স্পর্শ
শনি, ২০২৫-০৯-২০ ১৬:৩২ স্পর্শ
তোমার নাকি কোনকিছুই ভালো লাগছে না !
দ্যাখো কেমন অন্ত্যমিলের জীবন আমাদের !
আমারও কিছুই ভাল লাগে না আজকাল ।
অজুহাতে কিংবা অছিলায় জড়িয়ে ধরি না
কোলবালিশ কিংবা পাবলোর সনেট !
আগের মতন আনমনে বিড়বিড় করে বলে উঠি না
ডোন্ট গো ফার অ্যাওয়ে কবিতার লাইনগুলো !
মাঝে মধ্যেই কী সব খেয়াল যে জড়িয়ে ধরে !
কী কী ভালো লাগে সেসবের তালিকায়
শুকনো রুমালের ভাঁজে জমে থাকা বিষাদ ছাড়া ,
আর কোন কিছুই হাতড়ে খুঁজে পাই না !
হাত ফস্কে পড়ে গিয়েছে সাধের স্বর্ণচাঁপা !
গা ঘেষাঘেষি বাড়িগুলো হয়ে উঠেছে
রোগগ্রস্ত ছায়ার মতো !
ব্যালকনির পাতাবাহার ছুঁয়ে দেখি ,
শুকনো হাওয়ার স্পর্শে সেখানে জমেছে
বিষাদের ধুলো !
হুট করে দমকা হাওয়ায় কাটা পড়েছে প্রিয় রঙের ঘুড়ি !
সংকীর্ণ রাস্তায় হারিয়ে গিয়েছে ঘুমপাড়ানি গল্পগুলো !
আজকাল আমারও কোন কিছুই ভালো লাগে না !
চেনা গাছগুলোর নাম মনে পড়ে না !
রাস্তায় বেরোলে ফেরার ঠিকানা যাই ভুলে !
দিনগুলো যেন জঞ্জাল আর রাত প্রেতাত্মার মতো !
সবসময় যেন ভাঁটার ডাক বাজে কানে !
কিছুই ভালো লাগে না আজকাল ,
তোমারও ঠিক তেমনই !
দুজন দুজনকে ঘুমে ঠেলে ,
এবার কী তবে মেনে নেব ,
সময়ের ডাহা জালিয়াতি !
কেইথেলমানবি , কাঙ্গপোকপি , মণিপুর ---20/09/2025
- আকাশ নেরুদা-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 334





তপন 1 বছর 3 সপ্তাহ আগে
"আগের মতন আনমনে বিড়বিড় করে বলে উঠি না
ডোন্ট গো ফার অ্যাওয়ে কবিতার লাইনগুলো !"
মনের কথাগুলোই যেন লিখলেন
বড় ভাল লাগল
আকাশ নেরুদা 1 বছর 3 সপ্তাহ আগে
@ তপন
শ্রদ্ধা জানবেন ।
বীথি 1 বছর 2 সপ্তাহ আগে
মর্মস্পর্শী আকাশদা
রেবতী 1 বছর 2 সপ্তাহ আগে
কেইথেলমানবিতে শুভেচ্ছা পাঠালাম, মন্তব্য মারফৎ
এমনভাবেই লিখতে থাকুন
মানবিক আবেদনে সমৃদ্ধ আপনার কলমকে কুর্নিশ
kalyan 1 বছর 2 সপ্তাহ আগে
স্পর্শের স্পর্শ তার রেশ রেখে গেল
বনলতা 1 বছর 2 সপ্তাহ আগে
আশা করি ভালো আছেন, কেইথেলমানবিতে শরতকাল কেমন
আপনার লেখাটি পড়তে খুবই ভাল লেগেছে
নতুন মন্তব্য পাঠান