কে যে বাজে

hiya's picture
hiya শুক্র, ২০২৬-০২-২৭ ১৬:৩৭

তোমার আলোর চেয়ে বেশী কিছু অচেনা আঁধার
যেখানে দৃষ্টি থামে সৃষ্টি হাত ধরেছে এবার
তোমার শানিত ইচ্ছে আমার ব্রহ্মান্ড কেবল
বহতা নদীর শুধু স্রোত থাকে কুল নিশ্চল

স্মৃতি ধরে রাখে কাল সঙ্গে কিছু বয়ে যাওয়া কথা
বুকের হাপরে কিছু হাওয়া ধরা অন্ধ বাতুলতা
আমি তো নীলের সাথে অনিলে বেঁধেছি ঘুড়ি সুতো
কবিতা কথার কথা, বাকি সব কথা ছলছুতো

যদিও ঈশ্বরপুত্র মানুষের সাত খুন মাপ
মহাশূন্য জ্বলে যায় কার মহাপুণ্যে কার পাপে
দিনদিন দূরে দূরে সরে যাওয়া মরে যাওয়া তারা
ভালোমন্দে চেনা ছন্দে বর্নমালা আমি তুমি তারা

সব চেয়ে ভালোর ভাল - অতি ভাল‍ ‍- ভাল কিছু না
যেটুকু তার চেয়ে ভাল, তার কথা বলা আছে মানা !
শুধু সেটুকুর কাছে থেকে যাওয়া দেনা চিরঋণী
আসলে কে যে বাজে - নুপুর না হিয়া রিনিঝিনি !

__________________

কিছু না

নীল's picture
কে যে বাজে, দুপুরের ঘুমঘুম

নীল 1 সপ্তাহ 2 দিন আগে

কে যে বাজে,
দুপুরের ঘুমঘুম সুরে বা বেসুরে
কে এসেছে কাছে আর
ছেড়ে কে বা চলে গেল দূরে
সময়ের কাছে কার
ফরমান রাখা ছিল জারি
যার নাম নেওয়া মানা
সেও বুঝি আসলে ফেরারি
কবি শুধু জানে আর
জানে তার কবিতার খাতা
শব্দ রা খুঁজে মরে
ছাপ রেখে কে হয় লা-পাতা......

.....

নিরক্ষর

শ্রীহরি গলগ্রহ's picture
কবিতা আর প্রত্যুত্তর, দুটোই

শ্রীহরি গলগ্রহ 1 সপ্তাহ 1 দিন আগে

কবিতা আর প্রত্যুত্তর, দুটোই ভালো লাগলো।

ইউক্লিড 's picture
মন্দ নয়

ইউক্লিড 1 সপ্তাহ 14 ঘন্টা আগে

নুপুর চিনে নেয় ছন্দটুকু
নিক্কন ছুঁয়েছে পরান
সুর তো চিনে নেয় মুগ্ধ হিয়া
মগ্ন মন কলতান
কেউ বা চেনে বুঝি সে অচিনে
কারও বা খুব গলাগলি
আকাশ নীলই থাকে সকাল সাঁঝ
আলো এ পাল্টে যায় খালি
আমার যা আছে সবই দেখি
ছড়িয়ে পড়েছে "সে" জুড়ে
"তার" যাকিছু কথাকলি
বাজে কি ছন্দে ও সুরে
"একাকি গায়কের নহে তো গান
গাহিতে হবে দুইজনা"
নুপুর চিনে নেয় মুগ্ধ মন
বাকি কথা বলা আছে মানা।

ASIT KUMAR ROY's picture
অনবদ্য লেখনী। আলোয় আলোয় চিনি

ASIT KUMAR ROY 6 দিন 21 ঘন্টা আগে

অনবদ্য লেখনী।

আলোয় আলোয় চিনি জানি
আঁধারে তোমায় খুব ভালো বুঝিনা
নিঃশ্বাস প্রশ্বাসে বুঝি রয়েছ আশে পাশে
বুকের নিবিড় যন্ত্রণায় বুঝি তুমি সবুজ ইশারা।
ককিয়ে যাওয়া কান্নায় মুক্তো ঝরানো হাসি
নিত্য জাগিয়ে রাখে নিত্য ঘুম পাড়ায়
বসন্তের রঙিন দিনে রঙ মাখায়।
বিভোর বাউল তোমার সাথে থাকি
মাঠে ময়দানে চরাচরে শান্তি নিকেতনে
সোনাঝুড়ির দোলনদোলায় হারিয়ে যেতে চাই।
কি রেখছ আলো আঁধার স্রোতে, ভাবনার উন্মোচনে;
তোমার সুরে তোমার গানে বিলীন হতে চাই
সকল আগল দাও খুলে দাও হে চিরন্তন;
চরণতলের ধুলো শুধু মুছতে দিও
অঝোর বৃষ্টিধারায় অহম ঘুচাও।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline