দাড়ি কাটার আগের দিন
সোম, ২০২৬-০৬-২৯ ১২:২৭ ঘন বনানীর বুক চিরে আজ চাঁদ উঠেছে শীতল। ইস্পাতের মতো কিছু শিরা দেখা যাচ্ছে তার মুখমণ্ডলে। ভিসুভিয়াসের মতো ঠোঁট থাকায় যাকে গ্রহ-পঞ্চায়েতে বহিষ্কৃত করা হয়েছে। আজ উড়ো হাওয়ায় ভেসে আসছে তিতির আলো। অর্থাৎ, দাড়ি কাটবো কাল। দাড়ি কাটার আগের দিন স্মরণীয় করে রাখতে আমি জলছবি আঁকি কপোলে। একটি পর্তুগীজ বাতাসে দাঁড়িয়ে আছি হুহু নদীমাতৃক সমভূমিতে। জোনাকিরা বুলিয়ে দিলো জ্বলানেভা সভ্যতা আমার অঙ্কুরোদগমের প্রাক্কালে। দাড়ি কাটার আগের দিন আমি পরীক্ষার খাতার উল্লম্বে দৃষ্টি রাখি। দেখি উত্তর ভুল হওয়ায় পরীক্ষক লাল কালিতে খুন করেন আমার হরফ। কখনো পাতা ছিঁড়ে যায় , আমার লেখার জামা। দাড়ি কাটার পবিত্র প্রহরের আগে আমি ঘুমিয়ে পড়ি প্রাগৈতিহাসিক রাজকীয় পাখার নিরলস হাওয়াতে। এই জামায় লিখে রাখি মুখস্থ কিছু নাম , যদি ক্ষুরের সাথে সেলুনের মেঝেতে খসে পড়ে কিছু স্মৃতি। ইচ্ছে হয় এই তীর্থযাত্রার পূর্বে উইল করে যাই মেডুলা অবলংগটা। যাতে ভবিষ্যতের ইতিহাসবিদেরা কেশ অবলোকন করে এপ্রক্সিমেট করতে পারে আমাদের তৎসম চলাচল। দুদিকে খাদ ,মাঝে মাঝে দু একটা রাজহংস দেখতে পেলে শান্তি লাগে। চুল কাটার পর এমন শীর্ণকায় হয়ে যাবো যে তাদের পিঠে চড়ে উড়ে যাবো। অর্থাৎ , পৃথুলতা ফেলে আসি মাতৃগর্ভের মতো সুচারু একটি সেলুনে। আজ ঘুমাই, কাল মাহেন্দ্রক্ষণ। পাতুরির মতো নির্জনতায় মুড়ে নিজেকে লালণ করেও কোনো লাভ হলো না। কাল মিশে যাবে আমার কুন্তল অসীমে। নাপিতের ঝাড়ুতে মিশে যাবো হরিদাস প্রামাণিকের ঝাঁকড়া চুলের মৃতদেহে।
- sutanuti-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 295





Chup Saap 2 সপ্তাহ 3 দিন আগে
ebhabe bhebe dekhini, ba bhabar obokash paini... bhalo laglo
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 2 দিন আগে
অসাধারণ ভাবনায় আখর বেশ জমে উঠেছে।
ঝর্না 2 সপ্তাহ 1 দিন আগে
দূর্দান্ত ভাবনা।
কলিতা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
ঝর্নাদির সাথে সহমত
কলিতা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
প্রসঙ্গতঃ, মাতৃগর্ভের সাথে সেলুন? I think, it could have been something better.
মধুছন্দা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
খুবই অদ্ভুত
পম 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
"উইল করে যাই মেডুলা অবলংগটা"
একটা গোপন ইচ্ছা উশকে দিলেন
আমি ভাবছিলাম অ্যামিগডালা আর প্রিফ্রন্টাল লোব উইল করে নিব
প্রোবেটসহ
অনিমেষ দত্ত 2 সপ্তাহ 16 ঘন্টা আগে
সিরিয়াসলি আপনি আমাকে চিন্তায় ফেললেন
আকাশ নেরুদা 1 সপ্তাহ 5 দিন আগে
বেশ অভিনব লাগলো ।
নতুন মন্তব্য পাঠান