এবং তারা এসেছিল
মঙ্গল, ২০২৫-০৮-২৬ ০৪:১৬ সময় কম
শিল্পকে স্মার্ট হতে হবে
স্মার্ট পোয়েট্রি
আপনি যতদূর মোটর সাইকেলে যেতে পারবেন
ততদূর আপনার পথ
…………………. আখেরুল হক
এবং তারা এসেছিল
………………………………………………..
উজ্জ্বল একটি দিন তাদের জন্য অপেক্ষারত
বলাকাদের নীল ভাবছি
যেহেতু তারা নীল আকাশে উড়ছে
আমরা যাকে দ্বিধা বলি
গতকাল থেকে আজকের দিনের পরিবর্তন
এবং তারা এসেছিল তিন চার জন
ঘড়ির কাঁটা ধরে ঠিক ওই সময়
এক সেকেন্ডও নষ্ট হল না তাদের
এবং আমাদেরও , ঘড়িগুলো স্মার্ট ওয়াচ
যখন তারা ঘরে ঢুকলো
দেয়ালগুলো কয়েক ফুট বাড়ানো হল
আয়না সরানো হল কোণের দিকে
চেয়ারগুলো সাজানো হয়েছে পরস্পর
সামনের টেবিলটার ওপর আস্থা রেখে সকলে বসে
কালো চশমা তাদের সমগ্র চরিত্রকে ঢেকে রেখেছিল
প্রথম কথা, তারা নাস্তিক
তাই তাদের সময় জ্ঞান ভালো
দ্বিতীয়ত, তারা এত স্মার্ট
যে আমি সবকিছু আবার
প্রথম থেকে শুরু করিঃ
এক পশলা বৃষ্টির পরেই তোমার সূচনা
যখন ঘাসেরা ভিজে গেছে
জোঁকগুলো বেরিয়ে আসছে
তোমায় আকর্ষণ করবে বলে
তুমি শাশ্বত আবহাওয়ার দোষ দিতে পার না
কলার ধরে ফুচকাওয়ালারে গালি দিতে পার না
যে অবিরাম বুড়ো আঙুলে ফাটিয়ে দেয় জরায়ু
শুক্রাণুর সেই ডিম্বাকার মুন্ডটায়
আজকের আমার এত বড় মাথা
সরু চিকন পুচ্ছগুলো ব্যাঙাচির লেজ
যা এখনো অগচরে নড়ে
বালিশের তুলো শুঁকে নিশ্বাস নিই
গাজার ওপর যে প্রথম বোমা ফেলা হয়েছিল
সেখান থেকে ভাবতে আরম্ভ করি
আখেরুল হক
- আখেরুল হক-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 341





m.c. 27 সপ্তাহ 6 দিন আগে
Excellento
রেবতী 27 সপ্তাহ 6 দিন আগে
চিন্তনের মাল্টিডাইমেনশান, আরো পড়তে থাকি
kalyan 27 সপ্তাহ 6 দিন আগে
চমৎকার
নিশার 27 সপ্তাহ 5 দিন আগে
এই গদ্যধরণের বলা, আর কথারা নানা শাখা প্রশাখায় বয়ে চলেছে - বেশ অন্যরকম লাগে পড়তে
নিশার 27 সপ্তাহ 5 দিন আগে
‘তুমি শাশ্বত আবহাওয়ার দোষ দিতে পার না
কলার ধরে ফুচকাওয়ালারে গালি দিতে পার না’
বস্তুতঃ ঠিক তাই, বাকি কথা কবিতায় আপনি বলেছেন
রেবেকা 27 সপ্তাহ 5 দিন আগে
বিশেষণ হয়না, এতটা আলাদাই এর চলন ও বলন
পড়তে দুর্দান্ত লাগে
পৃথা 27 সপ্তাহ 5 দিন আগে
‘শিল্পকে স্মার্ট হতে হবে
স্মার্ট পোয়েট্রি
আপনি যতদূর মোটর সাইকেলে যেতে পারবেন
ততদূর আপনার পথ’
স্মার্ট পোয়েট্রি বোধহয় যুগের দাবী, তবে কতটা স্মার্ট হলে স্মার্ট বলা যাবে!
বনলতা 27 সপ্তাহ 5 দিন আগে
পড়তে ভাল লাগল আখেরুলদা
আখেরুল হক 27 সপ্তাহ 4 দিন আগে
সকল পাঠককে ধন্যবাদ জানাই ।
আসুন সবাই স্মার্ট হতে চেষ্টা করি
নতুন মন্তব্য পাঠান