কিছু বেশি, কিছু কম

কিছু বেশি
ক্রমশঃ সেই নীলাভ নৌকারা ফেরারী হয়, যেভাবে রক্ত নিশ্চুপে ঢুকে পড়ে নিলয়ে, আর ধমনীতে মিশে যেতে যেতে পাকস্থলী আর অন্ত্রের দিকে ধেয়ে চলে, পুষ্টি শুষে নেবে বলে, আমাদের দুদিনের সংসার ষোলো আনা সুখের দিন পেরিয়ে, বাথানের গান ছাড়িয়ে, খসে পড়া তারার বুকে সঙ্গোপন ইচ্ছা জানিয়ে, অবশেষে দেখছে এ পৃথিবীতে মৃত মানুষের স্তুপ, মৃত ও হারিয়ে যাওয়া ভাষাদের নীরব মিছিল, যেভাবে সহস্র পুষ্পপ্রজাতি হারিয়ে গেছে বিস্ময়জাত রেটিনায় কোনো প্রতিভাস না রেখেই, আর তারপরে অম্লজানের সন্ধানে আমাদের লৌকিক রকেটযানের অলৌকিক যাত্রা, গ্রহপারের সোয়াম্পে জমে থাকা ক্রিস্টালে আমাদের একান্ত সাঁঝের ও সাধের কম্পমান ছায়া .... ....
কিছু কম
সে বানাতে পারতো শ্যাডো বোট, রণতরী নয়, সুমেহ সাবমেরিনও নয়, গোপন সে কাঠ কারিগর জানতো বৃক্ষের স্তুতি, বল্কলের আরাধানা, আর তার শ্যাডো বোটের কারুকার্য থেকে আমরা তুলে নিতাম কৈশোরের ছায়া, প্রথম দেখা কিশোরীর ডুরে শাড়ির মায়া, তখন মহামারী থেকেও ছিলোনা, মানুষের পুতুলেরাও দু বেলা মুখে তুলে নিত জুঁইফুলসাদা গরম অন্নের গ্রাস, আর ক্লান্তরেণু মেখে ফিরে আসা পিতার দিনান্তের স্বেদে লেগে থাকত গোধুলির অপার মহিমা, পরবর্তী ঊষার আশ্বাস, যেন অক্লান্ত শ্যাডোবোট ছায়া ঢেউ ভেঙে ভেঙে চলেছে অভিসন্ধিহীন আশ্চর্য অভিযানে ......... ....



ASIT KUMAR ROY 1 বছর 2 সপ্তাহ আগে
অপূর্ব স্বচ্ছ পবিত্র আলোকের উপস্থিতিতে
মিশে যাচ্ছে জীবনের আলো ছায়া প্রতিবিম্ব।
টলমলে জলে ছায়া ভেঙে ভেঙে ফোটে শতদল
রঙ খুঁজে নেয় জীবনের রেনু থেকে রেনু।
বুকের গভীরে উঁকি মারে আদুরী প্রেম
বলে ভালো আছো এসো আমায় গ্রহন করো;
আজ যে আমার অস্তিত্ব বড়ই বিপন্ন হে
হিংসা আর স্বার্থপরতায় দুষিত আবেগ।
সুইচ টিপলেই শুনি ঘন ঘন কুহুধ্বনি
ওই বুঝি এলো ঘনশ্যাম বসন্ত বুঝি এলো দ্বারে।
দে দে সখী দে, দে আমায় নতুন করে দে
নীলাম্বরী শাড়ি হাতে পড়ায়ে দে ফুলমালা কঙ্কন।
যাবো অভিসারে সে'যে দাঁড়ায়ে আছে যমুনাতীরে।
সবই ভুল ভাবনা মিছিল ইঁদুরদৌড়ে সবাই সামিল।
নতুন মন্তব্য পাঠান