ছেড়ে দিলাম কবিতা তিনটে
মঙ্গল, ২০২৬-০৬-৩০ ১৮:২৯ ছেড়ে দিলেম কবিতা তিনটে
রাত বারোটার আগে
খেয়েদেয়ে আশ্বস্ত হয়ে
আধশোয়া হেলানে চুপিসারে
জুতোহীন মৃদু চোট নিয়ে
যিনারা হরফ পড়বেন তিনারা
আমারই লোক
রাত বারোটার কাছে
মানুষ জেগে
মানুষ সবার আগে
ছেড়ে দিলেম কবিতা তিনটে
……………….. আখেরুল হক
ভার
……………………………………………..,
প্লাস্টিক টিয়া কথা বলে না
তাহলে লাল ঠোঁটে কথা বলবে কে
অবচেতন সেরা
অ্যালোবেরা অ্যালোবেরা
কোথায় তোমার চেনা
শিয়ালদাহ না হাওড়া
বাইকের জঙ্ঘায় গতির আদ্রতা
বাগানে পুষ্পের মাথাচেড়া
মাথা থেকে মন অবধি সাজ
ঘন নৌকায় দাঁড়া
মোদের ত্বকের খোরাক পছন্দ ট্যানিন
অ্যালোবেরা অ্যালোবেরা
কথা বলে ট্যাপের জলপড়া
মেঝেতে শুয়ে কান পাতি
শ্বাস ছাড়ে ট্রেনের কামরার বাতাসেরা
নির্জন ঘরে টেলিফোন বাজে
পাড়াসুদ্ধ ভাবে
আমরা যা না-জানি
ও’বাড়ির বিড়ালেরা তা জানে
ক্যালেন্ডার ধরে থাকে স্মৃতি
কবিতা টেনে নেয় গর্তের ইঁদুর
বিড়ালের দরজার আড়ালে
ইঁদুর বাঁচে কবি বাঁচে
ঘাম ঝরলেই কি ক্লান্তি বোঝায়
আমরা অনেক সময়
ইচ্ছে করেই ঘেমে যায়
ইচ্ছে করেই অ্যাকুরিয়ামের
মাছকে জ্বালাই
উৎসবে উপহারে
ডাকা হয় ফুল
কেন ডাকা হয় না আলকাতরা
বিচার চাই
কুটুম চাই
তারে তারে প্রতিটি কথায়
আমার হৃদয়ে
তোমার গলায়
ডাকা হয় শিলের ওপর নোড়া
কেন ডাকা হয় না আলকাতরা
মৃতের দিকে জীবিতের
একবারই ফেরা
বাদ বাকি মাটি জানে
ময়ূর জানে
তাড়া আছে তাই
কবিতা শীর্ণকায়
এতটা পথ আমার
যতটা পথ বাসের
ততটা পথ কাজলে ভরা
অ্যালোবেরা অ্যালোবেরা
কথার ভার
কথা দিয়েই লঘু হবে
ইস্পাত জোরদার
তবে তা রক্ষণশীল নয়
রক্ষণশীল হৃদয় একতারা
আরও পাল্টানো যাবে
বড় পাল্টাও রাত বারোটার আগে
রাত বারোটার পর
রাতের পর রাত
স্বভাব হাতছাড়া
বচন খুঁজতে
ড্র্যাগনলতা সেরা
প্রশ্ন এটা নয়
যে আমরা পোলিও সেবনে টিকে যাব
প্রশ্ন হল
বড় মুখ করে বলা
আমি তোমায় ভালোবাসি
ভদ্রভাষী খোশদিল জান্নাতবাসী
প্রেমের তরে
কোলকাতায় যেতে হতে পারে
এই নাও ফুলকফি
সুবিশ্বাসে ভরা
অ্যালোবেরা অ্যালোবেরা
ডিমগুলি সাদা
ঘোড়াগুলো লাল
প্রতিটি শুরুই সকাল
নতুনে আনন্দ পাগল
ব্যথা এই গর্ভবতীর
পুরুষের কায়িক ভ্রমণ
অলিগলি ঘড়ি ঘর বাতায়ন,
সততার সম্ভাবনা
এক কাপ চা
প্রারম্ভে চাই
আমাদের প্রেম আত্মার বিচার
কালহীন অস্থানিক অমর
অ্যালোবেরা অ্যালোবেরা
বেশ তো
শিখে গেছি শিষ দেয়া
কমতেছে ভার ভর গরম
সিগারেটের ধোঁয়া চড়ছে চারমিনারে
বৃষ্টিগুলি একাই ছিল
মাটিতে পড়ার আগে
কলাপাতার পানি সবুজ
কচুপাতায় পড়ার আগে
কচুপাতায় পড়ার পরে
কচুপাতার পানি সবুজ
ভুলিব কেমনে পেরিস্কোপ চুমা
পালং শাকের ঠিকঠাক
বাদামের ভুলগুলি
অক্ষরের সীমা
সংখাকে সহ্য করো
তারা অসংখ্য ঈঙ্গিতে ভরা
কথা লিখছে কত লিখছে
কে কারা
অ্যালোবেরা অ্যালোবেরা
………………………………………
আখেরুল হক
- আখেরুল হক-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 389





m.c. 2 সপ্তাহ 1 দিন আগে
Excellento
কলিতা 2 সপ্তাহ 1 দিন আগে
‘পালং শাকের ঠিকঠাক
বাদামের ভুলগুলি’
কি বলেন
সব মিলিয়ে, বেশ লাগল
হলুদ 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
আবারো অনবদ্য
কলিতা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
অ্যালোবেরা কি অ্যালোভেরা?
কলিতা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
বেশ ভিন্নরকম স্বাদের লেখাগুলি, পড়তে ভালোই লাগল
মধুছন্দা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
‘বচন খুঁজতে
ড্র্যাগনলতা সেরা’
এটি কি ড্রাগনফ্রুটের কথা বলেছেন?
পম 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
"তাহলে লাল ঠোঁটে কথা বলবে কে
অবচেতন সেরা
অ্যালোবেরা অ্যালোবেরা"
কোনো গুহ্যসঙ্গীতের ন্যায় প্রতীয়মান হলো
কবিতা খুব সম্ভব প্লাস্টিক হয়ে যাবে, কথা বললেও সে কথা কেউ কানে নেবেনা
পম 2 সপ্তাহ 16 ঘন্টা আগে
"সিগারেটের ধোঁয়া চড়ছে চারমিনারে"
এই চারমিনার ব্র্যান্ডটা একসময় এখানে খুব চলত
কমলাটে রঙের প্যাকেট ছিল, কড়ক স্বাদ
চারটে মিনার আজ পাঁচ নম্বর ছায়া ধার করেছে
একটি কমলাটে প্যাকেটের ভেতর থেকে।
কমলাটে রঙটা আসলে একটি ভুল উচ্চারণ।

কেউ "আগুন" বলতে গিয়ে
একটি পুরোনো প্রেমিকার ডাকনাম বলে ফেলেছিল।
সেই থেকে প্রতিটি দেশলাই কাঠি
নিজের মাথায় একটি অব্যবহৃত সুড়ঙ্গ বহন করে।
পম 2 সপ্তাহ 16 ঘন্টা আগে
"বিড়ালের দরজার আড়ালে
ইঁদুর বাঁচে কবি বাঁচে"
ভাবছি আপনার কাছে দীক্ষা নিব
অনিমেষ দত্ত 2 সপ্তাহ 16 ঘন্টা আগে
আপনি ছেড়ে দিলেন কবিতা তিনটে
আমি লুফে নিলাম
ভাবছি বড় কোনো গন্ডগোলে পড়ব না তো
আখেরুল হক 1 সপ্তাহ 5 দিন আগে
যিনারা কবিতা পড়েছেন বা মন্তব্য করলেন সকলকে অশেষ ধন্যবাদ ।
১.অ্যালোভেরা শব্দটি একটু কানে ভারি মনে হচ্ছিল তাই অ্যালোবেরা বলেছি।
২.ড্র্যাগনলতা বলতে ড্রাগনফ্রুটের লতাকে বলা হয়েছে .. যা সব বাড়ির ছাদে টবে গজিয়ে উঠছে।
৩. পম বাবু তো বড় কথা বলে ফেলেছেন … দীক্ষা নেওয়ার .. আসলে কারো মনের অবস্থা বা কথা বুঝতে পারাটাই তো তার জন্য আশির্বাদ এবং সে এক ধরনের শিক্ষাই অর্জন করলো।
৪. অনিমেষ বাবুকে বলি—- কোনো ভয় নেই, আমার লেখাকে আপনি যেখান সেখানে যেমন তেমন ভাবে ব্যবহার করতে পারেন; এব্যাপারে আমি চরমপন্থী নই , উদারপন্থী।
ভালো থাকুক শব্দ প্রেমী মানবকুল..
নতুন মন্তব্য পাঠান