তস্করের ভ্যালেন্টাইন

ভ্যালেন্টাইন কবে আসবে অপর্ণা
আমি তিনমাস গোলাপি কুশনে শুয়ে থাকব - প্রতি সন্ধ্যায়
কে যেন ফাজলামো করে স্ট্রবেরি-সিরাপ
ঢুকিয়ে দেয় আমার শরীরে - আমি চুপ করে বসে থাকি - লাল আলোয়,
সুতানুটির কিম্ভুত কবিতার পাশে শুয়ে হেমন্তের ঢেকুরের শব্দ শুনি
চুপসে যাওয়া রেড ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত ধরে
লাভ-সং বাজায়, লালচে চায়ের লিকারে হিয়া হারানোর স্নান, আর
হৃদয়-হৃদয়ে হৈ-হল্লা — তিন মাল্লা নতুন করে? তারপর হঠাৎ
সব সুগন্ধি মোমবাতি ইনস্টাগ্রামের ফিল্টারের মত নিভে যায় একসঙ্গে - অফার শেষ
ডিসকাউন্টে কেনা ভালোবাসা কতদিন টিকবে?
হাওয়াতে উড়ে যায় জ্যোৎস্নামাখা দর্জি - “বেবি”, “সুইটহার্ট”, “জান”
প্লাস্টিক বাঁশির শব্দ সে সিলতে সিলতে যায়
আর কানে কিছু আসে না - তখন ডার্ক চকোলেট দেখলেই কামড় দিতে ইচ্ছে করে,
ডার্কার ডিসায়ারস্ বাট শ্রীহরি-কবিতার স্মার্টনেস নেই
মনে হয় - গিফট র্যাপারের ভেতর ঢুকে যাই শরীর মুড়িয়ে
মুখ নীচু করে সেলফি তুলি সারাক্ষণ - ভালো লাগে না অপর্ণা,
ঝর্না কেন রোজ লেখেনা আমাদের জইন্যে
আমি তো কবিদের মত না, গোলাপ না, টেডি না -
কার্ডের ভাঁজ হয়ে পড়ে আছি দুমড়ে চুমড়ে গুমরে
পান্ডুলিপিরা অদৃশ্য হয়ে আসছে ক্রমশঃ - ঘোড়ার খুর নয়
ডেলিভারি-বয়ের বাইকের শব্দ শুনলেই
বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ক্যালেন্ডারের তারিখ
আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন - আমার ভালো লাগে না -
“ফিফটি পার্সেন্ট অফফ” এইমাত্র খবর দিয়েছেন কুমু
প্রেমের ঝকঝকে সেল আর বাই-ওয়ান গেট-টু খেলা সারাবেলা
কিভাবে গদ্য আর রিলস কোবতের গলা টিপে ধরছে তো ধরছেই
ভ্যালেন্টাইন কবে আসবে অপর্ণা
আমি তিনমাস “আই ডোন্ট লাভ ইউ” লিখে লেখাটার উপর ঘুমিয়ে থাকব
কবিতার মর্চুয়ারিতে আমার ঘুম নিয়ে অপর্ণা তুমি
গোলাপগন্ধের ফুটফুটে একটা অবিচুয়ারি লিখো
---------
stolen and lifted from কবি ভাস্কর চক্রবর্তী
সেই বিখ্যাত মাস্টারপিস, যারা জানেন, তারা জানেন
‘‘শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব - প্রতি সন্ধ্যায়
কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত
ঢুকিয়ে দেয় আমার শরীরে - আমি চুপ করে বসে থাকি - অন্ধকারে
নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায়
হৈ-হল্লা - তারপর হঠাৎ
সব মোমবাতি ভোজবাজীর মত নিবে যায় একসঙ্গে - উৎসবের দিন
হাওয়ার মত ছুঁতে যায়, বাঁশির শব্দ
আর কানে আসে না - তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার
মনে হয় - জলের ভেতর - শরীর ডুবিয়ে
মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ - ভালো লাগে না সুপর্ণা, আমি
মানুষের মত না, আলো না, স্বপ্ন না - পায়ের পাতা
আমার চওড়া হয়ে আসছে ক্রমশঃ - ঘোড়ার খুরের শব্দ শুনলেই
বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা
আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন - আমার ভালো লাগে না- শীতকাল
কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব’’
- আংশিক



ঝর্না 3 সপ্তাহ 1 দিন আগে
তুমুল...সবাইকে মিলিয়ে দিলেন এক পাতায়...
আপনারও লেখা মিস করা হয়... ঠিক যেমন করে বলতে হয়-
তস্কর আবার কবে লিখবে অপর্ণা...
ততদিন ওয়েট ফর ইউ লিখে আমরাও অপেক্ষা করব...
তস্কর 3 সপ্তাহ 1 দিন আগে
তস্করের তরফে আপনারে একটা সুবিশাল থ্যাংক ইউ
কিছু বাবু 3 সপ্তাহ 1 দিন আগে
কাল রাতে
আমার কবিতা চুরি গ্যাছে
যত সব সভাসদ আর যত হিয়া নিয়া ন্যাকামি ধ্যাস্টামি
ফিকে লিকারের নেশা মিঠে ডিগবাজি যত নবমী দশমী
সুবিধার একাদশী
দেশী ও বিদেশী
জল জল আঠারো বছর ভক্তি যোগ
চোদ্দ তারিখের যত দুষ্ট প্রেমরোগ
আর এই কিছু ভদ্র ভালুকের যত নিয়মিত জ্বর
এইসব কাঁথা মুড়ি, ঝালমুড়ি,
নাটুকে চিৎপুরী কিছু সেন্টুর চ্চ্চড়ি
ফেলে রেখে কে এক প্রতিভাবান "অপর নার" পর হিত আপন নটবর
ছিঁড়ে দিয়ে গেছে সেই মস্ত তস্কর
কবিতার মোটা ব্যাগ,
চুরি গ্যাছে আমার কবিতার মস্ত ছবিটা
ওহ কবিতা, হ্যাঁ কবিতা বয়কাটে সিংহিবাহীনি হেসে হেসে চলে গেছে সে তস্করের সাথে নিয়ে
আমার যা ছিল সবই তা
ঝর্না 3 সপ্তাহ 1 দিন আগে
থ্যাংক ইউ নিলাম

কিন্তু এত ভারী ছিল যে মাথায় নিতে হলো
এদিকে কিছুবাবু কিছু না বলেও বহু কিছু ...
অপর- নার ! উফ্ কি কান্ড
ইনিই কি বঙ্গের শশী থারুর ?
Kumu 2 সপ্তাহ 6 দিন আগে
তস্করজী,
ভালোবাসার বিশাল তস্কারী তো মনে লেগে গেল !
তস্করজী , জীবনটাই ফিফটি পার্সেন্ট অফফ!
কেমন আছো হে কবি ?
Kumu 2 সপ্তাহ 6 দিন আগে
তস্করজী,
ভালোবাসার বিশাল তস্কারী তো মনে লেগে গেল !
তস্করজী , জীবনটাই ফিফটি পার্সেন্ট অফফ!
কেমন আছো হে কবি ?
“অফার শেষ
ডিসকাউন্টে কেনা ভালোবাসা কতদিন টিকবে?“????????????????
নতুন মন্তব্য পাঠান