পোকা সংবাদ
রবি, ২০২৬-০৫-৩১ ১৫:০৬ শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে
প্রজাপতি হতে চেয়ে।
ওদের আবেদনপত্রগুলো ছড়িয়ে পড়ছে
জঙ্গলে, ডোবায়, সিঁড়িরঘর থেকে ডেটা সেন্টারে।
এদিকে এ আই বিশ্লেষণে ধরা পড়েছে,
ফড়িংএর ওড়ার সঙ্গে বর্ষার কোনো সম্পর্ক নেই।
ওটা নেহাতই শেয়ার বাজারকে প্রভাবিত করার একটা চাল।
প্রশাসন থেকে জানানো হয়েছে যে
শুঁয়োপোকাদের প্রতিবাদ মিছিল করার
কোনো মৌলিক অধিকার নেই।
তাই এক ডালে পাঁচটির বেশি শুঁয়োপোকা থাকলে
সেটা বেআইনি বলে গণ্য হবে।
সূত্রের খবর অনুযায়ী,
উই সংবিধান খেয়ে ফেলেছে,
তাই সেটি খুব দ্রুত বাতিল করা হতে পারে।
দাবি উঠেছে, উই সংবিধান খেয়ে
যে মাটি তৈরি করেছে
সেটা দিয়ে একটা সংবিধান স্মৃতি ভবন
তৈরি করা হোক।
পিঁপড়েদের জনসংখ্যা কমে যাওয়ায়
বিশেষজ্ঞরা বিশেষ চিন্তায় পড়েছেন।
ওদের মৃত্যুর ওপর কর বসিয়ে
এই পরিস্থিতির মোকাবিলা করা যায় কিনা
ভাবা হচ্ছে।
আর আড়শোলারা নিঃশব্দে জড়ো হচ্ছে।
আনাচে কানাচে ওদের ভিড় বড় হচ্ছে।
আরো বড় হচ্ছে।
- শ্রীহরি গলগ্রহ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 304





m.c. 2 সপ্তাহ 2 দিন আগে
Superb
এনা 2 সপ্তাহ 2 দিন আগে
দারুণ
মাকি 2 সপ্তাহ 2 দিন আগে
‘‘ফড়িংএর ওড়ার সঙ্গে বর্ষার কোনো সম্পর্ক নেই।
ওটা নেহাতই শেয়ার বাজারকে প্রভাবিত করার একটা চাল।’’
এটা সেরা
মাকি 2 সপ্তাহ 2 দিন আগে
মৃত্যুর ওপর কর বসিয়ে পরিস্থিতি মোকাবিলা করার ভাবনাটাও ইউনিক
লিনো 2 সপ্তাহ 2 দিন আগে
চমৎকার
রীতা 2 সপ্তাহ 2 দিন আগে
শেষ তিন লাইনের জন্য পেস্ট কন্ট্রোল ভরোসা
কবিতা ভাল লাগল
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 23 ঘন্টা আগে
দারুণ স্বরে প্রচারিত হোল পোকা সংবাদ।
ইওন 1 সপ্তাহ 2 দিন আগে
মৃত্যুর ওপর কর বসিয়ে
এই পরিস্থিতির মোকাবিলা
চূড়ান্ত ভাবনা !!!
নতুন মন্তব্য পাঠান