তৈলাক্ত

মৈনাক's picture
মৈনাক মঙ্গল, ২০২৫-১১-১৮ ১৫:৫২

বলছে যদিও অয়েল ফ্রি কিন্তু
আড়ালে আবডালে তেল চলতে থাকে,
কড়াইয়ের গা বেয়ে চুঁয়ে পড়ে,
ওভেন গড়িয়ে বেয়ে নামে মেঝেয় তবুও
তেলের নামা আছে থামা নেই।

তেল যখন আপ্তবাক্য না মেনে গড়িয়ে নামে
ফোঁটায় ফোঁটা মিশে জ্যাবজেবে হয়,
তখন শুরু হয় বৈষম্যের শ্রেণী বিন্যাস এই যেমন
পাম বাদাম নারকেল সরষে সূর্যমুখি ইত্যাদি;
তথাকথিত পাম জায়গা নেয় সুলভ শ্রমিকের।

সভ্যতা তেলের নামে তেলকে ডাকতে কুণ্ঠিত হয়
সেখানে সে লিপিড নামে অভিহিত;
লালু ভুলু কালুদের নাম বদলে হয় টমি জিমি জ্যাক।
তেমনি করে উচ্চশ্রেণীর 'স্নেহ' বৈষম্য চলে নাম নিয়ে,
পুফা মুফা এলডিএল ভিএলডিএল এইচডিএল...
আরো কত যে কি, তবু তেল টসকে পড়তেই থাকে
মাথা ঘাড় গলা বেয়ে নিতম্ব হয়ে উরু থেকে পায়ে।

তেলের জায়গা শুধু কি গায়ে, সারা বিশ্বময়;
মাথার তেল পায়ে গড়িয়ে জৈব থেকে খনিজে,
তেল চপচপে পদধুলি থকথকে কাদা হয়ে
আবার মাথায় স্থান পায়; দুধেরও তেল থাকে
কসমেটিক্সে, যা গ্রীবা গণ্ডদেশ গড়িয়ে কোমল ত্বকের
নিষিদ্ধ হাতছানিতে আরব্য রজনীর হামাম কিম্বা
ওয়েবসিরিজের চটকদার অন্দরমহলে ঢুকে পড়ে।

তারে বহুনামে খুঁজে ফেরে চর্বি কি ঘৃতে,
দুধেরও যে স্তর থাকে সরে বা ননীতে;
তবু মাখনের ক্লাস হয় রেড়ি যে আনাড়ি,
যাইহোক যাই নাম আসলে তো তেলই।
পালিশেও তেল লাগে, লাগে তা মালিশে
পা'য়ে তেল হরদম সালিশি বা নালিশে।
ভজ তেল-ভজ তেল-ভজ জপ নাম তেল
তিল থেকে তাল হয় মাখানোতেই খেল,
আহা তেল-ভজ তেল-ভজ জপ নাম তেল।

__________________

মৈনাক

ASIT KUMAR ROY's picture
সুন্দর লাগলো।

ASIT KUMAR ROY 47 সপ্তাহ 1 দিন আগে

সুন্দর লাগলো।

ঝর্না's picture
বেশ

ঝর্না 46 সপ্তাহ 6 দিন আগে

বেশ Smile



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline