ঋতু দারিদ্র্য

মৈনাক
ঋতু দারিদ্র্য
দেখেছি তোমায় সব ঋতুতেই
কেবলই বসন্তে নয়,
তোমার তপ্ত আগুনে পুড়েছি
পেয়েছি গ্লানি ভরা পরাজয়।
যেদিন ঝরেছে প্রেমের বর্ষা
তোমার উঠোন জুড়ে,
আমার বাগিচা প্লাবিত হয়েছে
আধা মন গেছে ভেসে আধা গেছে মরে।
শরতে যখন তোমার আকাশে
কাশের সমারোহ,
আমার দিগন্ত বেড়াজাল ঘেরা
দুর্যোগের আবহ।
হিমঝরা রাতে ওম সুখ নিতে
তুমি নিশ্চিন্ত ফুলশয্যায়,
ফুটপাথে শুয়ে দহন চেয়ে পাওয়া
শীতলতা হাড়ে-মজ্জায়।
ঋতুর বিলাসে ভরা মজলিসে
বৈভবী নাম গান,
হাসপাতালের মর্গে শোয়ানো
পলাশের রঙ ম্লান।
সব শেষে সারসংক্ষেপে
বুঝেছি ঋতুর নির্যাস,
ঋতুর কলমে শিমুল রাঙানো
আমার সর্বনাশ।
~~~~~~~মৈনাক



সমরেশ 1 সপ্তাহ 4 দিন আগে
গান?
নতুন মন্তব্য পাঠান