স্পর্শ
শুক্র, ২০২৬-০২-২৭ ১৪:৪৯ স্পর্শ
বিগত আট দিন তোমায় স্পর্শ করিনি !
শুধু চিঠি লিখে কাটিয়েছি এই কটা দিন ।
এরই মধ্যে বারংবার চেনা অচেনা মানুষের সাথে
সংবাদ আদান প্রদান হয়েছে ।
ঊর্ণার ছেলের অন্নপ্রাশন ,
আর ত্রিদিবদার ঘরের গৃহ প্রবেশের নিমন্ত্রণ পেয়েছি ।
যাওয়া হবে কিনা জানি না ।
আজকাল শুধু চিঠি লিখেই সময় কাটাই ।
বাঙময় শব্দে , কখনো স্তব্ধতার ভাষায়
চিঠি লিখে চলেছি ।
দাহ্য হয়ে দহনের মধ্যে থাকতে থাকতে ,
জেরবার হয়ে গিয়েছে আমার ভেতরের সবকিছু ।
দিগ্গজ সব আইন প্রণেতার দল মাঝে মাঝে এসে
নিয়ম বুঝিয়েছে ,
আসা যাওয়া , ওঠা বসার নিয়ম বুঝিয়েছে ।
কখনো সীমানা নির্ধারন করে
রেখার মধ্যে আটকে রাখতে চেয়ে ,
দেখিয়েছে তাদের রক্ত চক্ষু ।
বিগত আট দিন ধরে তোমার স্পর্শ পাইনি ।
আঁধার বিষয়ক কবিতা পড়তে পড়তে ,
আর আলো বিষয়ক কবিতা লিখতে লিখতে ,
মানুষ কতদূর পৌঁছাতে পেরেছে জানা নেই !
ইদানিং মানুষে মানুষে কুশল বিনিময়ও খুব একটা হয় না ।
রক্তের ধারার মতো বইতে থাকা সময়ে ,
নিজেই নিজের কবরে দাঁড়িয়ে রয়েছে মানুষ !
আমিও বাদ যাইনি ।
এসব কথা লিখতে লিখতে সাংবাদিক কিংবা লেখক
কোনটাই হয়ে উঠিনি বটে ,
তবুও চিঠির জন্য চিলের ঠোঁট থেকে টেনে নিয়ে আসি
রক্তে ভেজা অজস্র শব্দ ।
বিগত আট দিন ধরে ,
হয়তো বা বিগত আট জন্ম ধরে ,
মানুষ মানুষকে স্পর্শ করেনি ।
আমিও করিনি ।
শুধু দর্শকের আসনে বসে বসে রঙ্গ দেখে চলেছি ।
গভীর থেকে গভীরে ঢুকে শুধু হেসেছি ।
মনে মনে বলেছি ,
মানুষ , তুমি কি ভালো আছো ?
হেইগং , মণিপুর ---27/02/2026
- আকাশ নেরুদা-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 216





শ্রীহরি গলগ্রহ 1 সপ্তাহ 1 দিন আগে
হয়তো কিছু খারাপ মানুষ ভালো আছে... কি জানি। সুন্দর লিখেছেন।
নতুন মন্তব্য পাঠান