ত্রাসে নয়, ঘাসে।
মঙ্গল, ২০২৬-০২-২৪ ১৮:০৪ আকাশের কোণে ড্রোনের সিঁদুরে মেঘ,
বুক দুরু দুরু সাইরেন চিৎকারে,
ফ্রন্টের দিকে সৈন্য সাজানো শুরু,
রাষ্ট্রনায়ক একা প্রাতরাশ সারে।
ত্রাসে নয়, শুধু ঘাসে ঢেকে যাক জমি,
যদিও এখন স্নেহের রাজ্যে খরা।
যদিও বাতাসে বারুদের বদনাম,
গেরোবাজদের নীল থেকে খসে পরা।
খামারে আজকে ল্যান্ডমাইন হয় জড়ো,
স্কুলের ঠিকানা আজ থেকে বাংকারে।
শিশুরা আজকে হঠাৎ অনেক বড়ো,
খালি দোকানেরা ঝাঁপ ফেলে মাছি মারে।
ত্রাসে নয়, শুধু ঘাসে ঢেকে যাক জমি,
যদিও এখন স্নেহের রাজ্যে খরা।
হিংসার গাছে জলের হয়না কমি
জ্বলে পুড়ে খাক সোনার বসুন্ধরা।
যারা ঠিক করে কাল কারা বাচঁবেনা,
আর যারা ভাবে যুদ্ধ ভিডিও-খেলা,
উত্তেজনায় তারাই টানটান,
আসন্ন যত মৃত্যু মিছিল মেলা।
ত্রাসে নয়, শুধু ঘাসে ঢেকে যাক জমি,
যদিও এখন স্নেহের রাজ্যে খরা।
ক্ষমতালোভীর সামরিক নিঃশ্বাসে
লটারিতে হয় ভাগ্যের লেখা পড়া।
অস্ত্রের যত ব্যবসাদারের দল,
চেটেপুটে খায় পিঁপড়ে লাভের গুড়।
হাল্লার সেনা এগিয়ে চলেছে শুধু
নেই সেই মার্চ থামিয়ে দেওয়ার সুর।
ত্রাসে নয়, শুধু ঘাসে ঢেকে যাক জমি,
যদিও এখন স্নেহের রাজ্যে খরা।
পুরোনো ক্ষতরা রাত জাগে নিশ্চুপে,
চক্রবৃদ্ধি শেষ থেকে শুরু করা।
- শ্রীহরি গলগ্রহ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 278





m.c. 1 সপ্তাহ 4 দিন আগে
Superb
সমরেশ 1 সপ্তাহ 4 দিন আগে
অশেষ চমৎকার
পৃথা 1 সপ্তাহ 4 দিন আগে
ছন্দটা বেশ জুতসই হয়েছে, ভাল লাগল
kalyan 1 সপ্তাহ 3 দিন আগে
খামারে আজকে ল্যান্ডমাইন হয় জড়ো,
স্কুলের ঠিকানা আজ থেকে বাংকারে।
শিশুরা আজকে হঠাৎ অনেক বড়ো,
কথাগুলো অজানা নয় তবু পরিবেশনা চমকে দিল বৈকি
রেবতী 1 সপ্তাহ 3 দিন আগে
ভাল লাগল
নতুন মন্তব্য পাঠান