অহেতুক কৌতুকের মতো -

বাতাসে বাতাস ধরা - শূন্যতার মতো
অহংকার - যেমতি জীবন তুমি কার -
আমি তো আমারই মতো
তুমিও তোমার-
আর ঢেকে রাখা ক্ষত, যত
কুরে কুরে খায় -
নৌকোর বাদামে হাওয়া ফুলে ওঠে যত
- হাওয়া তুমি কার
আমি তো আমার মতো
তুমিও তোমার
ভুলভুলাইয়া ঘুরে আনত সর্পের মতো
বিচিত্র ইচ্ছেরা
- মুথা ঘাসে খুঁজে খুঁজে ফেরা
অমৃতের গোপন সম্ভার
এও সত্যি -
দিন দিন প্রতিদিন, জীবন মসৃণ
না পাওয়া ক্ষণ, হাসি দিয়ে ঢেকে রাখা
আগুন আগুন শুধু নিঃস্ব করা ঋণ-
অনিবার্য আগুনের পুড়ে যাওয়া প্রত্যহিকী কথা
হাওয়ায় প্রলাপ বাড়ে, সংমোহঃ বারতা
তবুও কোথাও কেউ অস্ফুটে বলে
হাওয়া তুমি কার
উত্তর যদিও জানা - একই বাহানা
আমি তো আমারই মতো
তুমিও তোমার
তবুও লহর ভেঙে পথ পথ চলা-
তবুও লহর ভেঙে পথ করে পথ চলা
আর যত মত তত পথ যেদিকেতে যাই -
সব পথ সেই এক বন্ধ দরোজার সামনে আকাঠ
কাষ্ঠ গোঁয়ারের মতো একবগ্গা বাঁচা
বাঁচো - যে যেমন পারো - গান গাও -
-উজানের পথ দরে বেঁচে নাও
বেঁচে নাও, বেছে নাও বাঁচিবার সার্থক বাহানা -
তারপর স্রোত সব উজানের পথ ধরে
সার্থক বাঁচার বাহানাগুলি লালন করতে থাকো
আর অবাস্তব ফালতু রঙ্গীন স্বপ্নের মতো
বেচারি অলস বাঁচা -
আর স্বপ্নরা,
যারা ভিড় করে ঘন হতে আসে
ছেড়ে আসে অহেতুক কৌতুকের মতো
নিমেষে বিন্দুর মধ্যে সিন্ধু খুঁজে
অশেষ হতে জানে, সেই উত্তম সুচিত্রা
আর পথে দেরি নিয়ে সুখে স্বাচ্ছন্দে কালাতিপাত -
শেষ হলে বন্ধ দরোজার সামনে দাঁড়ায় আকাঠ
তারপর কবন্ধ যে কয়েকটি প্রশ্ন ঝুলে থাকে
অপ্রাপ্তি, আর মুগ্ধ মোহের কজ্জল মুছে - ভেবে নেওয়া
বেছে নেওয়া দু একটি স্বপ্ন
একবার
কখনো একবার জীবনে ফেরাবেনা
এরকম হবে না কখনো
জেনো,
আমিযে আমাকে জানি আমার চেয়ে বেশী
যদিও জীবনে মরণে মেশামেশি কিছু ভালো কথা নয়
সন্ধি তো হয়নি কখনো তবুও -!
তবুও ত কিছু কিছু বদ্ধ পাগল
পাল্লা দেয় নিছক কৌতুকবশে অহেতুক বিচিত্র মণ্ডল
ভেঙে ফর্মুলা ওয়ান জীবন মরণে -নষ্ট করে
পথ ভাঙে, পথ ভেঙে পথ করে চলে -
নিছকই কৌতুক - অহেতুক -
এই মাত্র আর কিছু নয় -
এরকম কত কত পথ ভেঙে, পথ করে পথ চলা
আর যত মত তত পথ যেদিকেতে যাওয়া -
যদিও সব পথ সেই এক
বন্ধ দরোজার সামনে দাঁড়ায় আকাঠ
তবুও কাষ্ঠ গোঁয়ারের মতো একবগ্গা বাঁচা
বেশ খানিকটা কিছু মন্দ বেঁচে নেওয়া - ফাউ -
জীবনে মরণে মেশামেশি মোটে ভাল কথা নয়
তবুও জীবনভর কোনো কোনো বদ্ধ পাগলে
মাপা ভাত ফেলে যায় -
জীবনভ'র অক্লেশে ভাঙে গড়ে - নিদারুন
নিষ্ঠুর হাতে নিজেকে গলায় - নিংড়ে নেয় -
তছনছ সাজানো বাগান ভেঙে কাঁটাগাছ
স্বপ্নের ক্ষেত করে
আর স্বপ্নরা,
যারা ভিড় করে ঘন হতে আসে
সুখ স্বস্তি ছেড়ে আসে অহেতুক কৌতুকের মতো
নিমেষে বিন্দুর মধ্যে সিন্ধু খুঁজে
অশেষ হতে জানে, স্বপ্ন সাথে নেয়
নিজের মতো স্তম্ভিত আকাঠ দরোজার সামনে
প্রশ্ন করে, প্রশ্ন করে, ক্রমে নিজেই এক প্রশ্ন হয়ে ওঠে
-অদ্ভুত স্বপ্ন এঁকে লিখে যায় নাম - নাম
বেনামি স্বপ্নের মতো,
চলমান প্রশ্নের মতো -
এক অদ্ভুত একমেবাদ্বিতীয়ম বাঁচিবার বাহানার মতো !



রুভো 2 সপ্তাহ 6 দিন আগে
তবুও জীবনভর কোনো কোনো বদ্ধ পাগলে
মাপা ভাত ফেলে যায়
মনে গেথে যাওয়ার মতো কথাগুলো
রুভো 2 সপ্তাহ 6 দিন আগে
সব মিলিয়ে আদ্যন্ত ভাল লাগল
নতুন মন্তব্য পাঠান