ট্রেলার
শ্রীহরি গলগ্রহ
বৃহ, ২০২৬-০৫-২৮ ১২:১১
বৃহ, ২০২৬-০৫-২৮ ১২:১১ বেড়ানোর শেষে ফিরে এসে
যখন মনে পড়ে, ফেলে আসা পাইন
বা পামের সারির কথা,
সেটা যেন মৃত্যুর ট্রেলারের মতো।
সেই সব একই থাকবে।
সেই ঝিনুক। সেই ঝরনা। সেই চূড়া। সেই ঢেউ।
সেই ফেরিওয়ালা, যার সঙ্গে দুদন্ড গল্প হয়েছিল হেসে,
সেখানেই বসে আছে তার পসরা সাজিয়ে।
যে কুকুরটা পায়ে পায়ে হেঁটেছিলো কিছুদূর,
অকারণে ভালোবাসা দেখিয়েছিল,
হয়তো অন্য কারুর সঙ্গে হাঁটছে আজ।
স্থানীয়-বৈশিষ্ট্য-ভরা-মুখের যার সঙ্গে
চোখাচোখি হয়েছিল স্বাভাবিকের চেয়ে কয়েক সেকেন্ড বেশি,
নিজের জীবন, নিজের জন নিয়ে
ব্যস্ত সে স্বাভাবিক ভাবেই।
সেই অপরূপ সূর্যাস্ত/ সূর্যোদয়,
সেই তাজা হাওয়া আর জলের ছাঁট,
বরফে বা বালিতে আমার পায়ের দাগ,
সবই থেকে যাবে।
শুধু আমি ছাড়া।
- শ্রীহরি গলগ্রহ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 262





রনিতা 2 সপ্তাহ 5 দিন আগে
ফেরিওয়ালা হয়তো অন্য লোকে চলে যেতেও পারে
বাকিটা সত্যি
ভাবলে মন খারাপ হয়ে যায়
শ্রীহরি গলগ্রহ 2 সপ্তাহ 5 দিন আগে
ফেরিওয়ালা হয়তো অন্য লোকে চলে যেতেও পারে
বাকিটা সত্যি
ভাবলে মন খারাপ হয়ে যায়
@রনিতা কোভিড কাল হলে হয়তো সেটাও ভাবতাম।
পাইন জঙ্গলের মধ্যে বসে আছি।
বৃষ্টি পড়ছে।
কুয়াশায় ঢেকে যাচ্ছে বাস্তব।
রনিতা 2 সপ্তাহ 5 দিন আগে
"পাইন জঙ্গলের মধ্যে বসে আছি।
বৃষ্টি পড়ছে।
কুয়াশায় ঢেকে যাচ্ছে বাস্তব।"
অপূর্ব তো, আপনি সৌভাগ্যবান!
জয়ন্ত ঘোষ 2 সপ্তাহ 5 দিন আগে
এই যে সরাসরি লিখছেন এর স্বাদই আলাদা
রুকু 2 সপ্তাহ 4 দিন আগে
"সেটা যেন মৃত্যুর ট্রেলারের মতো"
ঐশী 2 সপ্তাহ 4 দিন আগে
স্যার, সময়ের স্কেলটাও দেখতে হবে, একটা সময় সূর্য নিভে যাবে, তখনও এইসব বস্তু, প্রকৃতি - কোনো কিছুই থাকবেনা
তাহলে, এই যে এত কিছু এতদিন হল, এত সৃষ্টি, এত দৃশ্য, এত ভাষা, এত রাজনীতি, এত দুঃখ বিষাদ - কিসের কি মানে দাঁড়ালো
আমার Que Sera Sera গানটির কথা খুব মনে পড়ছে
Que Sera Sera
Whatever will be will be
The future’s not ours to see
Que Sera Sera
What will be will be
ঐশী 2 সপ্তাহ 4 দিন আগে
পামের সারির কথায় মনে পড়ে গেল, পামেলা সাহারায়ের সেই লাইনগুলি
‘‘প্রতিটা পামের সারি দেখলে মনে পড়ে যায়
এইমাত্র টোপা গালের যে এক সারি খোকাখুকু জন্মাল
চিরসবুজ ফুটপাথের দেশে হকার নিয়ে
বামাখ্যাপারা নেই, বরং চব্বিশ গিয়ারের সাইকেলে
ইন্দুমতীকে নিয়ে চলে গেল যে অরুণ আর বরুণ
তারা স্বয়ং কবিতার তাজ্জব পঙক্তি -
কি বলছেন স্যার? এই ইন্দুই কিরণমালা?
কিরণ, আহা কিরণ এসে পড়ছে পামের সারির উপর
যারা জন্মাল, তারা জানুক পৃথিবীর সবচেয়ে
বড় মিসনোমার হল, ডেথ
আমরা কোনোদিন মরিনা, জন্মদিন আসলে আমাদের
ছদ্মবেশ, আমাদের জন্মজিনে অসম্ভব এক কবিতার স্নায়ু
আমাদের বেমক্কা অমর করে দিয়েছে - -’’
gg 2 সপ্তাহ 4 দিন আগে
মন ছুঁয়ে ছুঁয়ে
শ্রীহরি গলগ্রহ 2 সপ্তাহ 4 দিন আগে
কিসের কি মানে দাঁড়ালো
মানে জানা থাকলে হয়তো আমাদের জীবন এতো অস্থির হতো না।
নিস্তরঙ্গ হতো। শীতল হতো। হয়তো সেটা জীবন হতো না।
Que sera sera আমার অত্যন্ত প্রিয় গান।
Quote করার জন্য ধন্যবাদ।
অন্য কবিতাটির জন্যও।
চারপাশের অনেক কিছুরই আর মানে খুঁজে পাই না।
কবিতা কেনো লিখি সেটারও।
ঐশী 2 সপ্তাহ 4 দিন আগে
নিস্তরঙ্গে আপত্তি কি?
শ্রীহরি গলগ্রহ 2 সপ্তাহ 4 দিন আগে
নিস্তরঙ্গে আপত্তি বা সম্মতি, কোনটাতেই না গিয়ে কল্পনা করার চেষ্টা করছি সমস্ত মানুষ জীবনের মানে জেনে যাওয়ার পরের অবস্থাটা।
নেহাত ব্যক্তিগত মত: জীবন ইন্টারেস্টিং হয় এই না জানা থেকেই। জেনে গেলে সেটা হয়তো living থাকবে না, existing হয়ে যাবে।
নতুন মন্তব্য পাঠান