প্রাঞ্জলের পাঞ্জাবি
শ্রীহরি গলগ্রহ
মঙ্গল, ২০২৬-০৫-০৫ ০৮:২০
মঙ্গল, ২০২৬-০৫-০৫ ০৮:২০ প্রাঞ্জলকে ওর ছেলে ঠেঙিয়েছিল
নেশা করার পয়সা দেয়নি বলে।
ওর লাল বাটিকের ছাপা পাঞ্জাবির
নতুন নকশা
কারো চোখে পড়েনি হাউজিংয়ের রবীন্দ্র-নজরুল সন্ধ্যায়
মাগনা ঢোকলা আর পাপড়ি চাট সাঁটানোর সময়।
পাঞ্জাবিটা প্রতিমা কিনে দিয়েছিল
কোনো এক বিবাহবার্ষিকীতে।
প্রতিমা মরে গেছে দুবছর হল।
সেবার ছেলেকে রি-হ্যাব থেকে নিয়ে এসে দেখেছিল,
প্রতিমা মরে গেছে।
সেদিনও এই পাঞ্জাবিটা পরেছিল প্রাঞ্জল।
সেই থেকে পরে আছে।
লাল ছাপা বাটিকের পাঞ্জাবি
দিনে দিনে আরো উজ্জ্বল,
আরো কারুকার্যময় হয়ে উঠছে।
কেউ বুঝতে পারেনা, পাঞ্জাবিটা আসলে ওর ভাঁজ করে রাখা ডানা।
একদিন ঠিক প্রাঞ্জল ওই ডানা মেলে
লালচে ছাপ ছাপ বাটিকের দুনিয়ায়
উড়ে যাবে।
- শ্রীহরি গলগ্রহ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 297





হলুদ 1 সপ্তাহ 4 দিন আগে
অনবদ্য লাগল
সিয়ারা 1 সপ্তাহ 3 দিন আগে
অতলান্ত মর্মস্পর্শী
রেবতী 1 সপ্তাহ 3 দিন আগে
বিষয়টা দারুণ, রেন্ডারিং-ও
jkg 1 সপ্তাহ 22 ঘন্টা আগে
ব্যাপারটা প্রাঞ্জল হল
মানে, কবিতাটি খুবই ভাল লাগল
অর্পিতা 1 সপ্তাহ 22 ঘন্টা আগে
"একদিন ঠিক প্রাঞ্জল ওই ডানা মেলে
লালচে ছাপ ছাপ বাটিকের দুনিয়ায়
উড়ে যাবে।"
সুররিয়াল নয়? তবু যেন সেই আমেজটা!
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 8 ঘন্টা আগে
নাম গান কবিতায় সাহিত্যে তুমি নক্ষত্র রবি
সাঁঝ সকালে স্মরন করি সমুখে তাঁরই ছবি।
বুকের ভিতর আগুন ফাগুন রক্তকরবী
আজ পঁচিশে বৈশাখ জন্মেছিলে বিশ্বকবি।
যুগযুগান্তের আশা ভরসা সাহস ভালবাসা
প্রেম বিরহের বাঁধন ছোট্ট পাখীর বাসা।
নদীর বুকে ঢেউ কি কল্লোল কি কল্লোল
ভীরু মনেও সাহস দিলে হিন্দোলেতে দোল।
দেখেছ কি শুনেছ কি! বাজে ঐ শঙ্খ সানাই
অন্তর জুড়ে সেইতো আছে নিত্য পরিক্রমায়।
ভাবলে কথা আগুন ছোটে ফুল্কির ফুলঝুরি
তুমিই যেন উৎসব মুখ বিশ্ব-জগত জুড়ি।
বুকের ভিতর আগুন ফাগুন রক্তকরবী
আজ পঁচিশে বৈশাখ জন্মেছিলে বিশ্বকবি।
রিভু 3 দিন 5 ঘন্টা আগে
এক কথায় চমৎকার
নতুন মন্তব্য পাঠান