তিনে নেত্র
অনুরাগ
বুধ, ২০২৬-০২-১৮ ০৮:০২
বুধ, ২০২৬-০২-১৮ ০৮:০২ ১
নকশা কাঁথা
অবসরে অপেক্ষার বারান্দা
চেয়ে আছে ধুলো পথ
গায়ে গায়ে পেট্রোল সুগন্ধ
ক্লান্ত বিকেল
সন্ধ্যের চোখে ঝিম
পূরণ হবে না জেনেই
স্মৃতি গাঁথে
রাত জাগা পিরীত
২
বালি ঘড়ি
ঘড়ির কাঁটার ব্রেক নেই
অথচ কখন থমকে গেছে সময়
দেয়াল জুড়ে সাহারার বালিঝড়
এই ধুলো মোড়া চেয়ার
এই হলুদ হলুদ পাতা
এই কাঁপা ~লেখার হাত বেয়ে
নেমে আসে অতীত জোনাকি
আরো এক জিরাফ রাতে~
৩
ক্ষণজন্মা
প্রতিটি কৌনিক দুরত্বে
দাঁড়িয়ে আছে খরগোশ জীবন
ঠেলে ঠুলে প্রথমে একটা বিন্দু
তারপর তাকে ঘিরে বৃত্ত এঁকেছি
এই অচেনা প্লাটফর্মে
প্যারাবোলা পথে চলে যায় ট্রেন
হাতের ব্যাসার্ধ ~ বাড়ে
তবু
আঙুলের ফাঁকে
কর্পূর হয়ে যায় মুহূর্ত
- অনুরাগ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 221





রুকু 2 সপ্তাহ 5 দিন আগে
পড়তে বেশ লাগল, বিশেষতঃ ১ ও ৩
Hiya _Raja 2 সপ্তাহ 5 দিন আগে
প্রত্যেকটাই অনবদ্য !
ঝর্না 2 সপ্তাহ 3 দিন আগে
৩ বেশি ভালো লাগলো।
অনুরাগ 2 সপ্তাহ 2 দিন আগে
রুকু , হিয়া ও ঝর্না
ভালোলাগা জানবেন !
নতুন মন্তব্য পাঠান