সুলোচনা

সুলোচনা ক্যাটারাক্ট, সুলোচনা বয়সের অসীম শ্রাবণে ...
একদিন ধীরে ধীরে আমাদের বধিরতা আসে
কবিতার অমোঘ কণ্ঠস্বর প্রবলতম ফিকে হয়ে যায়, যত ...
যত বিপ্লব ছিল, যত বিল্বপত্র ছিল, সাবেক অহমিকা
যত ছিল প্রত্যয়ের অকুণ্ঠ শরীরে ...
সুলোচনা বহুদিন পরে রান্নাঘরে আজ, আসলেই আধুনিক
কিচেনেটে তবুও পুরাতন মশল্লাঘ্রাণ, তবুও মনে পড়ে
প্রেমের রেশম কিভাবে ক্ষীণ অঙ্গুরীয় দিয়ে গলে যায়
কিভাবে তুলোটে কাগজে লেখা পান্ডুলিপি যত, শিশার হরফ
পেলনা বলে, উদ্বায়ী হয়ে গেছে সময়সায়রে ... অন্য শহরে
সুলোচনা, বহুদিন পরে আজ তার গৃহে ধীরস্থির বসি,
এখন ধবল অন্ন, রেকাবি থেকে ধোঁয়ার শরীরে তরকারিঘ্রাণ
দরকারি কথারা আজ বেহদ্ অদরকারী হয়ে গেছে ব’লে
আমরাও কম কথা বলি, তবুও কোথাও অতীত প্রণয়ের
দেহ ক্লীব তোরঙ্গের ভিতরে আড়মোড়া ভাঙে, সুলোচনা ...
সু, হয়তো, আবার একদিন আবার এ সুনয়নী শহরে
এসে পড়তেই পারি, যদি জরা মায়াবী কোনো আয়ু দিয়ে
যায়, আর স্মৃতির ম্যাপে দেখি অক্ষয় লোচনা কীভাবে
অমলিন নক্ষত্র হয়ে জেগে থাকে অনিদ্রার কবিতাবিহীন রাতে ...
একেবারে অসম্পূর্ণ ভাবনা



ঝর্না 13 সপ্তাহ 4 দিন আগে
খুব খুব ভালো লাগলো
নতুন মন্তব্য পাঠান