কবিতার উঠোনে আয়নার অভাব

একুশ শতকের সুহাসিনীর কলমে, কিছুটা স্বপ্ন, কিছুটা প্রশ্ন, কিছুটা অভিমান, আর এক চিমটি বিদ্রোহ
আমরা এখানে কবিতা ঝুলাই,
যেন ভেজা জামাকাপড়
হাওয়া লাগুক, কেউ দেখুক,
কেউ এসে বলুক,
কোন ভাঁজে জমে আছে কোন বৃষ্টির গন্ধ।
অথচ এই উঠোনে
সবাই শুধু নিজের জানলা খোলে,
নিজের চাঁদটুকু মেলে ধরে,
নিজের বিষণ্ণতাকে গোলাপি খামে ভরে
ডাকবাক্সে ফেলে যায়।
কেউ কি একবারও
পাশের জানলার পর্দা উড়িয়ে দেখেছে?
ওই যে মেয়েটি লিখেছে
তার উপমার হাঁটুর কাছে
একটা অসমাপ্ত নদী বসে।
ওই ছেলেটির শব্দেরা
কেন বারবার একই অন্ধকারে ফেরে?
কোন অদৃশ্য হামিংবার্ডের ডানায়
তার কবিতার শেষ লাইনটি গুনগুন করে?
কেউ কি জানতে চেয়েছে?
আমরা কি তবে কেবল
নিজেদের শব্দের সেলফি তুলতে এসেছি?
লাইক নামের কয়েকটি কাগুজে প্রজাপতি
উড়িয়ে দিয়ে ভাবছি,
সাহিত্যের আকাশে বুঝি
আমাদেরই রোশনাই উৎসব!
অথচ অল্প একটু মন্তব্য
কখনও কখনও এক বাটি জ্যোৎস্না,
অথবা একটি সৎ বিশ্লেষণ
হতে পারে
জ্বরে ঘুমন্ত কবিতার কপালে
জলপট্টি দেওয়া হাত।
বলতে তো পারো -
"এই উপমাটি একটু বেশি ক্লান্ত?"
"এই চিত্রকল্পের চোখে কুয়াশা জমেছে"
"এই লাইনটি আরও কিছু দূর যেতে পারত"
অথবা "এখানে তোমার নীরবতাটুকু
শব্দের চেয়েও বেশি সুন্দর।"
তাতে তো কোনো কবির আকাশ ভেঙে পড়ে না,
বরং জন্মাতে পারে নতুন বাতায়ন।
আমরা তো সেই মেয়েরা,
যারা বন্ধুর লিপস্টিক ধার নিই,
আবার তার ভাঙা আত্মবিশ্বাসেও
নিজেদের রং মিশিয়ে দিই।
তবে শব্দের বেলায় এত কৃপণতা কেন?
অন্যের কবিতায় একটু সময় রাখলে
নিজের কবিতার আয়না কি মলিন হয়ে যাবে?
তেমন সুদিন কবে আসবে -
কবিতার পাশে কবিতা কথা বলবে।
যেখানে প্রশংসা হবে, কিন্তু অন্ধ নয়,
সমালোচনা হবে, কিন্তু নিষ্ঠুর নয়,
আর মন্তব্যের প্রতিটি অক্ষর
হবে নতুন কোনো সম্ভাবনার বীজ।
কারণ কবিতা একা জন্মাতে পারে,
কিন্তু একা একা বড় হয় না।
আর আমরা?
আমরা শুধু কবি হতে আসিনি -
আমরা একে অন্যের শব্দের
প্রথম পাঠক,
সতর্ক সম্পাদক,
কখনও আয়না,
কখনও জানলা,
কখনও এক মুঠো সাহস।
তাই আজ নিজের কবিতাটি
পোস্ট করার আগে
অন্য কারও কবিতার দরজায় কড়া নাড়ো।
দেখো সে কেমন
নীরবে আলো জ্বালাচ্ছে
আলোর অমলতাস
এই উঠোনে শুধু ফুল ফুটলেই হবে না,
ফুলের দিকে তাকানোর আরো মানুষও চাই।



ঝর্না 1 সপ্তাহ 4 দিন আগে
একদম মনের কথাটা বললেন
ঝর্না 1 সপ্তাহ 4 দিন আগে
সবাই নিজ নিজ ঘরে ব্যস্ত
ভীষন ব্যস্ত
এই প্রসঙ্গটি খুব দরকার ছিল।
কবিতার জন্য, কবিতাকে ভালোবেসেই এ আসা যাওয়া হোক।
সুহাসিনী 1 সপ্তাহ 4 দিন আগে
ঝর্নাদি, তুমি তাহলে এসো সব কবিতায়
ঝর্না 1 সপ্তাহ 4 দিন আগে
একদম। কবিতায় আছি তো।
পড়ি, কিন্তু লগিন করে জানানোটা হয়না। আসলে সেই ছুট্টে আসার ইচ্ছেটা কেন জানিনা কম হয়ে যাচ্ছে।
তবে এলে পাশের বাড়ির জানালায় শুধু পর্দা সরানো নয়, গল্প হতে পারে বিস্তর। তুমি/ আপনিও এসো/আসবেন।
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 3 দিন আগে
ফেলে আসি বিস্তর পথের মতো...
চৌকাঠ পেরিয়ে ফুলশয্যা ছেড়ে
বাসী ফুলের কান্না শোনা হয়নি
চৌকাঠে জমানো চুপকথা বলেনি
বন্ধ জানলা খুলে দেখা হয়নি
ওরা বৃষ্টি মাথায় ফুটপাথে কি করে বাঁচে?
ওরা বাঁচে, বেঁচে থাকে
ইটের পরে ইট সাজিয়ে
বুকের উপর পাথর জমিয়ে
নর্দমার জলে সাঁতার দিতে দিতে
রাস্তায় জমা আবর্জনার স্তুপে খুঁজে নেয়
বেঁচে থাকবার যত জীয়নকাঠি।
ওরা স্বপ্ন দেখে, দেখতে চায়
বহুতলের আলোয় চোখ ঝলসে যায়
ওরা সেখানে যায় কোমরে আঁচল জড়িয়ে
অন্যের গৃহস্থালির টুকিটাকি সংবাদ সাক্ষাতে
লক্ষ্মী আসে ঝুপড়ীতে ছেলেটার জ্বরে
আতঙ্কে মেয়েটা বড় হচ্ছে অচেনা চোখের ভিড়
ওরা লড়ে বাঁচে ওদের ঘাম রক্ত মাটিতে মেশে।
ওদের ছবি বাজারে বিক্রি হয়
প্রতিদিনের খবরের কাগজে তীব্র আস্ফালন
রাস্তায় কেন গরম দুধ ফুটবে?
লাখো পুরস্কার ওদেরই ধূসর তসবীরে
পরিবর্তন হয়নি যাপিত জীবনধারা
বরং ডাক পড়েছে শরীর বেচতে হবে আয়।
কে শুনবে তুমি আমি আমরা
দেখি শুনি মুখে কিছু বলিনা চুপ থাকি
পাশে থাকলেই জেল জরিমানা ফরমান
দাগিয়ে দেয় দিচ্ছে প্রতিনিয়ত
এটাই নাকি ভব্যতার শুভ মহরত
সাক্ষী কলম সময় বলবে শুনবে লিখছে
প্রতিদিনের রোজ নামচা।
নীল 1 সপ্তাহ 3 দিন আগে
বিরূদ্ধে বলার মত একটা শব্দ ও নেই। পক্ষে বলার দরকার নেই, কারন বক্তব্য সোচ্চার এবং বুলস্ আই তে গিয়ে লাগছে। সমস্যা হল পক্ষ আর বিপক্ষের মাঝখানে একটা নৈস্তব্ধতা আছে, যাকে বলা যেতে পারে নির্লিপ্তি । কোন কবিতা বা লেখা ছুঁয়ে গেলে জানাতে ইচ্ছা করে, কিন্তু অন্যথায় কেন ছুঁয়ে গেল না, সেটা ব্যখ্যা করতে ইচ্ছা করে না। সব সময় যে লেখার দোষে বা গুণে এটা হয় তাও নয়। পাঠকের মনে সেই মুহূর্তে হয়ত শব্দ গুলো আলোড়ন তুলল না, কিন্তু অন্য সময় পড়লে হয়ত অন্য রকম লাগতেও পারত ।
মুক্তমঞ্চের একটা সুবিধা হল, এখানে ক্লিক সংখ্যা টা দেখতে পাওয়া যায়। লেখাটা লোকে পড়ছে কি পড়ছে না সেটা বোঝা যায়। আসলে পুরোটাই নির্ভর করে লেখকের আকাঙ্খার উপর। আমি নিজের উদাহরন যদি দিই, আমি একমাত্র এখানেই লিখি কারন এখানে আমার লেখা গুলো সময় অনুযায়ী এক জায়গায় সাজানো থাকে, আমি নিজে সেগুলো মাঝে মাঝে পড়ি, নিজের বদলে যাওয়া অনুভব করি। কেউ মন্তব্য করলে অবশ্যই ভালো লাগে, কিন্তু না করলেও দুঃখ পাই না, কারন আমি যে দু তিন জন পাঠকের জন্য লিখি, আমি নিজেই তাদের একজন আর অন্য দু এক জন কে আমি প্রায় বলপূর্বক আমার লেখা পড়ে শুনিয়ে থাকি এবং ভালো লেগেছে না বলা অবধি বেতালের মত এমন তার ঘাড়ে ঝুলে থাকি, যাতে অন্য কিছু বলার অবকাশ না থাকে। এতদ সত্বেও কখনো সখনো কোন কোন লেখা শুনে যখন সে বলে " না লিখলেও এমন কোন ক্ষতি হত না!" আমার ইচ্ছা করে, তার ঘাড় মটকে দিই। এই একই ইচ্ছা যে কোন কবির ই হতে পারে, তার কবিতা পড়ে অসহ্য লেখা, বা সময় নষ্ট হল বললে। সেই কারনেও অনেকে বিরূপ মন্তব্য করার থেকে মন্তব্য না করা কে শ্রেয় বলে মনে করতে পারেন। আবার অনেকেই আছেন, যারা লগ ইন না করে বিবিধ নামে লেখা পোষ্ট করেন। তাদের নিজস্ব যুক্তি কিছু থেকে থাকবে কিন্তু আমার মনে হয় নাম বদলে বদলে লেখার মানে সেই লেখার উপর লেখক নিজেই দায় নিতে অস্বীকার করছেন, যে লেখার দায় লেখক নিজে বহন করতে সক্ষম নন, সে খানে পাঠকের মতামতের ভার ও গুরুভার। এর একটাই বিকল্প হতে পারে, অন্যান্য সমাজ মাধ্যমের মত লাইক এবং ফিরতি লাইক পদ্ধতি, আই ফলো ইউ, ইউ ফলো মি টাইপ। সে টা কি কবিতার ক্ষেত্রে খুব ভালো হবে?
নিরক্ষর
সুহাসিনী 1 সপ্তাহ 3 দিন আগে
বাংলা বা ভিনভাষার লিটারেচারে একই লেখক - নানা ছদ্মনাম এরকম উদাহরণ তো অনেক। আমার ক্ষেত্রে বলতে পারি লেখকনাম ততটা দেখিনা - কনটেন্টের উপরে মন্তব্য করতেই ভাল লাগবে। ‘লাইক’ তো মন্তব্য নয়, আসলে সুহাসিনী যেটা বলতে চাইছে যে এই মন্দ পৃথিবীতে, যে কোনো কবিতায়, ভাল বা খারাপ যাই লাগুক, এট্টুখানি উৎসাহ দেওয়া মন্তব্য দিলে সোশাল মিডিয়া আর রাজনীতির আঁধারে আঁধার ভুবনে খানিক আলো ফুটবে
বাকিটা যার যা মত ও মর্জি 
নীল 1 সপ্তাহ 3 দিন আগে
এ নিয়ে বিতর্কের কোন অবকাশ ই নেই। উৎসাহ যে বাড়ে তার উদাহরণ তো আমি নিজেই। কত ছাই পাঁশ যে আমার মানুষ পড়েছে, ভালো ভালো মন্তব্য করেছে, আমি নিজেই অবাক হয়ে যাই অনেক সময়।
বিভিন্ন ভাষায় একাধিক নামে নিশ্চয় অনেকেই লিখে থাকেন কিন্তু পাঠকের দায় নেই তা খুঁজে খুঁজে পড়ার, কারন আমার মনে হয়
মানুষ কেবল কবিতা পড়ে না, মানুষ যে কবিতা লিখছে, তাকেও পড়ে, পড়তে চায়। নাম নয়, নাম যাই হোক বা ছদ্মনাম, আইডেন্টিটি একটা লাগে পাঠকের। তা না হলে চ্যাট জিপিটি র মত হয়ে যায় বিষয়টা। পৃথিবী তে পড়ার জন্য কন্টেন্ট এর তো অভাব নেই, সময়ের অভাব আছে। আজ কারো হুলোর একটা লেখা পড়ে হয়ত খুব ভালো লাগলো, পাঠক এসে হুলো কে আর খুঁজে পেলো না, তার বদলে নুলো, ভুলো, তুলো নিত্য নতুন লেখা লিখতে লাগলো, আর কবি ভাবলেন পাঠক আপন গরজে নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, তেমন টা এ কালে আশা করা অন্যায়।
সুহাসিনী 1 সপ্তাহ 3 দিন আগে
হুলো হুলো হিসাবে থাকলে অসুবিধা নেই, অন্যদিকে নতুনদের খুঁজব না? মানে নতুন লেখাদের? সেইজন্য কবিনাম নয়, লেখাগুলি আগে পড়ি, লেখকনাম খুঁজিনা। বিভিন্নজনের বিভিন্ন পছন্দ-পদ্ধতি আর কি! আর ‘নব ফাল্গুনের দিনে’ রিলস্, চ্যাট আর গেমস্-এ পাঠকরা বেশি টাইম পাস করছে, কাজেই সুহাসিনীর আশা কিছু নেই
সময়ের অভাব যে আছে সেটা নিয়েই আক্ষেপ
তবে উপরের ঐ শেষ স্তবকে ‘পাঠকের দায়’ নিয়ে নয়, যিনি ‘লেখক’ ও কবিতা পোস্ট করার মতো সময় বার করলেন, যদি আশেপাশের তিন-চারটে কবিতাকে লিখিত উৎসাহ দিয়ে যান মন্দ হয়না!
নীল 1 সপ্তাহ 2 দিন আগে
আসলে এগুলো কোনটাই কোন কথা নয়। কবিতা পড়া উচিৎ, আন বায়াসড্ হয়েই পড়া উচিৎ এবং উৎসাহ দেওয়া টাও দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু কখনো কখনো পাঠক ও দীর্ঘ আলস্যে বা নিরন্তর ক্লান্তির শিকার হয়, সেই সব সময় যত দ্রুত কাটিয়ে যাওয়া যায়, ততোই ভালো।
সুহাসিনী 1 সপ্তাহ 2 দিন আগে
আপনি বুঝতে পারছেন ‘একই লেখক’? তাহলে অসুবিধা কোথায়? আর কোনো কোনো ব্যক্তির স্বভাবে সততা থাকেনা বটে
kalyan 1 সপ্তাহ 2 দিন আগে
নীল, সমস্যা কি? একই নামে যিনি লিখছেন, শুধু তাকেই মন্তব্য দিন, তাহলেও তো খানিক সচলতা আসবে
মনে হয় পাঠকের ক্লান্তি ও আলস্যের উদ্দেশেই এই পোস্টটি ছিল
হিয়া রাজা 1 সপ্তাহ 1 দিন আগে
খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা আরম্ভ হয়েছিল। আলোকপাত করার জন্য অনেক ধন্যবাদ ।
আপনার কবিতাটা খুব স্পষ্ট আর সপাট, সাহসীও বটে।
acharyyasankar 1 সপ্তাহ 1 দিন আগে
সুহাসিনী আপনি জরুরি কথা লিখেছেন। আয়নার , দর্পনের ,অভাব তো আছেই। "নিজেদের শব্দের সেল্ফি "-জোরালো উচ্চারণ, ভাবালো। ভাবনা ছিল, মনোযোগ ছিলোনা, আপনি মনোযোগ আকর্ষণ করলেন। শব্দের সেল্ফি , আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাঁরা লেখেন, তাদের কারুর কারুর এই সেল্ফি , লাইক , কমেন্ট ( অবশ্যই প্রশংসামূলক ) এর প্রতি বিশেষ ঝোঁক থাকে , তাতে অন্যায়ও নেই কিছু , সৃষ্টির প্রকাশ ও স্বীকৃতি ব্রহ্মান্ডের স্বভাব, আর মানুষের স্বাভাবিক চাহিদা। কিন্তু সোশ্যাল মিডিয়ার জগৎ বেজায় বড় , রসগ্রাহী মনোযোগী পাঠকের অভাব থেকেই যায়। কিন্তু আমি এই মঞ্চে অনেকদিন ধরেই আছি, আমার নিজের মনে হয়, এই মঞ্চটি ,সোশ্যাল মিডিয়ার থেকে একটু ভিন্ন, এখানে যাঁরা লেখেন, বিশেষ করে যাঁরা শুধু একান্ত ভাবে এই মঞ্চেই লেখেন , তাঁরা এখানে ফিরে ফিরে আসেন কারণ কবিতাপ্রেমী, সমমনস্ক লেখক ও পাঠকদের এই মঞ্চে পাওয়া যায়। আমি দেখেছি, প্রাথমিক ভাবে এই মঞ্চেই লিখতেন এমন বেশ কিছু লেখক -লেখিকা , এই মঞ্চের সদস্যদের অনুপ্রেরণা, ভালোবাসায় এবং অবশ্যই তাঁদের নিজস্ব কাব্যপ্রতিভার জোরে অন্যান্য অনেক মাধ্যমে প্রশংসিত ও সমাদৃত লেখক-লেখিকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। কিন্তু, আমি এতো কথা বলি কোন মুখে, আমি নিজেও তো আপনার আয়নার সামনে দাঁড়ালে লজ্জিত বোধ করছি। মন্তব্য প্রতিমন্তব্যে আমার নিজের উপস্থিতিই লক্ষণীয় ভাবে অপ্রতুল। এর যে কারণগুলি আমি নিজেকে দেই , সেগুলো সব গুলোই কুযুক্তির মতো শোনাবে , তাই অজুহাতের আড়ালে আমার নিজের অসামর্থ্য লুকোবোনা। কিন্তু আপনার কবিতার আয়না , দর্পন আত্মসমীক্ষার প্রয়োজনীয়তা অনুভব করালো সে জন্যে ধন্যবাদ।
সুহাসিনী 1 সপ্তাহ 22 ঘন্টা আগে
অনেক ধন্যবাদ আচার্যশঙ্করদা
নতুন মন্তব্য পাঠান