বৃতির ঝরে যাওয়া দেখে
sutanuti
রবি, ২০২৬-০৫-১৭ ১৫:৩৩
রবি, ২০২৬-০৫-১৭ ১৫:৩৩ বৃতির ঝরে যাওয়া দেখে
ইচ্ছে হয় মেঝেতে
ভূপাতিত হোক এক গ্লাস জল।
যেভাবে ইহকাল জেগে থাকে
সিলিঙে ঊর্ণনাভের মতো
দেখে বাষ্পীভূত হয় বয়স।
উল্কাপাত দেখতে গিয়ে
চোখ খারাপ হবে কি
এই ভাবনায় আটকে থাকি
মফঃস্বল রজঃস্বলায়।
স্মৃতির উবে যাওয়া দেখে
ইচ্ছে হয় ব্যালকনি থেকে
প্রজেক্টাইলে ফেলে আসি নখ।
যেভাবে ঘনায়মান রাত
ছুঁতে পারে না আতপ
বাল্বের নিচে জিভ পেতে বসে থাকি
সালোকসংশ্লেষের আশায়।
বৃতির ঝরে যাওয়া দেখে
আমি জুতো ফেলে আসি
জনান্তিকে
গর্ভকেশরের সুসময়ে
পরাগ ছুঁয়ে যায়
অনাহুত পতঙ্গকে।
তার পুঞ্জাক্ষিতে
নিভে যায় ক্লান্ত দারোয়ান
প্রদোষ শেষ হলে।
- sutanuti-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 251




