বদনাম

রক্তিম
বদনাম
- (রক্তিম)
শুধু তোমায় মনে নেই
আদরের বাগানবিলাসি ফুল ফুটিয়েছে
কথা ছিল সাদা হবে,হয়েছে টকটকে লাল।
মরুগোলাপের পাতা হলুদ হয়ে ঝরে যায়;
তুমি যেমন করে ভালবাসতে
হয়তো সেই যত্নের অভাব।
ওদের হয়তো তোমায় মনে পড়ে।
শুধু আমিই তোমায় ভুলে গেছি।
কামিনীর ডালে বুলবুলিটা আসে
এদিক ওদিক চেয়ে হতাশ হয়;
ও হয়তো তোমায় খোঁজে
তারপর উড়ে যায় কোথায় কে জানে।
তোমায় ওর মনে আছে আমিই ভুলে গেছি।
মাধবীলতা গোড়া থেকে কাটা হয়েছিল
কার জানলায় বুঝি সে উঁকি দিয়েছিল।
ফুলের ঝাঁপী নিয়ে গিয়েছিল আব্দারে।
কালো ভ্রমরের হুল আতঙ্কে শেষ হোল।
এই বরষায় সে ভরসা পেয়ে
আবার মাথা তুলেছে কিশোরী ভাবে
হয়তো রাশি রাশি ফুল ফোটাতে চায়।
ও মনে রেখেছে অথচ তোমায় ভুলে গেছি।
এই বদনাম পেতে আমার বেশ লাগে।



ঝর্না 49 সপ্তাহ 6 দিন আগে
দারুন লিখেছেন
নতুন মন্তব্য পাঠান