স্পর্শ

আকাশ নেরুদা's picture
আকাশ নেরুদা বৃহ, ২০২৬-০২-১৯ ০৯:৫৬

স্পর্শ

গত কালকের সব কথা আজ আর মনে নেই !
পরশু কিংবা তার আগের দিনের কথাও যেন ধুলোর স্মৃতি !
ঝড় কাটিয়ে যেটুকু বেঁচে আছি ,
আর যেটুকুতে বেঁচে আছি , সেখানে দাঁড়িয়ে
শুধু এটাই মনে আছে ,
একদিন মাটির মূর্তির ঠিক নিচেই ছিল
যে চেতনাময়ী মূর্তিটি ,
তাকে বারবার স্পর্শ করে ফেলতাম !
জেনেশুনে না বোঝার অভিনয় করেও ,
বারবার কোন না কোন ছুঁতোয়
তার সামনে গিয়ে দাঁড়াতাম !
মনে মনে বলতাম ,
ভাত আর ভালবাসার ঊর্ধ্বে
আর বেশি কিছুই চাই না !
আমাকে শুধু এইখানেই থাকতে দিও ,
একটা কবিতার খাতা তোমার নামেই হোক !
এই বসন্তে ফুটে ওঠা পলাশ ,
কিংবা বাগানের ওই একলা স্বর্ণচাঁপা
তোমায় ছুঁয়ে সকালের মতো সুন্দর হয়ে উঠুক ।

বসন্ত , পলাশ , স্বর্ণচাঁপা অথবা সেই মূর্তি
এসব নিয়ে বহু কবিতা লিখলেও ,
স্পর্শের অভাবে সেগুলো অপ্রকাশিত রয়ে গিয়েছে !
ভীষণ আওয়াজে সেগুলো শোনাতেও পারিনি ।
এই অর্ধেক বেলা গড়িয়ে যাওয়ার পরে
চেনা ল্যান্ডস্কেপ থেকে বিচ্ছিন্ন হয়ে দেখছি
অতর্কিতে চলে এসেছে বসন্ত
আর বসন্তের হাত পা জড়িয়ে এসেছে
চেনা অথচ ভুলতে বসা সেই ছাই রঙা বাড়িটি ।
এখন কি আর ওখানে যাওয়া যায় ?
ওই বাড়িটার সামনে গিয়ে কি বলা যায় ,
তোমার ছায়ায় কোনদিন বসতে পারিনি বলে
ডজন ডজন কবিতা লিখেও
আজও কবি হয়ে উঠিনি ,
আজও ঘুমজন্মে কাটিয়ে দিচ্ছি চার প্রহর ,
আজও জন্মশহরের স্মৃতির ছায়ায় শুয়ে রয়েছি ,
আজও স্পর্শ-স্মৃতির দ্বীপে একটি অধরা ভ্রমর তুমি ....

গত কালকের সব কথা আজ আর মনে নেই !
পরশু কিংবা তার আগের দিনের কথাও যেন ধুলোর স্মৃতি !
আজকাল ডিউটি ফিউটি সেরে বিছানায় শরীর এলিয়ে দিলেই দেখি ,
বুকের উপর ঝুঁকে পড়েছে জ্যোত্স্নাময় রাত্রির মুখ ।
অতর্কিতে ঢুকে পড়া এই জ্যোত্স্নাও মরীচিকা নয় তো ?
ঠিক যেমন কিছু কিছু খুঁজে বেড়ানোর ঘটনা
বসন্তকে সরিয়ে ,
হুট করে শহর জুড়ে শ্রাবণ ডেকে আনে !

লাইফাম সিপহাই , মণিপুর ---19/02/2026

রমলা's picture
ফিলটা চমৎকার। পড়তে আর ভাবতে

রমলা 2 সপ্তাহ 3 দিন আগে

ফিলটা চমৎকার। পড়তে আর ভাবতে ভালো লাগল, ভারাক্রান্ত লাগল।

আকাশ নেরুদা's picture
@ রমলা শ্রদ্ধা জানবেন ।

আকাশ নেরুদা 2 সপ্তাহ 3 দিন আগে

@ রমলা

শ্রদ্ধা জানবেন ।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline