রূপকথা
বৃহ, ২০১০-০৩-১৮ ০৫:২০ তোলপাড়ে মনে এল এক প্রাগৈতিহাসিক পান্থশালা।
ইতিহাসের প্রকৃত পাতা থেকে খুঁটিনাটি উঠে এল
এই আমার মানে এক অধুনা ষোড়শীর কষ্ট কল্পকাল
অথবা নিতান্ত এক আটপৌরে রূপকথা
সে সন্ধ্যায় বাইরে টিপটিপ বৃষ্টি, ভিতরে দরবারি তোড়ি
এসেছেন শের শাহ্ মহামহিম, তাই উৎসবমুখর পান্থশালা
মাথায় কি টুপি ছিল তার? টুপিতে পালক?
কি জানি, তা ঠিক মনে পড়ছে না। তবে মেঘ ছিল
ভিতরে বাইরে, রাগের গমকে ছিল তীব্র ঘনঘটা
খাপে রাখা সুদৃশ্য তরোয়াল, আলোর ঝালরে তিনি মূর্ত সাবলীল
আমি পায়ে পায়ে প্রায় তাঁর কাছাকাছি
এসময় ছোট-বড় সমস্ত গ্রহেরা, ‘কী করো, কী করো’ বলে ছুটে এল,
ঘিরে নিল সূর্যের অগ্নিগোলক
সূর্যের মুখে তাও স্মিত হাসি, হাত নেড়ে ডাকলেন এই ষোড়শীকে
তারপর জিটি রোড, প্রথম ঘোড়ার ডাক, অজস্র পান্থশালা নির্মাণকারী
অনন্ত পরিষেবা পাগল সে পাঁচ বছর মেয়াদী সূর্য,
যিনি কখনোই শোনেননি ম্যাগসাইসাই পুরস্কারের নাম,
হাসি মুখে বললেন, ‘তুমি কি আমার সেই হারানো ঝড়ের তাজ’?
মনে হলো দু-হাতে সন্ধ্যা ঠেলে সেকালের সহজিয়া কেউ
আমাকে চিনিয়ে দিলেন দৃপ্ত সে দশকের দরবার
ভয়ে ভয়ে বললাম, ‘জহাপনা, রোদ্দুর পড়ে এলে কি ঝড়ের কথাই মনে পড়ে?’
পরিণামে গ্রহদের প্রদক্ষিণ থেমে গেল, পরিণামে পান্থশালা দরবারিবিহীন
আমার চারপাশে ঘিরে ধরা পোকাদের ফিসফিস, ‘এ নয় সে কন্ঠ, এ নয় সে...’
সে রাতে থামেনি বৃষ্টি একটুও, সারারাত টিপটিপ, টিপটিপ...
বোকা মেয়ে আমি, সব ভুলে যাই, তবু মনে আছে তাঁর শেষ চিরকূট,
‘এমন তো হতেই পারে বাছা, আমি নেই, তবু আছে শের শাহ্!’
- সুবীর বোস-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 662





Ringa 16 বছর 21 সপ্তাহ আগে
জীবন্ত লেখা, হেব্বি লাগল
নীল 16 বছর 21 সপ্তাহ আগে
স্বাগতম সুবীরদা.........
নিরক্ষর
প্রবাল 16 বছর 21 সপ্তাহ আগে
কথা বলার স্টাইলে কিন্তু তার চেয়েও বেশি
এককথায় অনবদ্য
ঝর্না 16 বছর 21 সপ্তাহ আগে
খুব সুন্দর কবিতা! বহু বার পড়ে গেছি।
আগে কি এটা কোথাও পড়েছি সুবীরদা, কেন জানিনা মনে হল...
বাউন্ডুলে 16 বছর 21 সপ্তাহ আগে
দারুণ লাগলো। সাধুবাদ
সবুজ পাথর 16 বছর 21 সপ্তাহ আগে
অসাধারণ... কনির্কার লেখা নাকি?
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল
Pran 16 বছর 21 সপ্তাহ আগে
সাধুবাদ
বিনয় 16 বছর 21 সপ্তাহ আগে
সত্যিই খুব ভালো লাগলো ...
মাথা খারাপ 5 বছর 4 সপ্তাহ আগে
ওটা হবারই ছিল। ওই ছিল শেষ গন্তব্য
খনার বচন।
নতুন মন্তব্য পাঠান