে আপনি দু বছর আগে দিয়েছিলেন
দশ বছর আগে নয়
ঐ লিংকে সেই উল্লেখই আছে

নীল's picture
তাই তো ! দশ নয়, দু বছরই বটে !

নীল 1 সপ্তাহ 16 ঘন্টা আগে

তাই তো ! দশ নয়, দু বছরই বটে ! Sad

hiya's picture
প্রায় ডায়েরীর স্টাইলে অনবদ্য লেখা !

hiya 1 সপ্তাহ 5 ঘন্টা আগে

দারুন একটা প্রায় ডায়েরীর স্টাইলে অনবদ্য লেখা ! শেষটা পুরোটাকে বেঁধে রেখেছে এক নিটোল কাহিনীতে ! ব্যাপক লাগলো সেটা !

.....

কিছু না

ঝর্না's picture
মিষ্টি গল্প দুই কে সি তাহলে

ঝর্না 6 দিন 5 ঘন্টা আগে

মিষ্টি গল্প Smile
দুই কে সি তাহলে সবার জীবনেই কিছু স্মৃতি রেখে গেছেন। পাল ও নাগ সাহেব Smile
মস্ত লেখা, নীল



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <img> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline