ছাতাহীন
রবি, ২০২৬-০৫-০৩ ১২:২২ বারবার কড়ানাড়া আমার স্বভাব না
এ'কথা জোর দিয়ে বলতে পারিনা,
তবে অবহেলার আগল ঠেলে শেকল নাড়তে যে
মোটেও ভাল লাগেনা তা বেশ বলতে পারি।
কেউ ডাকলে উপেক্ষা করতে পারিনা
এও যেমন ঠিক তেমন উপেক্ষার উমেদারিত্বে
প্রবল অনীহা তা, বিসদৃশ উপেক্ষায়
বেশ করে জানান অবিশ্যি দিতে পারি।
আগে সময় ছিল অঢেল বয়স ছিল কাঁচা
তাই সামনে ‘অনেএকটা’ সময় ছিল সময়ের।
এখন সময় ছেড়ে গিয়েছে বেশ পেছনে
যার প্রভাব আষ্টেপৃষ্ঠে আমায় বেঁধে ফেলেছে।
আমার খুঁতখুঁতেমি আগের চাইতে প্রবল সাথে
আগের চাইতে বেশি করে টিকে থাকার অক্ষমতা,
মাম্মার কথাকে মনে করে মনে রেখে দিই-
‘এর হাঁড়িতে কালি পড়েনা’ আপ্তবাক্য, বেশ লাগে।
পাওয়া বয়স'কে দারুণ রকম উপভোগ করি
ছেড়ে যাওয়া ছাড়িয়ে নেওয়ার মধ্যে দিয়ে।
কতটা চোখের জল জমেছে আর কতটা পড়েছে
আমায় সিক্ত করেনা, শুষ্কতার পরশ আমার দিকে।
এই তো সেদিনও ভাবনা গুলো বেশ ভাবিয়েছে
অকারণ উৎকণ্ঠা উদ্বেগের বশে নিয়মিত,
অভিজ্ঞতার রঙ দিয়েছে রুপোলি আর রেখাচিহ্ন,
তার জোরে ছাড়িয়েছি প্রত্যাশা যেসব শৃঙ্খলিত।
এখন আমার আকাশে কোনো মেঘ নেই,
ছাতাটাও তাই উড়ে গেছে,
আমার জন্য পড়ে আছে বেশ দামি কিছু স্মৃতি
সঞ্চিত যে সঞ্চয়ে জড়িয়ে আমি এক নাগপাশে।
মৈনাক
- মৈনাক-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 199





m.c. 1 সপ্তাহ 5 দিন আগে
Nice
বনলতা 1 সপ্তাহ 5 দিন আগে
‘‘এর হাঁড়িতে কালি পড়েনা’ আপ্তবাক্য, বেশ লাগে।’
মৈনাকদা, কিছু স্মৃতি উশকে দেওয়া আপ্তবাক্যটি
রেবতী 1 সপ্তাহ 5 দিন আগে
ভাল লাগল
নতুন মন্তব্য পাঠান