ভ্রম -৬
সোম, ২০২৫-১১-১৭ ১৫:১৩ অনেক কবিতা দাঁত মাজতে মাজতেই হারিয়ে গেলো। লিখে ফেলবার দূরত্বটুকু অনেক। কখনো চটি, কখনো তোয়ালে আবার কখনো ট্যাপ বন্ধ করতে করতে হারিয়ে গেছে কিছু অপ্রতিম লাইন। সাচ্ছন্দ্য ভালো নাকি গিরিখাত ? শাঁখের আওয়াজ নাকি কচুরিপানায় গ্রাস করা পুকুর ? আধিদৈবিক গুহা নাকি মশারি ? কিছু পংক্তি হারিয়ে গেছে আমার শীতাতপে। কিছু অন্ধকার হারিয়ে ফেলেছি বকুল স্নেহে। তবু যদি এই স্নেহ এসে শিহরিত করে আমার সান্ধ্য হাঁড়ি , মানবিক ICU তে রেখে দেওয়া জিওল মাছেদের কেউ আশ্বাস দেয় ঘুমপাড়ানিয়া গানের , তাহলে কি বিমর্ষতা আঁকড়ে থাকা চলে ? ওই নদীটির পাড়ে আমি বসে থাকি সমস্ত কবিতা বর্জন করে। দেখি অকালের ঢেউয়ে ভাসিয়ে নিয়ে গেলো জায়মান চর। দেখি বিকেলের আধপোড়া দেশলাই পান দোকানের ডিবা থেকে কিভাবে অনিমিখ ভেসে গেলো সলিলে। দেখি বিসর্জন না দেওয়া ঠাকুর আবহবিকারের বিজ্ঞাপন হয়ে পড়ে রইলো বৃষ্টিপাতের তিতিক্ষায়। এই বালুচরে বসে থাকাকে কবিতা বলে না। কবিতা হলো রাতের পর রাত নির্ঘুম ঘুঘু অথবা দুর্গম পার্বত্য গুহায় বসে নিরলস লিখে চলা তিব্বতগামী রাহুল। এই সুচারু দেখাকে কবিতার মতো লাগে। যদিও তাদের জন্মজড়ুল কম। সোনাকাঠি নেই কোনো শিয়রে। কপোলে নেই কোনো শুষ্ক নদীর অববাহিকা।
- sutanuti-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 324





রুকু 47 সপ্তাহ 3 দিন আগে
এইজন্য ব্রাশিং স্বাস্থ্যের পক্ষে হানিকর, বা অন্ততঃ সাহিত্যের পক্ষে

সেই লজিকে ফোকলারা বেটার কবি
জোকস্ অ্যাপার্ট ভ্রম - ৬ দিব্য লাগল
রুকু 47 সপ্তাহ 3 দিন আগে
‘‘কবিতা হলো রাতের পর রাত নির্ঘুম ঘুঘু অথবা দুর্গম পার্বত্য গুহায় বসে নিরলস লিখে চলা তিব্বতগামী রাহুল।’’
ফিলটা বেশ, গুহা অবদি, আমার কাছে

তিব্বতগামী রাহুল বলতে আপনি হয়তো ‘বুদ্ধ’ বুঝিয়েছেন, তবে এটা মস্তিষ্কের ব্যায়াম বলেই ঠাহর হল, কারণ ঐ অপ্রচলিত ‘রাহুল’ আর আম্মো জন্ম-অলস, ব্যায়ামে অনীহা
উপরন্তু রাহুল বা বুদ্ধ - ডান বা বাম - আমার বরং নোটাতে ভরসা, হে হে
হৈমন্তী 47 সপ্তাহ 3 দিন আগে
চমৎকার ব্রো

একটা পয়েন্ট নিয়ে একটু ইচ্ছাকৃত ডিবেট করলাম
বিতর্ক মাঝে মাঝে চাঙ্গা লাগে
সৈয়দ মুনসিফ আলী 47 সপ্তাহ 2 দিন আগে
অন্যভাবে দেখেছেন, এইভাবে দেখতে পারা দুর্লভ
পৃথা 47 সপ্তাহ 2 দিন আগে
perspectiveগুলো দারুণ, এটাই মনে হয় যে কি করে এসব পারেন ভাবতে!
J Ghosh 47 সপ্তাহ 2 দিন আগে
‘সাচ্ছন্দ্য ভালো নাকি গিরিখাত ? শাঁখের আওয়াজ নাকি কচুরিপানায় গ্রাস করা পুকুর ? আধিদৈবিক গুহা নাকি মশারি ?’
জটিল এম সি কিউ
তবে নিঃসন্দেহে ‘‘কবিতা হলো রাতের পর রাত নির্ঘুম ঘুঘু অথবা দুর্গম পার্বত্য গুহায় বসে নিরলস লিখে চলা’’
মৈনাক 47 সপ্তাহ 2 দিন আগে
আমার তরফ থেকে যথোপযুক্ত সম্ভ্রম রইল, ব্যাপক!
মৈনাক
নতুন মন্তব্য পাঠান