অদ্ভুত এ বিষাদে
রবি, ২০২৬-০৪-২৬ ১৩:২৪ অদ্ভুত এ বিষাদে
ইদানিং সব ওলটপালট হয়ে যায় !
টলতে টলতে ঘুরে বেড়ায় শূন্যতার ছায়া ।
এমন সময় কেউ এসে দুদন্ড বসলে ,
তার জন্য পেতে দেব মণিপুরী ঘাসের চাটাই ।
আথুও কাঠের গ্লাসে জল বাড়িয়ে দেব ।
দুজনে মিলে শুটকি মাছের সিঞ্জু খেতে খেতে ,
ভার্নাল শাওয়ার কবিতা পড়ে শোনাবো ।
হয়তো ভীষণ অভিযোগ সরিয়ে ,
আবেগের সুরে বলে উঠবো -
যদি এইভাবে এই ঘরে আসো ,
যদি আবার স্পর্শ করো এই দুয়ার ,
তবে রুক্ষ জীবন থেকে সরিয়ে রাখবো
যাবতীয় ক্লান্তি ও ঘুম ।
অন্তরঙ্গ শব্দের লতাপাতা ঘেঁটে ঘেঁটে ,
স্পন্দিত স্মৃতি থেকে তুলে আনবো স্বর্ণচাঁপা ।
অক্লেশে জড়িয়ে ধরবো
গাঢ় অন্ধকারের মুখ ।
জীবনে কোনদিন ছুঁয়ে দেখবো না
আলোর সৌন্দর্য ।
জানেন , ইদানিং সব কেমন ওলটপালট হয়ে যায় !
নিশীথের মুখ গিলে ফেলে সঙ্গীহীন বোধ ।
মানুষ তো দূর , পশু পাখিও বসে না জানালায় ।
কাউকে বলতে পারি না ,
যদি এই ঘরে কেউ আসে ,
যদি কেউ কোনদিন স্পর্শ করে এই দুয়ার -
তবে নীরবতাকে হারিয়ে ,
সহাস্যে বলে দিতে পারি
মৃত্যু তোমায় স্বাগত ।
ইদানিং সব উলটপালট অবিন্যস্ত বলে মনে হয় !
সারাটা দিন ধরে সময়ের খেয়ালীপনা দেখি ,
আর নীরব মুহূর্তের অনুগত হয়ে
গভীর মনোযোগে পড়তে থাকি ,
হু হু দীর্ঘশ্বাসের গল্পগুলো ।
লামফেল , মণিপুর ---২৬/০৪/২০২৬
- আকাশ নেরুদা-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 241





সিও 2 সপ্তাহ 4 দিন আগে
এমন সময় কেউ এসে দুদন্ড বসলে ,
তার জন্য পেতে দেব মণিপুরী ঘাসের চাটাই ।
আথুও কাঠের গ্লাসে জল বাড়িয়ে দেব ।
দুজনে মিলে শুটকি মাছের সিঞ্জু খেতে খেতে ,
ভার্নাল শাওয়ার কবিতা পড়ে শোনাবো ।
জাস্ট লা জবাব
হিয়া 1 সপ্তাহ 6 দিন আগে
হৃদয়ের খুব গভীরে স্পর্শ করলো আমাকে !
মৈনাক 1 সপ্তাহ 5 দিন আগে
বেশ লাগলো, মনের মত
মৈনাক
নতুন মন্তব্য পাঠান