আ'মর প্রেম অমর প্রেম

নীল's picture
নীল শনি, ২০২৬-০৬-২০ ১২:১৭

আমার জীবনে প্রেম অনেক বার এসেছে। মানে ওলি কেস আর কি! ওলি বার বার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে। কিন্তু বারবারের ও তো শেষ আছে । শেষ বার প্রেম এসেছিল ২০০৮ সালের চৈত্র মাসে। গুরুদেবের মহা নিষেধ ছিল, বলতেন, নিলু আর যখন যা ই কর, বসন্তকালে Don’t! সেই বসন্তে Fool, গাঁথল আমার ভয়ের মালা, বইল প্রানে দখিন হাওয়া, ভীষণ জ্বালা! লক্ষ করলে দেখবেন, এর মধ্যে তিনটে সাংঘাতিক শব্দ আছে, Fool, ভয় আর জ্বালা। বিশেষ করে যদি ইত্যাবসরে আপনার তেমন একটা প্রেম হয়ে গিয়ে থাকে, এই গানের মর্মার্থ হাড়ে হাড়ে অনুধাবন করতে পারবেন। কিন্তু প্রেম তো আর বলে কয়ে হিসাব নিকাশ করে আসে না, অনাহূত অতিথির মত মেগাসিরিয়ালের কমার্শিয়াল ব্রেকের আগেই দরজায় এসে কড়া নাড়ে। আর ডাক যখনই আসুক, সাড়া দেওয়ার সেটাই মাহেন্দ্রক্ষণ।
আমার প্রেম এলো অর্কুটের চোরা সরণী বেয়ে। সমাজমাধ্যমে ফেসবুকিয় ট্রপিক্যাল মহাযুগের আগে একটা ছোট্ট নাতিশীতোষ্ণ যুগ ছিল, তার নাম অর্কূট। বছর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তার ডাগর চোখের চাওয়ায় লেখা আমার সর্বনাশ। সেই অর্কূটের পাতায় দোলের রংমাখা মুখ আর মাথায় রাবীন্দ্রীক নাচের আদলে সিল্কের রাজকুমার পাগড়ি পরা ছবি থেকে কিছুতেই মুখ ফেরাতে পারলাম না। ও কে, কে ও, বলতে বলতে আলেয়ার পিছনে সেই ছোটা শুরু। ঘোর কাটল যখন, ততোদিনে সেই আদুল মুখে আবিরের রঙ উঠে গিয়ে আমার ঘাড়ে গর্দানে পার্মানেন্ট বাঁদুরে রঙ ছেপে এবং চেপে বসেছে! ধরুন এই যে এখন লিখছি, ভাববেন না যেন আমি স্বাধীন এবং স্বতন্ত্র। উনি কিন্তু আড়াল থেকে সবটাই নজর রাখছেন। হঠাত ঝড়ের মত এসে বলবেন, কি লিখচ? প্রেম পত্র? তখন আমায় পড়ে শোনাতে হবে। প্রতিটা শব্দের ব্যুতপত্তিগত ও ভাবগত অর্থ চুলচেরা বিশ্লেষণ করে উনি দেখবেন এই লেখায় আরবান নকশাল সুলভ কোন গোপন স্ফুলিঙ্গের আভাষ পাওয়া যাচ্ছে কি না! যদি বিষয় টা বিতর্কের উদ্রেক করে, আমায় মাথা (ঘেঁটি বললেই যথার্থ শোনায় যদিও) নত করে দাও হে তোমার চরণধূলার পরে, এই মন্ত্র একশ আট বার উচ্চারন করে তবে স্বস্তি।
আজ এর একটা বিহিত না করে আমি ছাড়ব না। আমি ঠিক করেছি এই জীবন যা আমায় প্রেমের নামে কেবল শৃঙ্খল ছাড়া কিছুই দিল না, তার শেষ দেখে ছাড়ব। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়……ওই আসছে, পায়ের আওয়াজ পাচ্ছি!
“ও মা টুকি, টুক্টুকি তুমি আমার সাথে ও রকম লুকোচুরি খেলছ কেন ? পর্দার আড়াল থেকে অবতীর্ণ হও সোনা, বাজারের হিসাব করছিলাম তো, তোমার হারপিক, বোনেফি আর কি কি লাগবে বললে না…”

__________________

নিরক্ষর

শ্রীহরি গলগ্রহ's picture
আম্মো আছি

শ্রীহরি গলগ্রহ 20 সপ্তাহ 3 দিন আগে

আমি লগ ইন করলাম মঞ্চের প্রগাঢ় সান্নাটার কারণ জিগাইতে।
এসে পেয়ে গেলাম আপনার লেখা। পেয়েই পতন ও মূর্ছা। মানে, মন কি বাত বললেন আর কি।
যদিও আমার শেষ কেসটা আরো পুরোনো, ২০০১ এর, রিডিফ চ্যাট রুম নামক অধুনালুপ্ত এক প্ল্যাটফর্মে।
সেই সিনোয়রিটির সুবাদে বলছি, মদ খাওয়ার মতোই, প্রেমের কবিতা লেখার ব্যাপারেও আমি কোনো রিস্ক নেই না।
লেখার সঙ্গে সঙ্গে সামনে ধরে দেই, "বল দেখি কেমন হয়েছে?"
মানে স্লিপে ক্যাচের কোনো চান্সই নেই।
আর কি বলছিলেন? স্বাধীনতা? হে হে। নেতাজীর আমলে তবু রক্তের বিনিময়ে ওসবের একটা চান্স ছিল। এখন আর...
যাকগে, তিনি আজ মুম্বাই থেকে ফিরছেন। যাই হাওয়াইআড্ডা। ফেরার রাস্তাটা আড্ডা দিতে দিতে আসা যাবে।

m.c.'s picture
Excellento

m.c. 20 সপ্তাহ 2 দিন আগে

Excellento

পৃথা's picture
"কিন্তু বারবারের ও তো শেষ

পৃথা 20 সপ্তাহ 2 দিন আগে

"কিন্তু বারবারের ও তো শেষ আছে"

জন্মান্তরবাদে বিশ্বাস করে দেখতে পারেন Smile

পৃথা's picture
"তিনি আজ মুম্বাই থেকে

পৃথা 20 সপ্তাহ 2 দিন আগে

"তিনি আজ মুম্বাই থেকে ফিরছেন"

আজ শহরে যথেচ্ছ ঝড়-বৃষ্টি দেখছি
লাগসই কোনো রবিগান মনে পড়ছে না অবশ্য

রেবতী's picture
সাবাশ সাবাশ

রেবতী 20 সপ্তাহ 2 দিন আগে

সাবাশ সাবাশ

gb's picture
আপনার লেখাটা পড়ে আমার বেশ এক

gb 20 সপ্তাহ 2 দিন আগে

আপনার লেখাটা পড়ে আমার বেশ এক ঝলক নারায়ণ গঙ্গোপাধ্যায় মনে পড়ে গেলো ! যদিও সেটা নেহাতই বেমানান - কোথাও কোনো মিল থাকার কথা নেই !
সম্ভবতঃ এক অন্তঃসলিলা হিউমার দুটো লেখাকে এক জ'নারে এনে ফেলেছে !
ব্যাপক নেমেছে, ব্রাভো !!

নিঝুম's picture
রম্য আর উপভোগ্য

নিঝুম 20 সপ্তাহ 2 দিন আগে

রম্য আর উপভোগ্য

rathin's picture
"আমি ঠিক করেছি এই জীবন যা

rathin 20 সপ্তাহ 1 দিন আগে

"আমি ঠিক করেছি এই জীবন যা আমায় প্রেমের নামে কেবল শৃঙ্খল ছাড়া কিছুই দিল না, তার শেষ দেখে ছাড়ব।"

Laughing out loud

মোহনা's picture
মনে হয় আচ্ছা কি মনে হয় সেটা

মোহনা 20 সপ্তাহ 1 দিন আগে

মনে হয়
আচ্ছা কি মনে হয় সেটা বলবোনা Tongue

মোহনা's picture
হুম, একটা টেকনিকাল

মোহনা 20 সপ্তাহ 1 দিন আগে

হুম, একটা টেকনিকাল কোয়েরি
বোনেফিটা কি জিনিস

নীল's picture
বোনেফি একটা ওষুধ। অগ্ন্যাশয়

নীল 19 সপ্তাহ 6 দিন আগে

বোনেফি একটা ওষুধ। অগ্ন্যাশয় (Pancreas) দুর্বল হলে, পাকযন্ত্র কে খাদ্য (অখাদ্য) সহ্য করতে সাহায্য করে। সংসার কঠিন হলে, তখন অম্বল, বুকজ্বালা, বুক ধড়ফড় এই সব হয়তো......

ঝর্না's picture
দূর্দান্ত হলো তবে মেয়েদের

ঝর্না 19 সপ্তাহ 5 দিন আগে

দূর্দান্ত হলো Smile
তবে মেয়েদের সবসময় ভিলেন বানানো কেন??
কি দোষ তাদের ?? একটু আধটু কোশ্চেন তাঁরা করতেই পারে।
ইনফ্যাক্ট জন্মগত অধিকার Smile



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <img> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline