ধন্যবাদান্তে, ইতি, আমি কেদারা
শনি, ২০২৬-০৪-০৪ ০২:১৪ চেয়ারে আপনাকে স্বাগত
পাঁচটা মিনিট সময় দিন
পপকর্ণ হাতে নিয়ে
বসুন
…………….. আখেরুল হক
ধন্যবাদান্তে ,ইতি , আমি কেদারা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এক ব্যস্ত অফিসের বাইরের চত্বরে আমি দাঁড়ানো আছি। আগের চেয়ে অনেক উন্নত ও মুখরোচক হয়ে উঠছে অফিসগুলো ।বহির্ভাগ দেখলে বোঝার উপাই নেই গৃহস্তের বাড়ি নাকি হোটেল না অফিস না পাগলা হাসপাতাল । ভেতরে শুধু কাঁচ , চশমায় কাঁচ মনিটরে কাঁচ ঘড়ির কাঁচ দেয়ালে আয়নায় কাঁচ ম্যাডামের ঠোঁট-দেখা কাঁচ টেবিলের পুরু কাঁচ মেঝেটা হব হব কাঁচ ,আর চেয়ারগুলোতে আস্ত মানুষ লুচি ও আলুর দম খেয়ে বসা, দাঁতের ফাঁক দেখে বোঝা গেল। এই বসা কি অত সহজ।গরম পিচ-পাথরের উপর নির্বিকার লোহার রুলার চালায় যে ড্রাইভার সে ক্যাপ পড়ে দাঁডিয়ে স্টিয়ারিং ঘোরায় , আমাদের হাসি পাই ,বাঁশতলায় বসে বসে দেখি, ওদিকে হৈমন্তি টুডু শুক্লা মাঝিকে ডেকে ,বসতে দিছে পিড়ি খেতে দিছে মুড়ি, মুখে ফুটছে কথার কলি,গোদা বাংলায় একে টিসিক পিরিত বলি,বসতে পারা অত সহজ নয়, সুবিমল,তুমি জলের ওপর বসলে ,অথচ জল গরমও হতে পারে শীতলও হতে পারে।বগলের থার্মোমিটার উচিয়ে দেখ তোমার প্রকৃত তাপমাত্রা এখন কত।তারপর ঠিক হোক তুমি বসবে শুবে না দৌঁড়াবে।মাটিতে মাদুর ফুঁড়ে কেঁচো যখন তার জঙ্ঘায় নরম খোঁচা দিল , তখন প্রথম মানুষ গাছের গুড়িতে বসা শিখলো।ক’যুগ পর ধারালো লোহার হাতুড়ি ছেনি স্পর্ধা বুদ্ধি দিয়ে চারপায়া জন্তুর দেখাদেখি চারটে পায়া বানালো , কাঠের চেয়ার - অফিসে স্কুলে বাড়িতে ছেয়ে গেল।কিন্তু ঘুনের পছন্দনীয় বাসা ছিল ওই কাঠ, আমরা জানতাম না , সে রাত দিন রাত তার চৌচির মেহনত কটর কটর কটর কটর চার দশক জুড়ে তার বাসা বুনছে , বড় বাবু বসে আছেন আর অস্বস্তির একটু হেলান চাপলেন আর আর মড়মড় করে কেদারা টাল খেয়ে লুটিয়ে পড়লো পাকা মেঝেতে ,তখন টের পেলাম , স্থাপত্য ও মানুষের পতন, দেখলাম হালকা হলুদ রঙের অর্থাৎ ঘি রঙের কাঠের গুঁড়োর পাওডার ।জানি না এটা কী কাজে লাগে , তবে আঙুলে ঘষে লক্ষ্য করি তৈলাক্ত মসৃণ আর মর্মর শুকনো গন্ধ । আমরা এবার নড়েচড়ে বসলাম,শক্ত কোনো উপাই চাই বসবার , সভ্য মানুষ কি ওই লোমে মুতে গোবরে জাবর কাটতে ঢেঁকুর তুলতে দু’দন্ড তাস পেটাতে খোঁয়াড়ে বসতে পারি ।পাথর শক্ত কিন্তু স্থিতিস্থাপক নয়,স্টিল টেকসই ওজনে হাল্কা কিন্তু বেশ দুর্লভ, কাঁসা-পিতলের কথা একবার ভাবা হল কিন্তু আমাদের থালা বাসন আর শখের কেটলি উজাড় হয়ে যাবে , অমিল হইলো চাঁদি রূপার ধাতু ,গরীবের শখের গইনা গলিয়ে আমার সিংহাসন !! এটা হয় না।চারপাশে ছড়ানো আমাদের সবার পরিচিত পিরিত পেরেক। সাধ্যের মধ্যে যার দাম তার চিরকাল নাম ।কাস্তে হাতুড়ি গাইতি শাবল স্বজাতি তোমাদের বংশের জয় । তাহলে লোহাতেই বিশ্বাস স্থাপন হল। ব্রিটিশ বানালো ট্রাম ট্রেন কুকুরের শিকল জাহাজ নোঙর হাওড়া ব্রিজ ফাউনটেন পেন গাড়ির গিয়ার বাচ্চাদের টয়ট্রেন নারীর সূচ পুরুষের পিস্তল বুলেট পাট-গাদা কয়েক টনের কামান সেফটিপিন অগণিত আলপিন সবেতেই লোহার চমক।আগুনে আহ্লাদে চড়াই-উৎরাই সংসার দেশি কারিগর কামার , গ্রামের তির্যক কোণে দুর্গমে , কোনাই পাড়ার কামারের হাপর কয়লার লাল গরগরে আঙার লোহার ফালিটার উজ্জ্বল হাসি আর টনটনে পেশির হাতুড়ির শতাধিক ঘা আমরা ঘন্টার পর ঘন্টা দেখে শুনে কাটিয়ে দিতাম।স্বভাবতই শীতের বিকেল বেলায় হাপরের গা ঘেষে বসি তাপ শুষে নিতে, দু’চারটে রসাক্ত গালি কিশোর কালের উপাদেয়।বুকখোলা জামা হাঁটুমুক্ত উন্মত্ত চ্যাংড়াগুলো গুলের পর গুল বিড়ি ফুঁকে , হিন্দি সিনেমার লোহার চেন হাতে ডাকাতের ঘোড়ার পায়ের টুডুগ টুডুগ রোমহর্কষ আওয়াজ তারা আওড়ায় ও অনুকরণ করে ।কিন্তু এতদিন বাদে জানলাম সিনেমার ডায়ালোগ ছাড়া বাকি আওয়াজ নকল , তৈরি করা শব্দ , দৃশ্যের চেয়ে শব্দের গুরত্ব আরো বেশি , দৃশ্য বোবা , শব্দ হল উন্মুখ চলমান জীবন্ত , প্রথমে শোনার প্রয়োজন হয়েছিল যেমন রেডিও ,তারপর দেখার যেমন টিভি ফোন।তবু একটু ভালো লাগা থাকলেই হল, আর কি চাই জীবনে,বোকা হওয়া চাই, বোকা হতে বুদ্ধি লাগে, যে যত বুদ্ধিমান ,সে তত বোকা হওয়ার যোগ্য, বোকারা বোকা হতে পারে না । বিশুদ্ধ বোকামি ছাড়া সুখ নেই , লাইব্রেরির নীরব কক্ষে ঢাউস ঢাউস কিতাব ভেঙে যা বেরোয় তন্তুজালকের প্রজ্ঞা ও ঝিমিয়ে মরা । তাহলে লোহার স্থায়িত্ব রপ্ত হল , যখন গরুর গাড়ির চাকায় তপ্ত বেড় পড়ানো হয় পোড়া ধোঁয়ায় , সেটা কাঁমড়ে কালো হয়ে বসে গেল কাঠে,জলের সংকোচনে আর আমাদের প্রত্যাশায়। এই তো পথ চলা শুরু ,আর বসে থাকার জন্য লোহার চেয়ার যা সহজে ভাঙে না, টেকসই , যেন লৌহ যুগের শ্রীবৃদ্ধি । রমরমিয়ে বেজে উঠলো লোহার চেয়ার - বাসের সিট থেকে আরম্ভ করে রবীন্দ্র সদনের করিডোর বাসস্টপ স্টেশনে।আমার ঘরেও গজিয়ে উঠলো একখানি।পাড়ার লোক দেখতে ছুটে সারি সারি।গ্রাম সুদ্ধ রটে গেল। কিন্তু সমস্যা হল ওজনে দৃড় অবহনযোগ্য , দিন দিন কেমন জানি সব ভোঁতা হয়ে এল। কেদারার ক্লাসিক দিন শেষ হতে থাকল।তারপর পি.ভি.সি.পলিমারের যুগ , হালকা তন্বী চিকনাই রংবেরঙ ফাইভারের চেয়ার স্বাগতম।সভা সমিতি মিটিং স্কুল কলেজ বাড়ির চা-খাওয়া বারান্দা বিয়ে বাড়ির পেন্ডেলে সয়লাব প্লাস্টিক চেয়ারে টেবিলে থালা বাসনে।নান্দনিক তবু ভঙ্গুর ও নিন্দনীয়।লাথি মারা আছাড় মারা ছুড়ে ফেলা ।একবার লোকসভার অধিবেশনে টেবিলে চাপড় চেয়ার ছোড়া ছুড়ি মনে পড়ে।একে আমরা সাবধানে ব্যবহার করি ।নির্জন পাহাড়ের মাথা থেকে গড়িয়ে নামছে হুইল চেয়ার , যাদের পা হারিয়ে গেছে ,তারা নির্বাক একে একে বসে ,ছড়িয়ে পড়ছে এগলি সেগলি।এরপর আসছে নাপিত ও ডাক্তারের চাকালাগা সর্বগামী চেয়ারখানি স্পঞ্জের গদির আরাম , যার সাথে দরকার সেথায় পলকে সুটানে পৌঁছাতে পারি।যদি আমার এই সুবোধ চেয়ারখানা থাকতো,নিম গাছের ছায়ায় পুকুর ঘাটে বসে ছিপ ফেলে মাছ ধরতাম, যতক্ষণ না কেউ নাম ধরে ডাকতো ।যেটা আমি কোনোদিন দেখিনি , পাইলটের চেয়ার , কতটা সূক্ষ্ণ যে আকাশে শূন্যে উড়ে, মানুষকে এই জ্ঞানে ওড়ায় যে সে একটি ভালো স্থানে বসে আছে॥
তবে আশার বাণীঃ সকল প্রকার চেয়ার কেদারার কম বেশি প্রাগৈতিহাসিক সফল ব্যবহার আজো বিদ্যমান ,বিশেষতঃ ঘুমের চেয়ার , মুখোমুখি প্রেমের চেয়ার, বর-কনের সিংহাসন চেয়ার, ক্লান্তি অবসরের চেয়ার, চেয়ারের বিকল্প কিন্তু চেয়ার , যেমন মানুষের বিকল্প মানুষ,চেয়ারের বিবর্ধিত রূপ সিট সিটের চিন্তায় আমরা মশগুল,যেমন সকল শ্রেনির মানুষ এখনো বিলুপ্ত নয় ,তেমন নানান চেয়ার আমাদের উপবেশন স্থির রেখে চলেছে। সে চানাও ভাজে,সে মুক্তোও খোঁজে। মানুষ কতক্ষণ ছুটবে রসাতলে ,হিমের দেয়াল ধরে দাঁড়াবে কত ক্ষণ ,সে একটা ফাঁকা চেয়ার চায়, মুক্ত স্পন্দনের ,মেরুদন্ডের ঠাঁই দেওয়ার আরাম যোজনা ,ঘোর পাগলারও জন্ম কার্ড আধার কার্ড সচিত্র ভোটার কার্ড কভার ফাইলে সজ্জিত , স্তুতি গায় , সে জানালার শিক ধরে দাঁড়ায় , দরকারে পাগলা বসে পড়ে পাগল চেয়ারে ॥
আখেরুল হক
- আখেরুল হক-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 312





m.c. 31 সপ্তাহ 3 দিন আগে
Excellento
সুমি 31 সপ্তাহ 3 দিন আগে
"সকল প্রকার চেয়ার কেদারার কম বেশি প্রাগৈতিহাসিক সফল ব্যবহার আজো বিদ্যমান"
হক কথা
Pinaki 31 সপ্তাহ 2 দিন আগে
কি করেছেন মশায়
জম্পেশ লেখা!!
Pranab 31 সপ্তাহ 2 দিন আগে
দিব্য লাগল
ক্রুশো 30 সপ্তাহ 6 দিন আগে
কেয়া বাত কেয়া বাত
নতুন মন্তব্য পাঠান