তিনটি অভৌতিক

একজন কবিতা-কুটুম্ব's picture
বেম্মো

হয়তো মৌলিক নহে, হয়তো পুরাতন কোনো জোকস্ অবলম্বনে বা হয়তো এরকম কোনো গল্প থাকিলেও থাকিবে, তবে মঞ্চে আজ ভূত-চতুর্দশীর হাওয়া বহিতেছে, এই পোস্টের দায় শ্রীযুক্ত শ্রীহরি গলগ্রহের ‘প্রসাদ’ গল্পটি, যাহা মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচ চমকপ্রদের গল্পের অবশ্যই একটি!

 
 
জীবিত-প্রমাণ

হরধনবাবু ডাকঘরের অবসরপ্রাপ্ত কেরানি। চল্লিশ বৎসর তিনি সরকারি খাতায় অন্যের নাম তুলিয়াছেন, নিজের নামটি যে কাহাকেও দিয়া তুলাইতে হতে পারে, এ কথা ভাবেন নাই। এগারো বৎসর পূর্বে স্ত্রীর সহিত কলহ করিয়া তিনি কাশী চলিয়া গিয়াছিলেন। আজ পেনশনের টানে দেশে ফিরিয়া দপ্তরে আসিয়াছেন।

পেনশন দপ্তরের নিকুঞ্জবাবু চশমার ফাঁক দিয়া খাতা দেখিয়া বলিলেন, ‘আপনি তো এগারো বৎসর পূর্বে গত হইয়াছেন। মৃত্যুর তারিখ চৌদ্দই আশ্বিন।’

‘আমি তো আপনার সম্মুখেই দাঁড়াইয়া আছি।’

‘এই দপ্তরে মৃত ব্যক্তিরা প্রায়ই লাইনে দাঁড়ান, ইহা কোনো প্রমাণ নহে।’ নিকুঞ্জবাবু নির্বিকার। ‘জীবিত বলিয়া প্রমাণ করিতে হইলে গেজেটেড অফিসারের প্রত্যয়নপত্র চাই।’

গেজেটেড অফিসার বলিলেন, ‘খাতায় আপনি মৃত। আগে সংশোধন করাইয়া আসুন।’ সংশোধন করিবেন নিকুঞ্জবাবু, যিনি প্রত্যয়নপত্র চাহিয়াছেন। তিন সপ্তাহ ঘুরিয়া হরধনবাবু বুঝিলেন, চক্রটি নিখুঁত!

সন্ধ্যায় রাগে কাঁপিতে কাঁপিতে বাড়ি ফিরিলে স্ত্রী সুরবালা চা আগাইয়া দিয়া শান্ত গলায় বলিলেন, ‘চেঁচাইও না। তুমি নিরুদ্দেশ হইলে আমিই খাতায় তোমাকে মৃত লিখাইয়াছি। এগারো বৎসর বিধবার পেনশনেই সংসার চলিতেছে। কাল তোমার একাদশ বাৎসরিক, পুরোহিত আসিবেন। তুমি পিছনের ঘরে থাকিও।’

পরদিন দরজার ফাঁক দিয়া হরধনবাবু দেখিলেন, উঠানে কলাপাতায় তাঁহারই নামে পিণ্ড সাজানো। পুরোহিত মন্ত্র পড়িলেন, ‘হরধন দেবশর্মণঃ প্রেতস্য…’। কাক আসিল, ‘হুঃ’ বা ঐ জাতীয় কিছু বলিয়া পিণ্ড শুঁকিয়া চলিয়া গেল। পুরোহিত ভ্রূকুটি করিলেন, ‘আত্মা অতৃপ্ত।’ আত্মীয়েরা মাথা নাড়িলেন। ফাঁকের ভিতর দিয়া সুরবালার চোখ হরধনবাবুর চোখে পড়িল, সে চাহনিতে আদেশ ছিল।

হরধনবাবু সকাল হইতে অভুক্ত। তিনি নিঃশব্দে দরজা খুলিয়া বাহির হইলেন, কলাপাতা হইতে পিণ্ড তুলিয়া সকলের সম্মুখে চিবাইয়া খাইলেন। দেখিয়া পুরোহিত নামাবলী ফেলিয়া দৌড় দিলেন। আত্মীয়েরা একে অন্যের ঘাড়ে পড়িলেন। সুরবালা পিছন হইতে কহিলেন, ... যাহা কহিলেন তাহা না হয় উহ্যই থাক।

জীবিত প্রমাণ করিতে হরধনবাবু তিন সপ্তাহ ঘুরিয়াছিলেন, মৃত ও ভূত প্রমাণ করিতে লাগিল তিন গ্রাস।

 
 
কোর্স

ডাক্তার ভবতোষ সেন ত্রিশ বৎসর ধরিয়া একটি অভিযোগ বুকে বহন করিতেছেনঃ রোগীরা কখনও কোর্স শেষ করে না। দুই দিন ঔষধ খাইয়া জ্বর ছাড়িলেই তাহারা পাতা ফেলিয়া দেয়, সপ্তাহখানেক পরে জ্বর ফিরিলে দোষ দেয় ডাক্তারকে। সেই কারণে চেম্বারের দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা একটি নোটিশ রহিয়াছেঃ ‘‘ঔষধের কোর্স সম্পূর্ণ করুন।’’

বর্ষার এক সন্ধ্যায় শেষ রোগী ঢুকিলেন দুই কনস্টেবলের মাঝখানে, হাতে হাতকড়া। নাম কালীচরণ, বয়স চল্লিশ, তিনটি খুনের দায়ে সাজাপ্রাপ্ত। কনস্টেবল জানাইল, জেলের ডাক্তার সুন্দরবন বেড়াইতে গিয়াছেন, অথচ কালীচরণের তিন দিন ধরিয়া কাশি আর জ্বর। ‘পরশু ভোরে ফাঁসি, হুজুর। তার আগে সারাইয়া দিতে হইবে, সাহেবের হুকুম। জ্বরে কাঁপিতে কাঁপিতে মঞ্চে উঠিলে নিয়মভঙ্গ হয়।’

ভবতোষবাবু কিছুক্ষণ নীরব রহিলেন। তারপর স্টেথোস্কোপ কানে লাগাইলেন, কারণ রোগী রোগীই, পেশার নিয়ম সর্বত্র সমান। ‘বুকে কফ জমিয়াছে। জোরে শ্বাস টানুন। ছাড়ুন। ঠান্ডা জল খাইবেন না, রাত্রে গলা ঢাকিয়া শুইবেন।’ কনস্টেবল দুইজন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিল। ডাক্তার ব্যবস্থাপত্রে লিখিলেনঃ অ্যান্টিবায়োটিক, দিনে তিনবার, পাঁচ দিন।

‘পাঁচ দিন?’ কনস্টেবল ঢোক গিলিল। ‘ডাক্তারবাবু, উনি তো পরশু ভোরেই …’

‘পাঁচ দিনের কমে কোর্স হয় না। অসম্পূর্ণ কোর্সে জীবাণু ঔষধ সহিয়া যায়, তাহাতে ক্ষতি রোগীরই।’ ডাক্তার চশমার উপর দিয়া তাকাইলেন। ‘ঔষধ আমি লিখিয়া দিলাম। পালন করা রোগীর কর্তব্য।’

এতক্ষণে কালীচরণ মুখ খুলিল। ‘ঠিক আছে, ডাক্তারবাবু। আপনি যাহা বলিবেন, আমি তাহাই করিব।’

সেই রাত্রে ডাক্তারবাবু ঘুমাইতেছিলেন ভালোই। ভোর পাঁচটায় দরজায় ঘা পড়িল। কনস্টেবল হাঁপাইতে হাঁপাইতে বলিল, ‘ডাক্তারবাবু, শিগগির চলুন। ফাঁসি স্থগিত। সাহেব আপনাকে ডাকিতেছেন।’

‘কী হইয়াছে?’

‘আসামী গত রাত্রে পাঁচ দিনের সব ট্যাবলেট একসঙ্গে খাইয়া ফেলিয়াছে। বমি, পেটের অসুখ, মুমূর্ষু অবস্থা। বলিল, কোর্স অসম্পূর্ণ রাখিলে আপনি রাগ করিবেন।’

ভবতোষবাবু অনেকক্ষণ কথা বলিলেন না। ত্রিশ বৎসরে এই প্রথম একজন রোগী তাঁহার কথা অক্ষরে অক্ষরে পালন করিয়াছে, আর সেই রোগীই এখন তাঁহাকে জেলের কুঠুরিতে টানিয়া লইয়া যাইতেছে। তিনি ব্যাগ গুছাইলেন। যাইবার আগে দেওয়ালে লেখা নোটিশটির নীচে ছোট স্থূল অক্ষরে যোগ করিলেনঃ

‘‘কিন্তু একসঙ্গে নয়।’’

 
 
দেখাশোনা

পাত্রপক্ষ আসিলেন বেলা চারটায়। পাত্র, পাত্রের বাবা-মা, এক জ্যাঠা, দুই পিসি এবং একজন ‘পারিবারিক বন্ধু’, যাঁহার একমাত্র কাজ ঘন ঘন মাথা নাড়া। পাত্রী মিতালী দত্ত, বয়স ছাব্বিশ, পেশায় দন্তচিকিৎসক। এই নবম বার সে পাত্রী সাজিয়া বসিল।

ছেলের মা অনুষ্ঠান শুরু করিলেন। ‘হাঁটিয়া দেখাও তো মা।’ মিতালী হাঁটিল। ‘চুলটা খোলো।’ মিতালী খুলিল। ‘এবার একটু হাসো, দাঁত দেখি।’ মিতালী হাসিল। বড় পিসি গম্ভীর মুখে রায় দিলেন, ‘দাঁতগুলি ভালো, তবে একটু ছোট।’

‘ধন্যবাদ, পিসিমা,’ মিতালী বলিল। ‘আমারও আপনাদের দাঁত দেখিতে ইচ্ছা হইতেছিল। পেশাগত কৌতূহল আর কি। অনুমতি দিলে একটু দেখি?’

‘আমাদের বংশে কাহারও দাঁতের অসুখ নাই!’ ছেলের বাবা নীলকণ্ঠবাবু পানের ডিবা হইতে নূতন খিলি তুলিতে তুলিতে সগর্বে ঘোষণা করিলেন। ‘চল্লিশ বৎসর পান খাইতেছি, একটিও দাঁত পড়ে নাই।’

‘তাহা হইলে তো দেখিতেই হয়।’ মিতালী হ্যান্ডব্যাগ হইতে ছোট টর্চ বাহির করিল। পাত্র, পাত্রের মা, জ্যাঠা, একে একে সকলে মুখ হাঁ করিলেন। ঘরে পাত্রী-দেখার চেয়ে ডাক্তার-দেখার পরিবেশ অধিক হইয়া গেল। শেষে নীলকণ্ঠবাবুর পালা। টর্চের আলো তাঁহার জিহ্বার পাশে গিয়া থামিয়া গেল। মিতালী যেন ভূত দেখার মতো ভিতরে ভিতরে চমকাইল।

‘কাকাবাবু, এই সাদা দাগটি কতদিনের?’

‘ও কিছু না। মাস ছয়েক, মাঝে মাঝে একটু জ্বালা করে।’

মিতালীর মুখের হাসিটি এইবার মিলাইয়া গেল। ঘরের সকলে এই প্রথম তাহাকে হাসিতে বলিবার কথা ভুলিয়া গেলেন। ‘কাল সকালে আমার সঙ্গে একটি জায়গায় চলুন। পরীক্ষা করাইতে হইবে। আর আজ হইতে পান বন্ধ।’

‘পাত্রী দেখিতে আসিয়া এ কী কাণ্ড!’ ছেলের মা ফোঁস করিয়া উঠিলেন।

‘আপনারা আমার দাঁত দেখিলেন, আমিও আপনাদের দেখিলাম,’ মিতালী চা আগাইয়া দিল। ‘হিসাব সমান।’

পরদিন বায়োপসির রিপোর্ট আসিল। প্রথম ধাপ, এখনই ধরা পড়িয়াছে। অপারেশন হইল, নীলকণ্ঠবাবু ভূত হওয়া হইতে বাঁচিলেন। বিবাহের কথা আর কেহ তুলিলেন না, কেন তুলিলেন না, তাহা কেহই জানে না। শুধু প্রতি বিজয়ার দিনে একটি মিষ্টির বাক্স দত্তবাড়ির দরজায় আসিয়া পৌঁছায়, তাহাতে কোনো চিঠি থাকে না।

নীলকণ্ঠবাবু আজও লোকের কাছে বলেন, ‘জীবনে বহু বাড়িতে পাত্রী দেখিয়াছি, কিন্তু পাত্রী আমাকে দেখিয়াছে কেবল ওই একজন।’

 
 
_________

রুকু's picture
তিনটি অভৌতিকেই ছোটো গল্পের

রুকু 1 সপ্তাহ 2 দিন আগে

তিনটি অভৌতিকেই ছোটো গল্পের ক্রাইটেরিয়া সম্পন্ন
শেষের টুইস্টগুলি জব্বর

নীল's picture
পড়ে প্রভুত আহ্লাদ পেলাম।

নীল 1 সপ্তাহ 2 দিন আগে

পড়ে প্রভুত আহ্লাদ পেলাম।

.....

নিরক্ষর

অভিজিৎ's picture
সুখপাঠ্য

অভিজিৎ 6 দিন 9 ঘন্টা আগে

তিনটিই বেশ সুখপাঠ্য...

.....

অভিজিৎ



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <img> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline