নিদেনপক্ষে লণ্ঠন !

সময় দেখেছে সময়ের সাথে অশালীন কিছু চুক্তি
নদী তো আসলে মরে খুঁজে চলে অববাহিকায় মুক্তি
আমি তো আমার চলা থামাবার কথাটুকু জানি নিশ্চিত
বাকি যে যাহার লাটের বাহার ধরা ছোঁয়া খেলা কিতকিত!
ডেকেছি কি তোকে চোখের পলকে লাবডুবনির ছন্দে
যে যেমন আছি খুব কাছাকাছি কাঁদাহাসা ভালোমন্দে
সবার উপরে উত্তম আর ভাবার ওপারে আশনাই
তাহার ওপরে লুকোছাপা ছাপি আহ্লাদী মাথা খাস না !
কে কবে দেখেছে পৃথিবীর মাথা কেন ঝুলে মহাশূন্যে
খেলা জমে গেলে পাগলে পাগলে কার কি বাপের পুণ্যে
আমি তো জেনেছি সে রসই ছেনেছি বহরে বেড়েছে জেল্লা
বোমফটকাই সব মাথা খাই - মার দিয়া ভাই কেল্লা !
আসলে নকলে সব দলে দলে তলে তলে করকম্পন
চিড়িয়াখানার গরাদটানার খাঁচায় ব্যাঘ্র ঝম্পন
জ্ঞানবৃক্ষের লোকশিক্ষের গুরু গুরু গুরুগর্জন
ধুঁয়াদার অতি সেবনে যে ক্ষতি করে ফেলো তাই বর্জন!
এ তুফান ভারী, বয়ে গেছে ভারী কে কোথায় ছোটে গোল্লায়
লুটোপুটি আর চাটাচাটি বস উন্নতি রসোগোল্লায়
বৃদ্ধ বায়স জল ঘাটে আর জেল খাটে কালো চঞ্চু
প্রতিকার কাঁদে একাদশী চাঁদে ঝুলে থাকে পুষু মঞ্চু !
গলদ কোথায় হেথায় হোথায় শপথে শপথে ছয়লাপ
পথে পথে ছোটে গলদঘর্ম বর্ম সাজায় কার বাপ্
দিন বয়ে যায় চাঁদ ক্ষয়ে যায় বোটক্স ফোলায় কণ্ঠ
শোন নেক্সট জেন হাতে হারিকেন নিদেনপক্ষে লণ্ঠন !



ঢ্যাঁটানন্দ 46 সপ্তাহ 6 দিন আগে
নিজে পাঠের সময় দেখলাম ছন্দটা একটু বেঁধে দিলে মন্দ হয় না - যদি এভাবে পড়া যায় -
"সময় দেখেছে / সময়ের সাথে / অশালীন কিছু চুক্তি
নদী তো আসলে / মরে খুঁজে চলে / অববাহিকায় মুক্তি
আমি তো আমার / চলা থামাবার / কথাটুকু জানি নিশ্চিত
বাকি যে যাহার / লাটের বাহার/ ধরা ছোঁয়া খেলা কিতকিত!"
হ্যাপি রিডিং !
ঝর্না 46 সপ্তাহ 6 দিন আগে
খুব ভালো লিখেছেন।কাল পড়ে গেছি। দূর্দান্ত প্রতি প্যারা
ঢ্যাঁটানন্দ 46 সপ্তাহ 6 দিন আগে
থ্যাঙ্কু ! ভাল থাকুন !
নতুন মন্তব্য পাঠান