আমার প্রেমিক আজো জীবিত আছে

অর্পিতা
আমার প্রেমিক আজো জীবিত আছে
তবে সেই গ্রহে শনিবার নেই
সোমবারগুলি আচারের শিশিতে ক্লান্ত শিস হয়ে
ডুবে গেছে কবে
যেন সনাতন লাইব্রেরী জুড়ে
স্নাতকোত্তর পাঠক্রমে শুধাইতেছে
বিকালের দাঁতে কোন শূকরের মৃত্যু লেখা থাকে? ...
হিমবাহ খুলে সপাং চাবুক চলে
এই যে অথর্ব আমার প্রিমোলারে ... মোলার
তুলে ফেলে দিতে হবে শুনে
আমার প্রেমিকের দন্তকৌমুদী গন্ধ মনে পড়ে
আমার প্রেমিক কি মৃত নাকি উদ্দাম হাস্যে জীবিত
স্বর্ণ আলো রৌপ্য চূর্ণ মেখে বারাণসী ঘাটে
প্রেমিকের কাঁচারঙ গন্ধ আজ
মিঠে আম হয়ে ঝুলে আছে
আমহীন আম গ্রহ গাছে
কাছে শুধু নেই সে, ধুপের সৌরভ তাকে খুঁজে খুঁজে
অবশেষে থমকেছে আমার মৃত মস্তক শিয়রে
পান্ডুর ক্লীব কবিতার কীট
হতবাক পড়ে আছে শয়ে শয়ে
বারহীন দীনহীন আজনবী আলফা বিটা গ্রহে ...



নতুন মন্তব্য পাঠান