মুশকিলটা রুমাকে নিয়ে নয়

মুশকিলটা রুমাকে নিয়ে নয়, তাই না? মুশকিলটা
ওর অবহেলার ধরণ নিয়ে, আকবর ওর জন্য একবার
অনেক মেহনত করে আতর তৈরি করেছিল, যেরকমটা ওর
সুডৌল-র সঙ্গে ম্যাচ করে যায়, ও অবহেলা করল, এমন
যে সেটা ইতিহাসের বইয়ের পাতায় ধরলনা, যেকোনো
ধারাস্নানের পরে, যেকোনো ঝড়ের পরে, আকাশের টলটলে
মুকুরে চোখ রাখলে আপনি রুমার নাম পড়ে ফেলতে পারবেন
কিন্তু পড়লেই ওর অবহেলার পাত্র হয়ে যাবেন, তো মুশকিলটা
রুমার অবহেলার ধরণ নিয়ে নয়, সেইসময়ে শহরে অ্যাতো
রিক্সা-হকার-পার্টিবাজি সমস্যা ছিলনা, ব্যালকনিতে শাড়ি শুকানোর
স্মৃতি, বাগানের অপলক শিউলি এইসব রোমন্থন করতে করতে
রুমার সঙ্গে আপনার সহসা দেখা হয়ে যেতোই, এ-আই
বা অত্যাচারী শাসক নয়, রুমার অবচেতনের ভিতর থেকে
উঠে আসা মায়ালণ্ঠন হাসি, কী আশ্চর্য! রুমা বা ওর
অবহেলা নয়, ঐ হাসির মধ্যে রুমার গতকল্য রাত্রির
অশ্রুকাহিনী, যেটা কিনা ও না বলেই বলে দিত, সেইটা
নিয়ে মুশকিলের শুরু ... কবিতার আদত সেইজন্য আজও ছুটলনা
রুমা, পৃথিবীর শেষ প্রদীপের মধ্যে, শেষ সাঁঝবেলার মধ্যে শেষ
ঝিম-আলো হয়ে বসে আছে, এ’ বুকের ভিতর কী অকৃত্রিম মরণসুখ .....



ASIT KUMAR ROY 46 সপ্তাহ 3 দিন আগে
অপূর্ব কথাকলি।
নতুন মন্তব্য পাঠান