"ধূসর পেঁচা"

দোলনচাঁপা
"ধূসর পেঁচা"
আমি এক ধূসর পেঁচা,
রাত জেগে কত কথা কই—
তোমরা যখন ঘুমে ডুবে,
আমি তখন জেগে রই।
প্রাচীন বটের শাখায়
বসে গুনি সময়,
মহাকালের সঙ্গে আমার
রাতে দেখা হয়।
ডালের ছায়ায় লুকিয়ে থাকে
প্রাচীন কত গল্প,
জোনাকির ক্ষীণ আলোয়
ধরা পড়ে তার অল্প।
হাওয়ার ঝাপটা ফিসফিসিয়ে
গায় অচেনা নিঃশ্বাসের গান,
যেন রাতের বুকে জমে থাকে
রহস্যের অদৃশ্য টান।
চাঁদের আলোয় ভেসে ওঠে
তোমার মুখের রেখা,
গহন রাতে জেগে আমি
ধূসর পেঁচা একা।
আমার ডাকে কম্পন
ওঠে চিরচেনা নিস্তব্ধতায়,
ভয় পেও না —আমি কেবল
থাকি সত্যের পাহারায়।
লোকে বলে—আমি নাকি
অমঙ্গলের গোপন ছায়া,
নিঃশব্দ ডাল ভেঙে উড়ে
নগ্ন রূপে খুঁজি না মায়া।
আমি এক ধূসর পেঁচা,
সাক্ষী থাকি মৌনতার,
রাত জেগে গল্প বুনি—
ভালোবাসি অন্ধকার।



নতুন মন্তব্য পাঠান