পুরুষ দিবসে

একজন কবিতা-কুটুম্ব's picture
দাবিহীন

অদ্ভুত জীবন এক, বিন্দু মহাকাল অনুভব
আর কিছু প্রত্যাশা, কিছু পাওয়া কিছুটা অভাব,
কিছু নেওয়া, নিয়ে দেওয়া, সৃষ্টির অমোঘ বিধান,
আর স্তূপীকৃত স্মৃতি, স্মৃতি করে তোলা বর্তমান।

পুরুষ পুরুষ শুধু, নিশ্চল তরঙ্গিত গান
ধরে থাকা ঘিরে রাখা পৃথিবীর সুপ্ত অভিজ্ঞান

পুরুষ পুরুষ শুধু রক্তে নিয়ে লুকোনো বহন
জ্বলে যাওয়া, নিশ্চুপে, নির্ধুম নিগূঢ় দহন
পুরুষ প্রস্তর শুধু একেশ্বর তপ্ত লাভা স্নান
নীল নীল মগ্ন নীলে আকন্ঠ হলাহল পান
ধমনীর মধ্যে নিয়ে অতি সান্দ্র জীবনের মায়া
ঘিরে রাখা ঘিরে থাকা ভালবেসে সৃষ্টির এ মায়া
মোহমায়া মহামায়া কালের এ অক্ষপট জুড়ে
চেয়ে চেয়ে চেয়ে থাকা তোমার বিনিদ্র প্রহরে
দাবিহীন নামহীন পরিণতিহীন অগ্নিস্নান
পুরুষ পুরুষ শুধু প্রকৃতির মৌন অভিমান

ASIT KUMAR ROY's picture
পুরুষ আর হতে পারলাম কোথায়? নই

ASIT KUMAR ROY 50 সপ্তাহ 5 দিন আগে

পুরুষ আর হতে পারলাম কোথায়?
নই সুপুরুষ যে চাঁদ নিজে ধরা দেবে
যাও বা আছে তাও তিক্ত ছেঁড়া তমসুক
ছাতা একটা আছে বটে মুষল ধারায় অকেজো
এ জীবন দামী খুব! কি জানি!
তাইতো টুপটাপ ঝরে পড়েনি বকুলের মালা
ঝড়ের মুখে এলো চুল উড়তে দেখিনি
ধন্দ নাকি দ্বন্দ!
হয়তো আমি গ্রহণের অযোগ্য।
ধন কুবের নই লক্ষ্যভেদী অর্জুন নই
তাই নিজেই কাটি নিজের গাছের ডাল
নিতান্তই ছাপোষা এক কালিদাস।

এতদিনে দিনে দিনে জেনে গেছি সত্য
আসলে পুরুষ হতে লাগে সৎ দায়িত্ববোধ
যে তিল তিল করে গড়ে তুলবে বাঁধ
যে ঢাল হয়ে দাঁড়াবে ঝড়ের মুখে
যে অন্যের মুখে হাসি ফোটাতে কান্না লুকাবে
পাতায় পাতায় ছড়িয়ে দিতে হয় বটচ্ছায়া
নিতান্তই এক নিমের চারা
বাতাসে দুলতে থাকি ঝড় বৃষ্টি সামালাই
সময়ে ফুল ফোটায় পাখীরা ফল খায়
কিছুক্ষনের তরে ওরা জিরিয়েও নেয়
এই আমার উদার আকাশ হয়ে ওঠা।

পৃথা's picture
দাবিহীন নামহীন পরিণতিহীন

পৃথা 49 সপ্তাহ 4 দিন আগে

দাবিহীন নামহীন পরিণতিহীন অগ্নিস্নান
পুরুষ পুরুষ শুধু প্রকৃতির মৌন অভিমান

খুব চমৎকার দৃপ্তস্বরে বলেছেন
ভাল লাগল

পৃথা's picture
দাবিহীন নামটা পরিকল্পিত না

পৃথা 49 সপ্তাহ 4 দিন আগে

দাবিহীন নামটা পরিকল্পিত না coincidental Smile

ঢ্যাঁটানন্দ's picture
@ পৃথা, সরি, মিস করে গেছিলাম

ঢ্যাঁটানন্দ 47 সপ্তাহ 5 দিন আগে

@ পৃথা,
সরি, মিস করে গেছিলাম ! উত্তরটা দেওয়া প্রয়োজন - হিয়ার একটা পুরোনো কবিতা আমার খুব পছন্দ - সেটাতে উত্তর পেতে পারেন

আমিই সেই
(হিয়া রাজার কবিতা)

আমার কোনও দাবি নেই,
তাই কোনও অভাবই নেই,
নির্বিকল্প অবাধ পুরুষ,
অতীত কিংবা ভাবী নেই।

আমার কোনও অহং নেই
কঠিন কিংবা সহজ নেই।
একমেবাদ্বিতীয়ম আমি,
পূর্ব কিংবা পরং নেই।

আমার কোনও পক্ষ নেই !
সখ্য, নিরপেক্ষ নেই,
আমিই সেই প্রেমী পুরুষ,
আমার প্রতিপক্ষ নেই।

আমার কোনও কাম নেই,
দণ্ড, দান, আর সাম নেই,
আমিই সেই ভেদী পুরুষ,
তাই কোনও বিশ্রাম নেই।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <img> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline