এখন দুই হাত রক্তাক্ত হয় না আর

প্রণীত
এখন দুই হাত রক্তাক্ত হয় না আর
প্রবল অ্যানিমিয়া, তীব্র রাত শেষে গাঢ়তর ঘুম শুধু আসে
ঘামের মলাটে এ শরীরের সাবেক অপচয়
কত নক্ষত্র মরে গেল কল্য রাতে
কত রজনীরা বিনা রজনীগন্ধাময় পদাবলী ছাড়া নিভে গেল
ইত্যকার যত সালতামামি বেকার হে বেকার ...
বলো হে কুন্তলবতী, তোমার গোপন আপন
দুর্মর আস্তাবলে এখনও কি চূড়ান্ত উদ্ভট এক অশ্ব আছে?
তুমুল হ্রেষায় যে ছিঁড়ে দিতে পারে আমাদের নীরব প্রাকার ...
এখন প্রথা নয়, পাথর নয়, শুধু আড়মোড়া ভাঙি
মগজের ভিতরে স্থবির কুয়াশা
হৃদয়ে আর কোনো রক্তিম অনুরাগ নেই, প্রীতিবোধ যত
ধুয়ে মুছে গিয়ে এক আজিব শূন্যতা আসে
ক্ষুধা নেই কোনো, মৃদুমন্দ তৃণ শুধু সবুজাভ আভা ছেড়ে
ধূসর আর পিঙ্গল হয়ে ফোটে, মাটির অনেক নীচে
বারুদের স্তূপ, খনন করে আনা হবে না হে আর ...



রেবতী 1 সপ্তাহ 5 দিন আগে
‘ধূসর আর পিঙ্গল হয়ে ফোটে, মাটির অনেক নীচে
বারুদের স্তূপ, খনন করে আনা হবে না হে আর ...’
আমাদের যেদিন গেছে ভেসে
নতুন মন্তব্য পাঠান