অদ্ভুত এ বিষাদে
শনি, ২০২৬-০৪-১৮ ১৩:০৮ অদ্ভুত এ বিষাদে
মুক্তমঞ্চে যেতে না যেতেই আজ চণ্ডীগড়ের গোলাপ
আর কুমুদির কথা মনে পড়ে গেল ।
দীপন কোথায় সেটাও জানা হয় না বহুদিন ।
এম এম কী আজকাল আসেন এখানে ?
আর সুদীপ দা কিংবা ডাক্তার আর্য ?
ওঁরা কেউই আমাকে বিশেষ চেনেন না
সেই ভেবে ওনাদের কথা বাদ দিতে চেয়েও
কিছুতেই ভোলা গেল না ।
তবে এইসব আলোচনা করতে করতে ,
কোন রাজনৈতিক আলোচনায় ঢুকতে চাই না ।
মুজাফরবাদী লিচু কিংবা বেনারসী ল্যাংড়া ,
এসব নিয়েই আগামী মরসুমের আড্ডায় সময় কাটিয়ে দেবো ভেবেছি ।
হরমুজ প্রণালীর সাথে স্টক মার্কেটের সম্পর্ক ,
নিখোঁজ হয়ে যাওয়া মেয়ের সাথে রাজনীতির সম্পর্ক ,
কিংবা কোন দলের সাথে কোন দলের গোপন আঁতাত ,
এসব নিয়েও ভাবছি না ।
আজ শুধু চণ্ডীগড়ের গোলাপ ,
আর গ্লাস ভর্তি জলের ঠিক কতটাতে আমি কিংবা
আমার মতো আপনিও রয়েছেন সেটা নিয়েই ভাবছি ।
এসব ভাবতে ভাবতে বিনম্র পশুর মতো ,
একেক চুমুকে গিলে ফেলবো ভবিষ্যৎ স্বপ্ন ।
কখনো মাচানে ঝুলে থাকা সীম আর লাউ ভেঙ্গে ,
খিচুড়ীর সাথে উদযাপন করব ,
আমাদের দুর্দশাগ্রস্ত ভেঙ্গে পড়া দেওয়ালের মৃত্যু ।
এতদূর পর্যন্ত সব ঠিকঠাক বলে মনে হলেও ,
বাধ সাধে একটি মশা ।
নানা পাটেকর সাহেবের দুর্দান্ত ডায়লগ মনে করে করে ,
আর পূর্ণিমা রাত্রে জ্যোৎস্নার মুখ মনে করে করে ,
প্রবল জ্বরের ঘোরেও হাত পা ছুঁড়তে শুরু করি ।
আর ঠিক তখনই আমার কবিতাটি ,
অরাজনৈতিক পর্যায় থেকে উন্নীত হয়ে
হয়ে যায় রাজনৈতিক কবিতা ।
এটাও যদি হয় তাহলেও ক্ষতি নেই ।
কিন্তু মশা প্রকরণ শেষ হয় রনজিত চৌবেদার ফোনে ।
আলোচনায় তখন গোলাপ সিঙ্গাপুরি কলা
লিচু মশা কিংবা জ্বর কোনটাই আসে না ।
রনজিত চৌবে দা ফোনে ফোনে
জিরাফের ভাষা আর রুমির প্রসঙ্গ শেষ করেই
জিজ্ঞেস করে বসলেন ,
আচ্ছা ইন্দ্রনীল , আপনি কি গিরগিটির ভাষা জানেন ?
তড়িঘড়ি ফোন কেটে দিই !
ভাবতে থাকি সত্যিই তো ,
এই ভাষাটা রপ্ত না করেই এতদিন কবিতা লিখলাম !
ঠিক তখন থেকেই শুধুই ভেবে চলেছি ,
কাদের ঊষর জীভে রক্ত লেগেছে ?
জানালার বাইরে ওরা কারা তুলেছে শ্লোগান ?
অপস্রিয়মাণ স্মৃতিগুলি কি ধীরে ধীরে মুছে যাচ্ছে ?
প্রহরে প্রহরে হৃদয়ের জ্বর বাড়লে ,
আমি কিংবা আমার মতো নিরীহ পশুর দল
ধীরে ধীরে এভাবেই কি মরে যাবো ?
জীবনের তীর্থে মৌন বধির হয়ে পেরিয়ে আসা যৌবন ,
আর এই ক্ষরা ছুঁয়ে জেগে ওঠা মধ্য জীবনে ,
এবার সরিয়ে রাখবো ইজেল বোর্ডে আঁকা ছবিগুলি ।
এতদিন লেখা কবিতাগুলিকে কুটি কুটি করে ছিঁড়ে ,
ডাস্টবিনে ফেলে ঐকান্তিক প্রার্থণায় কামনা করবো ,
এবার আমারও ঊষর জীভে রক্ত লাগুক ।
অদ্ভুত এ বিষাদে প্রাপ্তি অপ্রাপ্তির রসায়নে ,
ডুবে ডুবে আর কতদিন কাটাবো নাবালক গুল্ম জীবন ?
আমার নিরীহ চোখে এবার আগুন জ্বলুক ।
লামফেল , মণিপুর ---১৮/০৪/২০২৬
- আকাশ নেরুদা-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 224





রুভো 2 সপ্তাহ 6 দিন আগে
সবাইকে চিনিনা, তাও ডায়েরীর পাতার মতো এই লেখাটি খুব করে মনে থেকে যাবে
রুভো 2 সপ্তাহ 6 দিন আগে
অদ্ভুত এ বিষাদে প্রাপ্তি অপ্রাপ্তির রসায়নে ,
ডুবে ডুবে আর কতদিন কাটাবো নাবালক গুল্ম জীবন
মনে গেথে যাবার মতো উক্তিটি
আর কি বলি
আকাশ নেরুদা 2 সপ্তাহ 5 দিন আগে
@ রুভো , আপনি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন ।
নতুন মন্তব্য পাঠান