একে ছন্দ - পর্ব তিন
শুক্র, ২০২৬-১০-৩০ ১১:১২ আগে যা ঘটেছে
প্রফেসর শীতাংশু দিল্লী এয়ারপোর্ট-এ হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর একটা পেনড্রাইভ কি করে যেন আমার ফ্ল্যাটের রজতভদার মা সেন জ্যেঠিমার ব্যাগে এসে গেছে। এরপর জ্যেঠিমার ফ্ল্যাটে কে বা কারা দুঃসাহসিক ডাকাতির চেষ্টা করে। আমার সিক্সথ সেন্স্ বলে পেনড্রাইভটা নিতেই চোর এসেছিল। কিন্তু পেনড্রাইভটা খুলে কিছু অদ্ভুত ছড়া দেখে ধোঁকা লাগে। সেটা নিয়ে আমার বিশ্ব পাকা বান্ধবী স্মৃতির কাছে যাই আর তার পর দেখি আমি আর স্মৃতি কেমন করে যেন এ ব্যাপারে হঠাৎ জড়িয়ে গেছি।
সেন জ্যেঠিমার কাছ থেকে পেনড্রাইভটা চেয়ে নিতে লোক আসতে আমি লোকটাকে পরের দিন দেখা করতে বললাম কারণ ড্রাইভটা স্মৃতি নিজের কাছে রেখে দিয়েছিল। কি কারণে স্মৃতি রজতাভদার ব্যাপারে উৎসাহ দেখতে আমার মন একটু খারাপ হয়ে গেল। আজ তৃতীয় পর্ব।
স্মৃতি ফোন করলো রাত্রে। রজতাভদার আসার কথা ছিল সেটা শুনলো, এরপর জিজ্ঞেস করলো রজতাভদার ফোন নম্বরটা পেয়েছি কিনা। পেয়েছি বলতে, বললো অন্য কোনো নামে আমার মোবাইলে সেভ করে রাখতে। তারপর একটু চিন্তা করে নিজেই বললো, "এক কাজ কর, রজতাভ মানে কি জানিস?
আমি বললাম "রজত মানে তো জানি রুপো আর সম্ভবত রজতাভ মানে রুপোর মতো রং যার, অর্থাৎ চন্দ্র বা চাঁদ।" বলেই কেন জানিনা মনে পড়লো বিদঘুটে ছড়াটার কথা।
স্মৃতিও একই সাথে প্রায় ফিসফিস করে বললো, "একে চন্দ্র দুইএ পক্ষ তিনি নেত্য পায়"। দুজনে একসাথে হেসে উঠলাম।
ওকে জিজ্ঞেস করলাম "তুই রজতাভদার ফোন নম্বরটা নিবিনা?"
ফিচেল খুব ন্যাকামি করে বললো, "যাহ, আমি না কন্যা পক্ষ! আমার লজ্জা করেনা বুঝি! তুই ঘটকালিটা শুরু করনা, কত্তো ভরসা করি তোর ওপর বল!"
তারপর হটাৎ গম্ভীর হয়ে বললো "শোন জ্যান্ত, তুই কিন্তু ছড়াটার বিন্দু বিসর্গও জানিস না, তুই কিচ্ছু দেখিস নি, তোর কিচ্ছু মনে নেই, প্রমিস কর, যেই হোক না কেন, আগামী দিনে যে কেউবা জিজ্ঞেস করুক তোকে ড্রাইভটার ব্যাপারে, তুই বলবি তুই খুলেছিলি বটে, কিন্তু একটা বাচ্চাদের ছড়া দেখে বন্ধ করে দিয়েছিলি সাথে সাথে, আর কখনো খুলিসনি। আর মরে গেলেও মুখ দিয়ে ছড়াটার একবর্ণও বের করবি না। আমার মাথার দিব্যি দেয়া রইলো তোকে।”
বলে আমাকে আর একটা কথাও জিগ্গেস করার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলো। এক্কেবারে পাগলী মেয়েটা!
দেখলাম আজ আমাকে জন্তু না বলে জ্যান্ত বললো। মনটা কেন জানিনা খুশি হয়ে গেল, বোধহয় পদোন্নতি হয়েছে বলে। জন্তু থেকে আজ জ্যান্ত হয়েছি বলেই হয়তো।
কিন্তু আমার মাথায় কতগুলো জিনিস পরিষ্কার হচ্ছেনা! স্মৃতি পেনড্রাইভটায় কি পেয়েছে যে ও ব্যাপারটাকে এতো সিরিয়াসলি নিচ্ছে! কেন ওর একঘন্টা সময় দরকার হলো? কি অর্থ হতে পারে ছড়াগুলোর? কে লিখেছে? শীতাংশু বাবুর ছড়ার সাথে এতো মিল কেন? কি করে ওটা এলো সেন জ্যেঠিমার ব্যাগে? কেন? কেন সেন জ্যেঠিমার ফ্ল্যাটে হামলা হলো? তপন সেন কে? আর কেনই বা পেনড্রাইভটা দেওয়ার সময় এতো সাবধানতা বিশ্বপাকা মেয়েটার? কেনই বা তপন বোস পেনড্রাইভটা নিয়ে যাওয়ার সময় আমার দিকে অমন করে ঠান্ডা চোখে তাকালো? কিচ্ছু পরিষ্কার নয়, গোল গোল গন্ডগোল, ফেলুদার ভাষায় "বিস্তর গন্ডগোল!" সাধে কি আর স্মৃতি বলেছিলো মগজাস্ত্র সবার থাকে না, বা থাকলেও সেই কোয়ালিটির থাকেনা! আমার মগজাস্ত্র নেই, বা মগজাস্ত্রে সেই ধার নেই! স্মৃতির আছে। হটাৎ ভয় করলো। এই সবে জড়িয়ে গিয়ে স্মৃতির যদি কিছু ক্ষতি হয়! যদিও আমাকে বিশেষ পাত্তা দেয় বলে মনে হয়না, কিন্তু এই কবছরে ওর সাথে আমার বন্ধুত্ব এমন জায়গায় পৌঁছেছে, যে ওর বিপদের কথা ভাবতেই মন প্রাণ আনচান করে উঠলো। নাহঃ কিছুতেই ওর কোনো ক্ষতি হতে দেবোনা আমি, তার জন্যে যা করতে হয় করবো। তোর মগজাস্ত্র থাকতে পারে, কিন্তু আমারও হৃদয়াস্ত্র আছে, কোনো বিপদ এলে ঢাল করে তোকে আড়াল করে রাখবো রে হুতোম!
সন্ধ্যেয় অফিস থেকে ফেরার পথে সেন জ্যেঠিমার কাছে গেলাম। বাইরে প্লাস্টিকের মোল্ডেড চেয়ারে বসে একটা বাচ্চা মতো গোলগাল সিভিক পুলিশ বসে বসে খুব যত্ন করে মন দিয়ে পিৎজা খাচ্ছে। আমাকে দেখেই একগাল হাসলো, চেনা হয়ে গেছে একদিনে। একমুখ পিৎজা মুখে বোধহয় বললো,"ভালো আছেন?" কিন্তু আমার শুনে মনে হলো জিজ্ঞেস করলো,"চাঁদে যাচ্ছেন?" ঘাড় নাড়লাম।
দেখলাম সেন জ্যেঠিমা অনেকটা ধাতস্ত হয়েছেন। কাল ছেলের সাথে কথা হয়েছে। হামলার কথা শুনে সাবধানে থাকতে বলেছে। বলেছে যেন খুব চেনা ছাড়া বাইরের কাউকে বাড়িতে ঢুকতে না দেয়। জ্যেঠিমা আমার কথাও, মানে আমি যে জ্যেঠিমার কাছে আসছি, খেয়াল রাখছি সে কথাও বলেছেন। রজতাভদা আমার ফোন নম্বরটা নিয়েছে আর বলেছে আজ কালের মধ্যে আমার সাথে কথা বলবে। আর সামনের মাসে ওর একটা খুব জরুরি কনফারেন্স আছে নেদারল্যান্ড না পোল্যান্ডে, সেটা হলেই আসবে কলকাতায়। ঠিক হ্যায়! তখনি শ্রীমতি স্মৃতি দেবীর সাথে আলাপ করিয়ে দেব’খনে। মনে মনে দুজনকে একসাথে ভেবে মনটা দুঃখী হয়ে গেলো। হতচ্ছাড়ি, কি কুক্ষনে তোর সাথে যে আমার দেখা হয়েছিল।
পরদিন অফিস ঢুকে স্মৃতিকে ফোন করতে ও বললো যে ওর আজকে দুপুরের দিকে একবার আলিপুরে ন্যাশনাল লাইব্রেরি যাওয়ার আছে, আমার সময় হবে কিনা। আজ একটু ব্যস্ত, আমার সময় হবে না। তবু বললাম ফেরার সময় একবার চেষ্টা করবো ন্যাশনাল লাইব্রেরির সামনে দেখা করার। যদি সম্ভব হয় তো সন্ধ্যেবেলা কোথাও গিয়ে বসে একটু চা বা কফি খাওয়া যেতে পারে। ফোনের উল্টো দিকে হাসলো শয়তানটা । বললো "যাহ, কি বেরসিক রে তুই! আমি ভাবলাম কোথায় মিস্টার জয়ন্ত আমাকে পার্ক স্ট্রিটের কোনো সুন্দর রেস্তোরাঁতে নিয়ে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করাবে, তা না শুধু চা!"
আমি বললাম, "অত অধৈর্য্য হয়োনা ম্যাডাম, যিনি সেটা করাবেন তিনি সামনের মাসেই আসছেন!"
স্মৃতি বলে উঠলো "তাই নাকি, কে তোর রজতাভদা? এটা তো জানতাম না! বাঃ, বেশ হবে, একসাথে ডিনারে হাওয়া যাবে তিনজনা।"
আমি মনে মনে বললাম, "নাহঃ, তোমরাই যেও দুজনে, কাবাবমে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছে আমার নেই!"
আমি জানি, যদিও স্মৃতির ব্যাপারে রজতাভদার কিচ্ছুটি জানেনা, কিন্তু স্মৃতি এমন একটা সুন্দর বুদ্ধিমতী স্মার্ট আর ইম্প্রেসিভ মেয়ে, রজতাভদা কেন, পৃথিবীর যে কোনো ছেলের ওকে ভাল লেগে যাবে। মনটা খারাপ হয়ে গেল। আমার আজকাল যে কি হয়েছে, স্মৃতি রজতাভদার ব্যাপারে ইন্টারেস্ট দেখানোর পর থেকে দুজনকে একসাথে ভাবলেই মনটা খারাপ হয়ে যায়।
স্মৃতি বললো, "বহুত খুব! ঠিক হ্যায়, তো ফির আজ মিলতে হ্যায়, পুরা শুনুঙ্গি!"
ফোনটা রাখলাম। আর তখনি আমার মোবাইলে ফোনটা এলো। কোনো একটা বাইরের ইন্টারন্যাশনাল নম্বর থেকে। ভাবলাম রজতাভদা বুঝি, কিন্তু খুব অদ্ভুত একটা ঠান্ডা গলায় কেউ একটা ফোন করে বাংলায় বললো, "বহুত চালাক হয়েছো না জয়ন্তবাবু? পেনড্রাইভ পাল্টে দেওয়া হয়েছে? শোনো খোকা, আমাদের সাথে চালাকি কোরো না, ফল মোটেই ভাল হবে না।! ভাল চাও তো ভাল ছেলের মত আসল পেনড্রাইভটা নিয়ে আজ বিকেল চারটেয় রুবির মোড়ে দাঁড়াবে, একটা খালি দেশলাইয়ের বাক্সে পেনড্রাইভটা ভরে হাতে নিয়ে। ঠিক সোয়া চারটেয় ওই বাস স্ট্যান্ডের একটু আগে একটা এম্বুলেন্স এসে দাঁড়াবে, পেছনের দরজা খুলে কালো শার্ট পড়া একজন এসে তোমাকে দেশলাই চাইবে আর তুমি ভালো ছেলের মতো পেনড্রাইভটা তার হাতে দিয়ে দেবে। কোন রকম চালাকি করলে তার ফল মোটেই ভালো হবে না।" বলা শেষ হতেই ফোনটা কট করে কেটে গেলো।
স্মৃতিকে সাথে সাথে ফোন করলাম, হুমকিটার কথা বললাম আর সাথে সাথে জিজ্ঞেস করলাম যে লোকটা আসল পেনড্রাইভটা বলে যা চাইলো তার মানে কি। স্মৃতি কি পেনড্রাইভটা পাল্টে দিয়েছে? কেন? কি কারণে? আমি অফিসে আজ সকালে লাঞ্চ বাক্সের মাধ্যমে স্মৃতির থেকে ড্রাইভটা পেয়ে তারপর আর খুলে দেখিনি।
স্মৃতি আমার কথাটা শুনে খালি ‘দাঁড়া তো জন্তু!” বলে ফোনটা সাথে সাথে কেটে দিলো! অসহ্য! এই পাকা মেয়েটাকে নিয়ে যে কি করি! সাংঘাতিক টেনশন হচ্ছে। মিনিট দশ পনেরো পরে থাকতে না পেরে নিচে নেমে একটা সিগারেট ধরালাম, দুটো টান দিয়েছি আর সাথে সাথে একটা হোয়াটস্যাপ মেসেজ এলো। বদমাইস মেয়েটা লিখেছে, "যা দেখবি, তাতে অবাক হবিনা, আমাকে চেনার চেষ্টাও করিস না বোকার মত!"
যাচ্ছলে! ওকে আবার চেনার চেষ্টা করবা কেন, ওকে তো চিনিই ! কি সব উল্টোপাল্টা বলে রে মেয়েটা! মেয়েটার নিজের মাথাও ঠিক নেই আর সাথে আমার মাথাও খারাপ করে ছাড়বে! সিগারেট ধরিয়ে এই সব আকাশ পাতাল ভাবছি হঠাৎ দেখি উল্টো ফুটে খুব জোরে চিৎকার চেঁচামেচি! দেখি একজন বছর ত্রিশেকের মহিলা হাতের ছাতা দিয়ে কাউকে বেধড়ক পেটাচ্ছে আর চিল চিৎকার করে চেঁচাচ্ছে! মাটিতে ছোট ছোট কিসের সব প্যাকেট ছড়িয়ে আছে। চতুর্দিকে লোক জমে গেছে, আর কোত্থেকে একটা পুলিশ হেলতে দুলতে ভীড়ের দিকে এগিয়ে যাচ্ছে।
কাছে যেতেই দেখলাম লোকটা এবার প্রায় গণ পিটুনি খাচ্ছে আর এবার লোকটাকে পরিষ্কার চিনতে পারলাম! এই সেই চোয়াড়ে মত লোকটা, যেটাকে সেদিন অফিসের নিচে তপন বোসের সাথে দেখেছিলাম। হঠাৎ দেখি ভীড়ের মধ্যে হুতোম! বদমাইস মেয়ে মুখে উপচানো হাসি নিয়ে অবাক চোখে লোকটার পিটুনি খাওয়া দেখছে। আমি ওকে দেখে চেঁচিয়ে উঠতে গিয়েও মুখ বন্ধ করে নিলাম, মনে পড়ে গেলো হোয়াটসআপে ওর টেক্সটটা।
লোকটার অবস্থা তখন শোচনীয়, মারের চোটে মুখ জুড়ে কালশিটে, জামা ছিঁড়ে একসা, আর ওই ভদ্রমহিলা তখনও কাঁদছেন আর তারস্বরে চেঁচাচ্ছেন, "দেখুন না দাদা, গরিব বলে ইজ্জত নেই? মশলা বেচে খাই, খেটে খাই, ইজ্জত বেচিনা, জানোয়ারটার এতো সাহস, বলে ঘন্টার রেট কত? গায়ে হাত দিবি জানোয়ারের বাচ্চা! বাড়িতে মা বোন নেই! বদমাইশ নোংরা জানোয়ার কোথাকার! কেন গায়ে হাত দিলি, হ্যাঁ? কেন? কেন?"
চেঁচাচ্ছে আর তার সাথে চলছে বেধড়ক ছাতার ঘা, শরীরের কোনো জায়গা বাদ নেই। সাথে সাথে উত্তেজিত জনতা যে যার মতো হাতের সুখ করে নিচ্ছে! লোকটা এবার বাজারের পিটুনি খাচ্ছে! দেখলাম বদমেজাজি বলে খ্যাত ফুটপাতের ঘুঘনি আর ডিম্ পাউরুটিওয়ালা সন্ডাগন্ডা দু ভাই এগিয়ে আসছে, হাতে উনুন খোঁচানো শিকটা! ব্যাপার স্যাপার কিচ্ছু বুঝলাম না!
দূরে আসতেই আবার টেক্সট এলো, আবার সেই গাঁটকু সুন্দরী, "দেখলি তো ! আজ চারটেয় যার এম্বুলেন্স নিয়ে আসার কথা ছিল, তাকেই এখন এম্বুলেন্সে শুয়ে যেতে হবে! টেনশন নিসনা!"
ওহ এই ব্যাপার! চক্রের ভেতরে চক্র। ও নিজে দেখতে চায় জল কত গভীর! এই জন্য এখানে নিজেই এসেছে উইথ সাগরেদ। এইজন্য আমাকে এখানে ওকে চিনতে না করেছে!
“আপনে রইলেন ডর পানিতে পোলারে পাঠাইলেন চর!”
বাপ্ রে, এ মেয়ে নয়, এ অসুরদলনি দুর্গতিনাশিনী রে! কোথায় খাপ খুলেছ তপন বাবু?
সাড়ে চারটেয় ন্যাশনাল লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ছিলাম, হটাৎ একটা আপ ক্যাব এসে থামলো এক সেকেন্ডে জন্যে। ঘাবড়ে গিয়ে দূরে সরছিলাম, জানলা দিয়ে স্মৃতি, বললো, "উঠে আয়না হাঁদু ছেলে কোথাকার!" তো হাঁদু ছেলে লাফিয়ে গাড়িতে উঠে পড়লো।
এবার গাঁটকুটা আবার ফিচেল হাসি হেসে বললো, এরকম সুন্দর হ্যাণ্ডসাম ছেলে একলা দাঁড়িয়ে থাকলে তো সুন্দরীরা তুলে নিয়ে যাবে রে জন্তু! তাই আমি আগেই তোকে কিডন্যাপ করলাম বুঝলি!"
ওঃ পারেও মেয়েটা!
জিজ্ঞেস করলাম, "সকালে আমার অফিসের সামনে ব্যাপারটা কি নামলো বলতো?"
"ওহ, শ্যামলীদি? শ্যামলীদি তো চিৎপুরে যাত্রা করে রে, খুব পাওয়ারফুল আর্টিস্ট!"
"হুঁ! সে আর বলতে? ছাতার বাড়ি মারা দেখেই মালুম হয়েছে!পাওয়ারফুল ব'লে পাওয়ারফুল! কিন্তু তুই এতো তাড়াতড়ি ব্যাপারটা নামালি কি করে? তোকে তো দশ মিনিট হয়নি ফোন করে হুমকির কথাটা বলেছি!"
শয়তান মেয়েটা ঠোঁটের কোন ফিচেল হাসিটা আবার হাসলো, বললো, "গুপ্তচরবৃত্তি কি খালি তোর তপনা বাবুরই কপিরাইট রে জন্তু! তোর হুতোম কিছু কম যায়না! শামলীদির এখন অফ সিজন, সন্ডাটা কদিন হ'ল তোর অফিসের সামনে থানা গেড়ে বসেছিল, নজর রাখার জন্যে, তো ম্যায় আজ উসকা নজর উতার দিয়া!" এই বলে হাসতে লাগলো।
বললো, “শ্যামলীদিকে আজ সকালেই ওর ওপর নজর রাখার জন্যে ওখানে আসতে বলেছিলাম রে, কাজে লেগে গেলো। ভালোই হলো! তপনা এখন হাত কামড়াবে কদিন! তপন বাবুর পোষা কুকুর এখন দিন দুয়েক জেলের লপসি টপসি খাবে, আজ শুক্রবার, কাল পরশু কোর্ট বন্ধ! ঠাকুর মুখ তুলে চাইলে, লোকটার যা পালিশ হয়েছে, রেস্টটা দু থেকে দশ দিনও হতে পারে, চাইকি, এই সুযোগে তোর তপনবাবুর হাল হদিসও পেয়ে যেতে পারি! তুই ঘাবড়াসনা, তোকে এখন কদিন কেউ আর বিরক্ত করবে না! ম্যায় হুঁ না!"
একবার ভাবলাম চসমেশটাকে বলি আমার সাথে ডিনারে যাবে কিনা, কিন্তু তার আগে ওই আমার মাকে ফোন করে বললো, "মিমি, তোমার হাতের সেই বিখ্যাত পরোটা আর ডিম আলুর দম খাবো, আমি আর তোতন আসছি গো রাত্রে!"
স্পিকার অন ছিলো, শুনতে পেলাম মা বললো "বাঃ, খুব ভালো, তাহলে তোকে আজ আর ওখানে ফিরতে হবেনা, এখানেই থেকে যাবি"।
ফোনে কথা হলেও দেখলাম স্মৃতি খুব বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়লো। আমার মাকে ও প্রথম দিন থেকে মিমি বলে, হুতোমের মা বেশ ছোটবেলায় মারা গেছেন।
এবারে আমার দিকে ফিরে হুতোম-কুমারী বললো, "চল, জন্তু বাড়ি ফেরার আগে একটা কাজ সেরে আসি। কাজটা কমপ্লিটলি তোর কাজ, আমি কিন্তু আসরে নেই। ফেলুদা তো অন্য কাজে ব্যস্ত থাকে, এই সব পেটি কেস দিয়ে তার সময় নষ্ট করবো না, তাই আমি এখন একটু ফেলুদার ভাইয়ের সাথে দেখা করে আসি, কিছু পরামর্শ আছে।"
উফ, এই মেয়েটার মাথায় কত মিটার ছিট্ আছে, ভগবান জানে! আমার দিকে ফিরে বললো, তুই এখন সোজা এই ঠিকানায় যাবি, বলে হাতে একটা কাগজের চিরকুট গুঁজে দিল। দেখলাম তাতে কয়েকটা নাম লেখা আছে ! তার মধ্যে দু একটা নাম আমার খুব চেনা লাগলো -যেমন বিবেক খারাডে তারপর ডক্টর অপূর্ব মহাপাত্র ! ওহ, মনে পড়লো ! এরা তো সবাই শীতাংশু স্যারের ইনস্টিটিউটের কলিগরা ! বিশেষ করে একটা নাম আমি দেখেই চিনতে পারলাম।
ডক্টর অপূর্ব মহাপাত্র। শীতাংশুবাবুর অনেক সহকারী বৈজ্ঞানিকদের মধ্যে ইনি বিশিষ্ট একজন ছিলেন। শীতাংশুবাবু মারা যাওয়ার পর এনার একটা সাক্ষাৎকার টিভিতে দেখিয়েছিলো, সাক্ষাৎকারটা শুধু খুব ভালো আর খুব ইম্প্রেসিভই ছিলোনা, সাংঘাতিক ইনফরমেটিভও ছিল। ফিজিক্সের বিভিন্ন ক্ষেত্রে দুজনে একসাথে কাজ করার সুবাদে ইনি সেদিন দর্শকদের কাছে ফিজিক্সের বিভিন্ন ক্ষেত্রে শীতাংশুবাবুর অবদানগুলো অত্যন্ত মনোগ্রাহী করে বুঝিয়েছিলেন। আমায় এখন যেতে হবে তার কাছে। কি বলতে হবে সেটা যেতে যেতে গাঁটকু সুন্দরী আমায় বারবার পাখিপড়া করে বুঝিয়ে দিল। এক জায়গায় ও নেমে গেলো। গাড়ি থেকে নামার সময় হটাৎ কানের কাছে মুখটা নিয়ে এসে বললো, "জন্তু, ভয় বা টেনশন নিসনা, বুঝলি! অল দি বেস্ট!"
একটা গন্ধ পেলাম এক মুহূর্তের জন্যে, ঘাম, পারফিউম আর হুতোমের একটা নিজস্ব গন্ধ মিশে খুব চেনা কিন্তু একইসাথে আবার এক্কেবারে অচেনা একটা গন্ধ! হতচ্ছাড়ি, আমার এসবে ভয় নেই, ভয় তো তোকে রে আমার হুতোম প্যাঁচা! কানের এত কাছে এসে ফিসফিস করে কথা না বললেই নয়? দিলি তো বুকের ভেতরটা দুরমুশ করে!
প্রথম ঠিকানার কাছাকাছি পৌঁছলাম যখন, তখন অন্ধকার হয়ে এসেছে। বাঁশদ্রোণীর এই জায়গাগুলো বেশ পুরোনো। এগুলো এখনও পায়রার খোপের মত অজস্র এপার্টমেন্ট জর্জ্জরিত হয়ে ওঠেনি। এলাকাতে ঢোকার মুখে যদিও বা বেশ কিছু কমপ্লেক্স দেখলাম, ঠিকানার কাছে এসে দেখলাম প্রায় সব একতলা বা দোতলা বাড়ি। অনেক আগে তৈরি। ঠিকানাটা অনেক খুঁজেও ঠিক ঠাহর করতে পারছিলাম না। বাড়ির নম্বরটা বলছে, সাতশো বাইশের বি, রামধন লেন, কিন্তু সাতশো বাইশের "এ"র পর সোজা সাতশো তেইশ দেখাচ্ছে। মিনিট পাঁচেক একই জায়গায় ঘুরে গাড়িটা থামিয়ে আমি আর ড্রাইভার ছেলেটি দাঁড়িয়ে আন্দাজ করার চেষ্টা করছি, দেখলাম একটু দূরে একটা লোক হাতে একটা বড়ো প্লাস্টিকের ব্যাগ নিয়ে হন হন করে এদিকে আসছে। কাছে আসতে লোকটাকে জিজ্ঞেস করতেই লোকটা কেমন অবাক হয়ে আমাদের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো কাকে খুঁজছি। নাম বললাম। লোকটা আবার বেশ অবাক দৃষ্টিতে আমাদের অপাঙ্গে তাকিয়ে বললো "আসুন আমার সঙ্গে!" আমি জিজ্ঞেস করলাম "গাড়ি?" লোকটা বললো,"না"। দেখলাম,সাতশো বাইশের "এ" আর "তেইশ"এর মাঝে "বি" টা আছে, কিন্তু সামনে বাগান আর একটা ঝাড় মতো গাছ থাকায় “বি” টা দেখা যাচ্ছিলোনা। লোকটা বাড়ির পাশ দিয়ে কোথায় যেন ঢুকে গেল আর এতক্ষনে আলোয় দেখতে পেলাম, লোকটার প্লাস্টিকের ব্যাগে টাটকা কাটা মাংস, তখন কাঁচা রক্ত দেখা যাচ্ছে প্লাস্টিকের প্যাকেটের ভেতরের দিকে। পরিমানে অনেক খানি, প্রায় দু আড়াই কিলো তো হবেই। যাই হোক, বাড়ির সামনে সদর দরজায় বেল দিতে একজন বয়স্ক টাক মাথা ভদ্রলোক দরজা খুললেন। চিনতে পারলাম, আগে দেখেছি, টিভি তে হলেও চিনতে পারলাম, ডক্টর মহাপাত্র।
জিজ্ঞাসু চোখ তুলে বললেন, "ইয়েস," আমি ডক্টর মহাপাত্রের সাথে কথা বলতে চাই বলতেই জিজ্ঞাসা করলেন, তার সাথে কি দরকার। আমি কারণ হিসেবে স্মৃতি যা বলেছিলো তা বলতেই খুব অবাক হয়ে গেলেন।
বললেন "তাই নাকি, আমিই ডক্টর মহাপাত্র, আমি তো এতদিন স্যারের সাথে কাজ করছি, কিন্তু এ ব্যাপারে কখনো তার কাছ থেকে কিছু শুনিনি! কি নাম বললেন আপনার? ব্যাপারটা ইন্টারেষ্টিং, কিন্তু আমার মনে হয়না এ ব্যপারে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো! আমাদের ইনস্টিটিউট থেকেই সমস্ত রিসার্চ পেপার ডিজিটাইজেশনের এবং ডাটা সিকিউরিটির কাজ করা হয়। তবে ইদানিং রিটায়ারমেন্টের পর স্যার যদি নিজের রিসার্চ গুলো নিয়ে অন্য কিছু ভেবে থাকেন তাহলে আমি জানিনা। সেটা জানতে পারে বিবেক খারাডে, যে ওনার সাথে ইদানিং কাজ করছিল।" আমি ন্যাকা সেজে জিজ্ঞেস করলাম, "কিন্তু স্যার, আমি একটা স্টার্ট আপ সংস্থা, আমি আমার অনেকটা সময় আর রিসোর্স লাগিয়েছিলাম ওনার কাজটাকে পুরো ডিজিটাইজ করে এনক্রিপশন করতে। প্রাপ্য পয়সাটা না পেলে খুব ক্ষতি হয়ে যাবে। আপনি কি ব্যাপারটা নিয়ে, ওই বিবেক বাবুর সাথে একটু কথা বলতে পারেন না?" ডক্টর মহাপাত্র বললেন, বিবেক তো এখন নেই, শীতাংশু স্যারের জেনিভা যাওয়ার কদিন আগে ওর বাবা মারা যায়, তাই ও ওর দেশে, মানে মহারাষ্ট্রে গেছে। কোলহাপুর না কোথায়, ঠিক জানিনা। আপনি এক কাজ করুন, আপনার কার্ডটা রেখে যান, ও এলে বা কখনো ফোন করলে আমি ওকে বলবো আপনার সাথে যোগাযোগ করতে।
ফাঁপরে পড়ে গেলাম, এটার জন্যে তৈরি ছিলাম না। আমি আমার পার্স বার করে আমার কার্ড খোঁজার ভান করতে আরম্ভ করলাম।
যথারীতি না পাওয়ার ভান করে একটু কাঁচুমাচু ভাব এনে বললাম, "স্যার, কার্ড তো এই মুহূর্তে নেই, বোধহয় ফেলে এসেছি, তা আপনি স্যার বিবেক বাবুর ফোন নম্বরটা দিননা, আমি ফোন করে কথা বলে নেবো।"
উত্তরে ডক্টর মহাপাত্র মনে হলো একটু হেসে বললেন, "কার্ড নেই? সেকি? তা আপনি আমার রেফারেন্স কি করে পেলেন বলুন তো? কে দিল আপনাকে আমার রেফারেন্স?"
এটার উত্তর তৈরি ছিল, বললাম "স্যার, আমি শীতাংশু স্যার মারা যাবার পর আপনার ইন্টারভিউটা টিভিতে দেখেছিলাম, মনে হয়েছিল আপনার এই ব্যাপারে কিছু জানা থাকতে পারে, আপনারা এক সাথে কাজ করেছিলেন বলেছিলেন না? তা এই ভেবে আমি তারপর আপনাদের ইনস্টিটিউট থেকে আপনার ঠিকানাটা পেলাম!"
মহাপাত্রবাবু বললেন "ও আচ্ছা, না, আগেই বলেছি, এ ব্যাপারে কিছু জানা নেই আমার। আর আপনার সাথে স্যারের যোগাযোগ কি করে হয়েছিল বলুন তো? কার মাধ্যমে?"
এটার উত্তরও তৈরি ছিল, বললাম, "আমার এক বন্ধু আছে, ওনার পুরোনো ছাত্র, রিসেন্টলি বাইরে গেছে, রিসার্চের কাজে, ওই আমাকে ওনার সাথে যোগাযোগ করিয়ে দেয়!" জবাবটা যুৎসই হলো কিনা জানিনা, কিন্তু মহাপাত্রবাবু আর কোনো প্রশ্ন করলেন না। হাঁফ ছেড়ে বাঁচলাম!
আবার জিজ্ঞেস করলাম, "স্যার, বিবেক খারাডের ফোন নম্বরটা কি পাওয়া যাবে?"
উনি বললেন, ওনার কাছে নেই, ইনস্টিটিউট কারুর কাছে থাকতে পারে। আমি যদি সোমবার ইনস্টিটিউট আসি, তাহলে উনি জোগাড় করে দিতে পারেন। আরো বললেন যে বিবেক অরিজিনালি মুম্বাই ইউনিভার্সিটির ছেলে, দু বছর হলো রিসার্চ এসিস্টেন্ট হিসেবে ইনস্টিটিউটে জয়েন করেছে। ইদানিং শীতাংশুবাবুর সাথে কাজ করছিল যার সাথে ইনস্টিটিউটের কাজের কোনো সম্পর্ক নেই।
আমি ধন্যবাদ জানিয়ে ফিরলাম, গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিলাম বাড়ির সামনেই, তাই বলেছিলো মিনি ফেলুদিটা। গাড়িতে উঠতেই দেখলাম সে, কখন এসে বসেছে, হাতে আলতো একটা চাপ দিয়ে বুঝিয়ে দিলো, আমাকে ও একা ছাড়েনি।
ওকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কেন আমাকে পাখিপড়া করে মহাপাত্রের কাছে পাঠানো হলো, কিন্তু তার আগেই চোখের কোন দিয়ে একটা তেরছা নজর আর প্রশংসার হাসি দিয়ে বললো, "তুই খুব সুন্দর ব্যাপারটা নামিয়েছিস জ্যান্ত, আমি হলেও এতটা পারতামনা। নিশ্চয়ই বুঝতে পেরেছিস, লোকটাকে ইন্টারভিউয়ের দরকার ছিল, লোকটার এই পেনড্রাইভটার ব্যাপারে ইন্টারেস্ট আছে কিনা, পেনড্রাইভটার ফাইলগুলো সমন্ধে জানে কিনা বা জানলেও কতটা জানে, এইসব দেখার দরকার ছিল।"
আমি জিজ্ঞেস করলাম, "তো কি বুঝলি?"
বিজ্ঞের মতো হাসি হেসে শয়তানটা জবাব দিলো, "আপকা সামনে অব সির্ফ দো লাইফ লাইন বাঁচে হ্যায়, সিগারেট পিনা, ইয়া সিগারেট পিলানা! কৌনসা লাইফ লাইন পসন্দ করেঙ্গে আপ, হ্যাঁইঃ?"
তারপর আমার তোয়াক্কা না করে আমারই ব্যাগে হাতভরে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে ধরিয়ে একমুখ ধোঁয়া ছেড়ে বললো, "দেখিস না! সিগারেট পিনা সোয়াস্থ কে লিয়ে হানি কারক হ্যায়!" উঃ, কত কায়দাই জানে মেয়েটা! নির্ঘাৎ কায়দায় ডক্টরেট করেছে!
(ক্রমশঃ)
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 230





তপন 1 সপ্তাহ 4 দিন আগে
এই পর্বটি বেশ লাগল
এনা 1 সপ্তাহ 4 দিন আগে
দারুণ
shankha 1 সপ্তাহ 4 দিন আগে
আজ তৃতীয় পর্ব
lively story
সুহাসিনী 1 সপ্তাহ 4 দিন আগে
দীর্ঘ লেখাকে সেলুট করি, কারণ তাতে ক্ষমতা লাগে
সৈয়দ মুনসিফ আলী 1 সপ্তাহ 3 দিন আগে
ভালো লিখে চলেছেন
হিয়া রাজা 5 দিন 2 ঘন্টা আগে
সবাইকে প্রচুর ধন্যবাদ।
নতুন মন্তব্য পাঠান