জাগতিক ভাবনাগুলি
সোম, ২০২৬-০৪-১৩ ০৪:৫৭ জাগতিক ভাবনাগুলিকে পলিময় নদীতে ফেলে দিলেই মনে হয় তোমার কথা। সেই পেয়ারা গাছ, অশ্বত্থামা হত অথবা কুয়োর উপর পেতে রাখা মশারি। মনে পড়ে সেই তোমার কথা। অনাবিল, ফেলে দেওয়া ঠোঙার মতোই বায়বীয় ছিল তোমার দিনগুলি। তোমার অধঃক্ষেপ পড়ে থাকতো স্টেশনের সিঁড়িগুলিতে। হাতে লেগে থাকা বেগুনীর তেল মেখে নিতো স্কুটারের হ্যান্ডেল। তুমি গভীর ছিলে খুব। এক নিঃশ্বাসে সরোবরের নীচ থেকে তুলে আনতে প্রবাল। এক স্মৃতির দৌড়ে পৌঁছে যেতে কাশবন।অথবা ধুনী জ্বালিয়ে বসে থাকা সাধুর গল্প শুনতে শুনতে বিবাগী হবে ভেবেছিলে।
ক্লিন্ন শহরের উপকণ্ঠে বসে এক প্রাচীন মেলা।তার বটগাছের বক্ররৈখিক বাহুগুলি জানে তোমার কথা।কাকেদের বিষ্ঠায় লিপ্ত হওয়া রাস্তা ধুয়ে যায় প্রাথমিক বৃষ্টিতে বছরের।এভাবে তুমিও সরীসৃপের মতো নির্মোক উন্মোচন করে বারবার জিতেন্দ্রিয় হয়েছ। তোমার বলিরেখা মুছে যায় খরস্রোতা নদীর সংস্পর্শে। একবুক সড়কের মাঝে তুমি খয়েরী প্রহরে নিমজ্জিত হয়েছ অতীত সরিতে। দেখেছো কিভাবে ক্ষীণকায় বালুরাশি ভরে যায় হাফপ্যান্টের পকেটে।
- sutanuti-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 243





হিয়া 4 সপ্তাহ 3 দিন আগে
অদ্ভুত সুন্দর !!
robin 4 সপ্তাহ 7 ঘন্টা আগে
এক স্মৃতির দৌড়ে পৌঁছে যেতে কাশবন।অথবা ধুনী জ্বালিয়ে বসে থাকা সাধুর গল্প শুনতে শুনতে বিবাগী হবে ভেবেছিলে।
বিশুদ্ধ নস্টালজিয়া
তবে কবিতাটা তো তারও বেশি কিছু
নতুন মন্তব্য পাঠান