শিশুরা যেভাবে খেলা করে বড় হবে
রবি, ২০২৬-০৫-১০ ১৫:৪১ মাছ বড় হয় অ্যাকুরিয়ামে
চারা বড় হয় টবে
ভুত বেড়ে ওঠে ভয়ে
শিশু বড় হয় আবহাওয়ার চাপে
………… আখেরুল হক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শিশুরা যেভাবে খেলা করে বড় হবে
………………………………………………….
শিশুরা যেভাবে খেলে
একে অপরের হাত ধরাধরি
বসা উঠা ঘুরন্ত দৌড় পাক খাওয়া ছিটকে পড়া
একে অপরের আঁত ধরাধরি
পড়াশোনা ও স্থাবর স্বর্ণ ভুলে গিয়ে
এখন চোখে চোখ রেখে কথা বলা বন্ধুবর উচ্ছাসে
একটা ভালো সময় তারা স্বেচ্ছায়
নিজেরাই বেছে নেয়, বানায়
ঠিক পড়ন্ত বিকেলের বেলায়
ছায়া যখন আসল বস্তুর দ্বিগুন হয়
গলির মুখে কিংবা বাড়ির সামনের ফাঁকা
জায়গাটায় অহিংস নিরিবিলি
ধুলো মাখামাখি ঘাসে ও ঘামে নিশ্চিন্তে
আত্মসমর্পণকারী যারা হেরে যায়
তারা আশাহত নয়
আবার খেলা শুরু হয়
পুরো উদ্যোগে উদ্দামে
আগের চেয়ে অধিক দম টেনে
নিশ্বাস গুণে গুণে
চোখ যুগল বিস্ফারিত করে
চরণ ও চিবুকের ভারসাম্যে
উজ্জ্বল মনোযোগে
অটুট সাবধান বিধানে
আরো ধ্যান সহযোগে
উন্মুক্ত হৃদয়ে পেশি টানটান
ও কান খাড়া করে
অস্থিরতা নিয়ন্ত্রণে
মোক্ষম মুহূর্তগুলো হেলাফেলা নয়
মারাত্মক অনুভূতিপ্রবণ
একটা বিজয়ের স্নায়ুকেন্দ্রের দিকে
আমাদের ভোটের অগ্রসর যাত্রা
এহেন পরাজিত পুনরায় ধূম্র কপাল
বিগলিত দুঃখ, তবু বন্ধুবর, আশার আনন্দে মাতি
একটু আড়ালে বগলের খাঁজে
মর্মাহত নয় ঝুলন্ত মৌচাকের গুনগুন প্রতিশ্রুতি
এবার আমাদের ত্রুটিগুলো যাচাই করা চাই
আমার দৌড়ের গতি অধিক মাত্রায় বেড়ে যাচ্ছে
এর কারণ হঠাৎ ক্রুদ্ধ হয়ে ওঠা আবেগ
গায়ের বলে যত জোরে চেঁচাচ্ছিলাম
তাতে মূল লক্ষ্যের প্রতি ঈঙ্গিত নড়বড়ে হয়ে গেল
ঘাবড়ে গিয়েছিল আমার সাথিরা
সুজনের হাত ধরেছিলাম এত শক্ত করে যে
সে অসহায় বিরক্ত বোধ করছিল
আমার প্রতি সে ভরসা হারিয়ে ফেলছিল
আমি ক্যাপটেন হওয়ার যোগ্যতা নষ্ট করে ফেলছিলাম
অন্যদের আদর ও শাসন করার
আমাদের ত্রুটিগুলো যদি শক্ত ও অভ্যাসজাত
হয়ে ওঠে , এটা একটা ভয়ের কারণ
আমরা তা অনায়াসে ভাঙতে পারবো না
আমরা কোনোদিন সামনে এগোতে পারবো না
বুদ্ধি ও শক্তির চেয়ে আত্মবিশ্বাস জরুরি
এটা আপনার হার্টবিট ঠিকঠাক সচল রাখবে
গলার কন্ঠনালী শুকাবে না ,ভুরু বাঁকবে না,
হঠাৎ চুলকে উঠবে না কোনো অঙ্গের ত্বক,
উত্তেজনা যতটুকু দরকার, চুইংগাম ততটুকুই প্রদান করবে
খেলায় জিততে চাইলে প্রত্যেককেই নিজেকে
একা ও স্থূল ভাবতে হবে
এই রাউন্ডেও আমাদের হার
বুক থেকে খসে পড়লো রুমাল
মেনে নিলাম ক্ষয়ের বিমূর্ত তেজাব
প্রতিপক্ষ জিতে নিল, প্রতিপক্ষ আরাম পেল
আমরা সবাই ক্লান্ত আমাদের পাগুলো খেলার মাঠে
থরোথরো কাঁপছে সন্ধ্যায় মুখগুলো চেনা যাচ্ছে না
আকাশে আটকে দু’একটি তারা বহু দূরে মেঘের আলোয়
সদ্ভাব এই নিশ্চুপ থেকে নিজেদের সমর্থনে
যে যেখানে আছি,বসে পড়লাম,দুদন্ড আমারা হাঁপাচ্ছিলাম
জামাগুলো ভিজে গেছে রক্তের গাড় উৎসাহে বাড়ি ফিরলাম
শান্তনার ডিম্বাকার চামচ হাতে করে
আমরা সৎ তাই সুস্থ, আমাদের সকল প্রয়াস অব্যাহত
ওই চাঁদমণির রূপ আলো আমাদের লাগে ভালো, যদিও
সেথায় ১ ছটাক সানমাইকা আপন করতে পারিনি,
অ্যামিবার প্রতি ক্রূর হাসি,হুঁ হুঁ হিংসে নেই,ওরা আদিজীব বলে
আমরা মনে ক্ষুন্ন হই না, কারো উন্নত গোসল দেখলে
সিঁড়ি বেয়ে নামি,রেললাইনের পাশে,অস্তমিত গরীব জলাভূমি
মনমোহিনী রূপসীর বুকে হীরকগঞ্জের সানফ্লাওয়ার
আমাদের গামছা বুকে কর্কটক্রান্তি রেখার বাহার
তেমন কিছু মনে করি না,স্মরণ করি ব্রুস লি’র চপেটাঘাত
টিফিন ক্যারিয়ারে ভাত,ক্যারিব্যাগে ডাল জলের নড়াচড়া,
ধোঁয়ায় ওড়ে ইস্ট্রোজেন, প্রেমিকার নাম লাইলনটিকা দাস
আমাদের সয়ে গেছে ,ত্বকে ছারপোকা ও হাড়ে স্ক্রুর কামড়
বলাকার নিচে শিয়ালের ডাক,তুষের উদরে অনল আইন
এই জানালা খুলেই দেখা যায় লাইগেশনের লাইন,
আমাদের বাসস্থান নিমগ্রাম, আমাদের শূন্যস্থান হীরের হুকুম
টাই উঠে গেছে তালগাছে , ঘুম ভেঙে মোরা আহাম্মুক
বাচ্চারা সব মই খুঁজে, আজ রবিবার আজ সুখ
বাসের প্রতীক্ষালয়ে বসে থাকে ক্ষুদিরাম ও অস্থির চাবুক
তবু কাঁটা ছুঁয়ে থাকি সৎ, সত্য মিথ্যার তফাৎ থাকুক
বরং ছল চাতুরি করিও না কেউ শিখিও না যাদুর হরফ
যা আছে তা কবুল করুন, যা নেই তা ফতুর
অপরের জন্য নিজের অবস্থানটা পরিস্কার রাখুন,
মেলার যাদুকরটি হতে যাবেন না, সে জনসমক্ষে
মহিলার পেট চিরে দু’ভাগ করে দেয়, মিথ্যার করাত গড়িয়ে
আমাদের উৎফুল্ল উৎসাহকে বোকা বানায়
কিন্তু ওই ম্যাজিক বাক্সে দু’জন মহিলা ছুপানো থাকে
আমাকে আপনাকে জানতে দেওয়া হবে না,বিশ্বাসের অন্তরালে
এক পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে আপনার ভাবনা
সহজে পৌঁছাতে পারে না, হাতসাফাই-এর রুমাল উল্টে কবুতর
বেরিয়ে এল, সকলে রোমাঞ্চিত মোহিত হলাম ধোকায়,
আপনি উটপাখির ডিম ছুঁতে যাবেন না
ওটা একটা স্বপ্ন,ভাঙতে নেই, উপাই নেই , অপেক্ষা ছাড়া,
রাত্রির ঘুম ছাড়া আপনার দেহ মনে শান্তি নেই
অপেক্ষা ঘুম তৃপ্তি কামনা করুন বিশুদ্ধ আহার জল বাতাস
কামনা করুন অহিংসা ভাষা সাহস বই বালিশ উদারতার খেলা
হারাধনের হাত ধরতে গিয়ে আপনি ভোটে হেরে গেলেন
তাতেই সই, ক্ষতির বর্তমান মূল্য একটি হৃদয়
ভালো মানুষ পরাস্ত পরাভূত মৃত হয়ে গেলেও দোষ নেই
কর্মের প্রতি নিদারুণ সৎ থাকা , এটাই
মানুষের প্রাত্যহিক ভালো ঘুমের কারণ
কালকের জন্য আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া
আজকের চেয়ে কাল মার্জিত বড় হওয়া
আখেরুল হক
- আখেরুল হক-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 396





সাতু 5 সপ্তাহ 2 দিন আগে
লা জবাব
m.c. 4 সপ্তাহ 6 দিন আগে
Excellento
রিভু 4 সপ্তাহ 6 দিন আগে
অনন্য বক্তব্য
সানি 4 সপ্তাহ 6 দিন আগে
আমাদের ত্রুটিগুলো যদি শক্ত ও অভ্যাসজাত
হয়ে ওঠে , এটা একটা ভয়ের কারণ
আমরা তা অনায়াসে ভাঙতে পারবো না
আমরা কোনোদিন সামনে এগোতে পারবো না
বটেই তো, আর আমার সেই শিকলেই বাঁধা পড়ে আছি
মেবেলিন 3 সপ্তাহ 4 দিন আগে
আদ্যোপান্ত চমৎকার
বনলতা 2 সপ্তাহ 3 দিন আগে
এটিও প্রিয়তে থাকল
নতুন মন্তব্য পাঠান