মৃত ফুলের দীর্ঘশ্বাসে
sutanuti
শুক্র, ২০২৬-০২-২০ ০২:২০
শুক্র, ২০২৬-০২-২০ ০২:২০ মনে পড়ে না সেই বারান্দার কথা
ঘাসের প্রবাসে ছুঁয়ে যায় কুন্তল
দীর্ঘাঙ্গী আতপ।
স্রোতস্বিনীকেও পল্বল মনে হয়
থমকে গেছে বায়ুকল যে স্থবির সময়ে।
হৃতগৌরব ঝেড়ে ফেলে মস্তিষ্ক তৈরী হয়
বিগত তুষারপাতের বিষণ্ণতা কপালে নিয়ে
শুয়ে থাকে অতীত চিমনির বিপ্রতীপে।
যে বারান্দায় ,
চকিত বেড়াল হেঁটে বেড়াল দুপুর জুড়ে
এঁটো ভাত শুকিয়ে যায় উপলতলে
একটি শীর্ণকায় ডাল আটকে থাকে চালে
বছরের পর বছর
কোনো অহল্যার অপেক্ষায়
ধূসরিত হয় তার চিবুক।
মনে পড়ে সেই পিঙ্গল বিকেল
বুলডোজারে রাতারাতি ভ্যানিশ হয়ে যাওয়া
একতলার কাঠের ঘর
বড়ো শূন্য লাগে নৈর্ঋত
কেউ কোনো কমলালেবু রেখে গেলো না
কাঠবেড়ালির উপাধান-
ছিল না কোনো ,
কঠিন রাতগুলি পেরোতো
ঘুমের প্রার্থনায়
যেন জানালা না ভরে যায়
মৃত ফুলের দীর্ঘশ্বাসে।
- sutanuti-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 235





রমলা 2 সপ্তাহ 3 দিন আগে
"কেউ কোনো কমলালেবু রেখে গেলো না"
আমার কাছে একটি বিস্ময়কর লাইন হয়ে থাকল।
sutanuti 1 সপ্তাহ 4 দিন আগে
অশেষ ধন্যবাদ @রমলা
নতুন মন্তব্য পাঠান